লিমনের ঘটনায় সংসদীয় তদন্ত কমিটি গঠনে স্বরাষ্ট্রমন্ত্রীর বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাবের গুলিতে কলেজছাত্র লিমনের আহত হওয়ার ঘটনায় সংসদীয় তদন্ত কমিটি গঠনে বাধা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তাই শেষ পর্যন্ত কমিটি হয়নি। জাতীয় পার্টির সদস্য মুজিবুল হক চুন্নু ওই ঘটনার ব্যাপারে উপকমিটি গঠনের প্রস্তাব দিলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এর প্রতিবাদ জানান। তিনি বলেন, এ ঘটনা নিয়ে এ পর্যন্ত ছয়টি তদন্ত কমিটি কাজ করছে। তাই নতুন করে কোনো সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব অযৌক্তিক।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ ঘটনা ঘটে। সভায় মুজিবুল হক ঝালকাঠির রাজাপুরের কলেজছাত্র লিমনের পা কেটে ফেলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ঘটনার অবশ্যই সংসদীয় তদন্ত হওয়া প্রয়োজন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এর বিরোধিতা করেন।বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কমিটির সদস্য মুজিবল হক বলেন, ‘লিমনের পা কাটার বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। র‍্যাবের বিরুদ্ধে এমন অভিযোগ এর আগেও উঠেছে। এ কারণেই বৈঠকে ওই ঘটনা তদন্তে সংসদীয় উপকমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধিতার কারণে তা হয়নি।’কমিটির সভাপতি আবদুস সালাম বলেন, লিমনের ঘটনাটিসহ আলোচিত বেশ কিছু মামলা নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে এ নিয়ে আরও আলোচনা হবে।প্রসঙ্গত, গত ২৩ মার্চ রাজাপুরে র‍্যাবের সদস্যদের গুলিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী লিমন আহত হয়। গুরুতর অবস্থায় গুলিবিদ্ধ লিমনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সকেরা তাঁর একটি পা কেটে ফেলেন। এ ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনসহ সর্বত্র তোলপাড় শুরু হয়। র‍্যাব প্রথমে লিমনকে সন্ত্রাসী বলে অভিহিত করার চেষ্টা করলেও পরে তাঁকে ‘পরিস্থিতির শিকার’ বলে দাবি করে।আজকের সভায় লিমনের এ ঘটনাসহ অন্যান্য চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং ব্যবস্থাপনায় দ্বৈততারও অভিযোগ তোলেন কমিটির সদস্যরা। কমিটির সভাপতি আবদুস সালাম বলেন, ‘প্রায় প্রতিটি মামলার ক্ষেত্রেই দেখা গেছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তদন্ত প্রতিবেদনগুলোয় কোনো মিল থাকছে না। লিমনের ঘটনায়ও তাদের (পুলিশ-র‍্যাব) বক্তব্য ছিল সমন্বয়হীন।’ তিনি বলেন, কমিটি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তদন্তকাজে সমন্বয়তা আনার সুপারিশ করেছে।