র্যাবের গুলিতে পঙ্গু হওয়া কিশোর লিমনের ব্যাপারে র্যাবের বাড়াবাড়ি, তাকে সন্ত্রাসী প্রমাণের অপচেষ্টাকে সমর্থন করে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের পাঁচ বিশিষ্ট নাগরিক। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক তিন উপদেষ্টা আকবর আলি খান, এম হাফিজউদ্দিন খান, রাশেদা কে চৌধুরী এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির। লিমনের ঘটনা নিয়ে যে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা চলছে, তা বন্ধ এবং সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মধ্য দিয়ে প্রকৃত সত্য বের করার দাবি জানান তাঁরা। এ ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশনকে সম্পৃক্ত করে নিরপেক্ষ তদন্তের পক্ষে তাঁরা মত দেন।বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ২০ মে সংবাদ সম্মেলন করে বলেছেন, লিমন ও তাঁর মা-বাবা-ভাই-বোন সন্ত্রাসী। লিমনের ঘটনা রাষ্ট্রের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার বিষয়। কোনোভাবেই রাষ্ট্রের প্রতিরক্ষা-সম্পর্কিত নয়। প্রতিরক্ষা উপদেষ্টার এখতিয়ারবহির্ভূত এমন বক্তব্য র্যাবের প্রশ্নবিদ্ধ কার্যক্রমকে উৎসাহিত করেছে।বিবৃতিতে পাঁচ বিশিষ্ট নাগরিক বলেন, ‘“লিমনের বিষয়ে প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টার বক্তব্যই সরকারের বক্তব্য” বলে ২২ মে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যে আমরা উদ্বিঘ্ন। একই ধরনের বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।...র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন। লিমনের ঘটনায় যেকোনো মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই প্রকাশ হওয়া বাঞ্ছনীয়।’ তাঁরা বলেন, ‘লিমনের ঘটনা এখনো তদন্তাধীন। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্যমতে, তদন্তাধীন বা বিচারাধীন কোনো মামলায় যে কেউ মন্তব্য করতে পারেন, তাতে তদন্তকাজ বাধাগ্রস্ত হবে না।...স্বরাষ্ট্রমন্ত্রী একজন আইনজ্ঞ। তাঁর এ ধরনের আইনবহির্ভূত বক্তব্যে শুধু উদ্বিগ্ন নয়, আমাদের শঙ্কিত করে তোলে।’বিবৃতিতে বলা হয়, ‘তাহলে কি বুঝতে হবে, লিমনের ঘটনা যেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, তা সরকারের নির্দেশেই হচ্ছে? র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়বদ্ধতা নিশ্চিত করা কি সরকারের দায়িত্বের অন্তর্ভুক্ত নয়? গণতান্ত্রিক রাষ্ট্রে এমন পরিস্থিতির সৃষ্টি হলে নাগরিক হিসেবে তার জবাবদিহি আমাদেরও করতে হয়। লিমনের ঘটনা নিয়ে যে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা চলছে, তা বন্ধ হোক। সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মধ্য দিয়ে সত্য বেরিয়ে আসুক। পাশাপাশি র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়বদ্ধতা নিশ্চিত করা হোক।’বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা বলেছেন, বিভিন্ন অপরাধে এ পর্যন্ত র্যাবের এক হাজার ১৪৭ জন সদস্যের শাস্তি হয়েছে; চাকরিচ্যুত হয়েছেন ৬৭ জন আর বিভিন্ন অভিযান পরিচালনা করতে গিয়ে মারা গেছেন ৩৪ জন। যদি তাই হয়, তাহলে লিমনকে গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার হবে না কেন? বিবৃতিতে বিভিন্ন অপরাধে জড়িত র্যাব সদস্যদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ, তাঁদের অপরাধের ধরন ও নিহত র্যাব সদস্যদের তথ্য জনসম্মুখে প্রকাশ করার দাবি জানান এই পাঁচ বিশিষ্ট নাগরিক। বিবৃতিতে বলা হয়, র্যাব সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ২৩ মে সংবাদ সম্মেলনে বলেছেন, একটি বাহিনী হুট করে সব বৈশিষ্ট্য পাল্টে ফেলবে আশা করা ঠিক নয়। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ও তার আগে প্রতিরক্ষা উপদেষ্টার দেওয়া পরিসংখ্যান থেকে প্রতীয়মান হয়, র্যাবের ভেতরে অপরাধপ্রবণতা আছে।প্রতিরক্ষা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর ২৩ মে র্যাব সংবাদ সম্মেলন ডেকে লিমনের বাবা-মা-ভাই-বোনকে সন্ত্রাসীর সহযোগী বলে ঘোষণা করায় পাঁচ বিশিষ্ট নাগরিক উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, ‘উপদেষ্টা ও মন্ত্রীর বক্তব্যে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, র্যাব সরকারি পৃষ্ঠপোষকতায় দায়বদ্ধতা ও স্বচ্ছতার ঊর্ধ্বে অবস্থান করছে।’ র্যাবের যে অনেক ইতিবাচক ভূমিকা রয়েছে, তা অনস্বীকার্য বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের ক্রমবর্ধমান অভিযোগের পরিপেক্ষিতে এই প্রতিষ্ঠানের আমূল সংস্কার অপরিহার্য।