‘রাজাপুর পুলিশের কাছ থেকে ন্যায়বিচার পাব না’
লিমনের ঘটনায় র্যাব সদস্যদের অব্যাহতির সুপারিশ
ঝালকাঠির রাজাপুরের নিরীহ কলেজছাত্র লিমন হোসেনকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় রাজাপুর থানা পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে লিমন হত্যাচেষ্টার অভিযোগ থেকে র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) লুৎফর রহমানসহ র্যাবের ছয় সদস্যকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক আ. হালিম তালুকদার গতকাল মঙ্গলবার বিকেলে আদালত পুলিশের জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তার (জিআরও) কাছে এ প্রতিবেদন জমা দেন। আজ বুধবার ঝালকাঠির পুলিশ সুপার মো. মজিদ আলী চূড়ান্ত প্রতিবেদন দাখিলের বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন।গত বছরের ১০ এপ্রিল লিমনের মা হেনোয়ারা বেগম বাদী হয়ে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহানের আদালতে লিমনকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে এ মামলা দায়ের করেছিলেন। এতে বরিশাল র্যাব-৮-এর তৎকালীন ডিএডি মো. লুৎফর রহমান, করপোরাল মো. মাজহারুল ইসলাম, কনস্টেবল মো. আজিজ, নায়েক মোক্তাদির হোসেন, নায়েক প্রহলাল চন্দ্র ও সৈনিক কার্তিক কুমার বিশ্বাসকে আসামি করা হয়। আদালতের বিচারক অভিযোগ গ্রহণ করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন। আদালতের নির্দেশের ১৫ দিন পর রাজাপুর থানা পুলিশ র্যাবের ছয়জন সদস্যর নামে রাজাপুর থানায় মামলা লিপিবদ্ধ করে। মামলা দায়েরের ১ বছর ৩ মাস ২০ দিন (৪৭৫ দিন) পর গতকাল তদন্ত কর্মকর্তা বাদীকে না জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, সাংবাদিকদের মাধ্যমে এ খবর জানতে পেরে লিমনের মা হেনোয়ারা বেগম প্রথম আলো ডটকমকে বলেন, ‘হালিম সারের লগে (সঙ্গে) আমি গতকাইল (মঙ্গলবার) রাইতেও কতা কইছি, হে আমারে কিছু কয় নায়। এর আগে হে আমারে কইছেলো আপনারে না জানাইয়া কিছু করমু না। কিন্তু এ্যাহন হে (হালিম দারোগা) ঈদের বন্ধের মধ্যে গোপনে আমার সত্য মামলায় ফাইনাল রিপোর্ট দিয়া দিল।’ তিনি আরও বলেন, ‘লিমনকে গুলি করার পর অনেকগুলো তদন্ত কমিটি হইছে। তার একটিতেও লিমনকে দোষী বা সন্ত্রাসী বলা হয়নি। আমি পুলিশের এ প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করমু।’মামলার ভিকটিম এবং এক নম্বর সাক্ষী লিমন প্রথম আলো ডটকমকে বলেন, ‘তদন্ত কর্মকর্তা আ. হালিম ১৫ মাস ধরে কী তদন্ত করেছেন আমি জানি না। কারণ মামলার ভিকটিম এবং সাক্ষী হিসেবে তিনি আমার সাথে কোনো দিন কথা বলেননি। রাজাপুর পুলিশের কাছ থেকে আমি কোনো দিন ন্যায়বিচার পাব না। প্রথম থেকেই তারা মামলা গ্রহণেও টালবাহানা করেছে।’ তদন্ত কর্মকর্তা আ. হালিম তালুকদার বলেন, তদন্তের দায়িত্ব নিয়ে আমি প্রকাশ্যে ও গোপনে তদন্ত করেছি। বাদীর মনোনীত সাক্ষী ও নিরপেক্ষ সাক্ষীদের সঙ্গে কথা বলেছি, তাতে বাদীর অভিযোগ প্রমাণিত হয়নি। লিমন যখন হাসপাতালে চিকিৎসাধীন ছিল, তখন আমি তার সাথে কথা বলেছি। চূড়ান্ত প্রতিবেদন দাখিলের বিষয়টি রেজিস্ট্রি ডাকযোগে বাদী হেনোয়ারা বেগমকে জানানো হয়েছে। হয়তো তিনি এখনো তা পাননি, তবে পেয়ে যাবেন।’ লিমনের মায়ের আইনজীবী মানিক আচার্য্য প্রথম আলো ডটকমকে বলেন, ‘লিমনের মা হেনোয়ারা বেগম চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দেওয়ার কথা বলেছেন। ঈদের পর আদালত খুললে আদালতে নারাজি আবেদন দেব।’ উল্লেখ্য, গত বছরের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে বাড়ির কাছে মাঠে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে পা হারায় লিমন হোসেন (১৬)। লিমনের অভিযোগ, র্যাবের সদস্যরা তাকে ধরে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। পরে গ্রামবাসীর চাঁদায় দরিদ্র লিমনের চিকিৎসা চলে ঢাকার পঙ্গু হাসপাতালে। পঙ্গু হাসপাতালে জীবন বাঁচাতে লিমনের বাম পা ঊরুর নিচ থেকে কেটে ফেলেন চিকিৎসকেরা। ঘটনার ১৩ দিন পর গত বছরের ৬ এপ্রিল প্রথম আলোতে ‘চরম নিষ্ঠুরতা’ শিরোনামে লিমনের ওপর নির্যাতনের ঘটনা প্রকাশিত হলে সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান লিমনকে সান্ত্বনা জানাতে ছুটে যান পঙ্গু হাসপাতালে।এ ঘটনায় র্যাবের উপসহকারী পরিচালক লুৎফর রহমান বাদী হয়ে ওই বছরের ২৩ মার্চ রাজাপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। ওই বছরের ২৪ এপ্রিল অস্ত্র আইনের মামলায় লিমনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অস্ত্র আইনে দায়ের করা মামলাটি বর্তমানে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ গঠনের অপেক্ষায় রয়েছে। অপরদিকে সরকারি কাজে বাধা দানের অভিযোগে দায়ের করা মামলায় এ বছরের ১ জুলাই আদালতে লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।এদিকে গত ৫ মে হাইকোর্ট মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের আবেদনের পরিপ্রেক্ষিতে র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় লিমনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। একই সঙ্গে হাইকোর্ট সরকারকে লিমনের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সরকার লিমনের চিকিৎসার ব্যয়ভার বহন করেনি। উন্নত চিকিৎসার উদ্যোগও নেয়নি। লিমনের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসে সাধারণ মানুষ। বর্তমানেও লিমনের পড়শুনা ও থাকা-খাওয়ার খরচ চলছে অন্যের সহায়তায়।