লিমনের চিকিৎসার কাগজপত্র পেলেন না তদন্ত কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শওকত আকবরকে লিমন হোসেনের চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দেয়নি ঢাকার পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকাল ১০টায় তিনি হাসপাতালে যান এবং আড়াইটায় খালি হাতে ফিরে আসেন। তবে আগামী সোমবার কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে।র্যাবের গুলিতে লিমনের পা হারানোর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান শওকত আকবর এর আগে লিমনের সাক্ষ্য নেন। গত মঙ্গলবার নেন তার চিকিৎসকের সাক্ষ্য। তখন বলা হয়েছিল, গতকাল লিমনের চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র তদন্ত কমিটিকে দেওয়া হবে। সে অনুযায়ী গতকাল সকাল ১০টায় আবার তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যান। জানতে চাইলে শওকত আকবর প্রথম আলোকে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ দুপুর আড়াইটা পর্যন্ত বসিয়ে রেখেও তাঁকে লিমনের চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র সরবরাহ করেনি। লিমনকে সম্পূরক প্রশ্ন: এদিকে গতকাল দ্বিতীয় দফায় লিমনকে কিছু সম্পূরক প্রশ্ন করেছেন শওকত আকবর। তিনি লিমনের কাছে জানতে চান, ঘটনার সময় র্যাব সদস্য লিমনের শার্টের কলার সামনে থেকে নাকি পেছন থেকে ধরেছিলেন? লিমন জানিয়েছে, সামনে থেকে ধরেছিলেন। এরপর তদন্ত কর্মকর্তার প্রশ্ন, র্যাব সদস্য ডান হাত দিয়ে না বাঁ হাত দিয়ে কলার ধরেছিলেন? লিমনের উত্তর, ‘আমার সেটা মনে নেই।’ ‘তখন তোমার গায়ে শার্ট ছিল না গেঞ্জি?’ —লাল রঙের শার্ট ছিল। এক র্যাব সদস্য শার্টের কলার খামচে ধরেন। এ সময় ওই র্যাব সদস্যের হাতের নখ আমার কাঁধে বিঁধে যায়। সেই দাগও এখনও আছে।‘র্যাব তোমাকে কোথা থেকে ধরেছে? গুলি করেছে কোন জায়গায়?’ —পুরাতন জমাদ্দারহাট এলাকার সেতু থেকে ধরেছে। এরপর কলার ধরে শহীদ জমাদ্দারের বাড়ির পাশে নিয়ে যায় র্যাব। সেখানে পায়ে গুলি করে।শওকত আকবর প্রথম আলোকে জানান, লিমনের বিষয়ে তদন্ত প্রায় শেষ। আগামী সোমবার প্রতিবেদন জমা দেবেন তিনি।আজ বৃহস্পতিবার লিমনকে পঙ্গু হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। এরপর লিমন কোথায় যাবে, তা জানতে চান তদন্ত কর্মকর্তা। লিমন জানায়, গ্রামের বাড়িতে যাওয়া এই মুহূর্তে তার জন্য নিরাপদ নয়। কারণ র্যাবের সোর্সরা ঝামেলা করতে পারে। তবে অভিভাবকরা যেখানে ভালো মনে করবেন, সেখানেই সে থাকবে। লিমনের বাবা তোফাজ্জল হোসেন গতকাল বিকেলে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে দেখা করেছেন। তিনি লিমনের সর্বশেষ অবস্থা চেয়ারম্যানকে জানান। র্যাবসহ সরকারের উচ্চপর্যায় থেকে লিমনসহ পুরো পরিবারকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।গণতান্ত্রিক বাম মোর্চার সংবাদ সম্মেলন: ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামে লিমনের বাড়ির এলাকা ও ঘটনাস্থল থেকে ফিরে গতকাল সকালে সংবাদ সম্মেলন করেছেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা। রাজধানীর তোপখানা রোডের কার্যালয়ে মোর্চার সমন্বয়ক নজরুল ইসলাম লিখিত বক্তব্য পড়েন। তিনি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান। তিনি বলেন, লিমনের ওপর গুলি বর্ষণকারী র্যাব সদস্যকে শনাক্ত করে তাঁর শাস্তির ব্যবস্থা করতে হবে। এলাকার প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার করতে হবে। লিমনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘হয়রানিমূলক’ হিসেবে উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক শুভ্রাংশু চক্রবর্তী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকী, পোশাক শ্রমিকনেত্রী মোশরেফা মিশু প্রমুখ।