‘জমাদ্দারহাটের সেতু থেকে র্যাব ধইর্যা নিয়া পাশের কলাবাগানের রাস্তায় লিমন ভাইরে ফালাইয়া ঠ্যাঙে একটা গুলি করে। এরপর লিমন ভাই মা কইয়া একটা চিক (চিৎকার) দেয়।’ এটুকু বলেই চোখ মুছতে থাকে কিশোর আবির হাওলাদার। তার পাশে দাঁড়ানো আরেক কিশোর রসুল হোসেন। সেও কেঁদে ফেলে। শুধু এই দুই কিশোরই নয়, এ গ্রামের কলেজছাত্র লিমনের ওপর র্যাবের নির্যাতনের বিবরণ দিতে গিয়ে গ্রামের অনেক মানুষই কেঁদে ফেলে।র্যাব লিমনকে এলাকার শীর্ষ সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারের সহযোগী বলে দাবি করেছে। কিন্তু গ্রামবাসী তা মানতে নারাজ। গতকাল ঘটনাস্থল ও এলাকার বিভিন্ন পেশার শতাধিক মানুষের সঙ্গে কথা বললে তারা একবাক্যে বলে, লিমন সন্ত্রাসী নয়। সে গরিব ঘরের সন্তান। তা ছাড়া সেদিন র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের কোনো ঘটনাই ঘটেনি। তারা একটিমাত্র গুলির শব্দ শুনেছে।ঝালকাঠি শহর থেকে ২২ কিলোমিটার দূরে রাজাপুর উপজেলার ইদুরহাটি সেতু। সেখান থেকে আধা কিলোমিটার পূর্বে মাটির রাস্তা দিয়ে এগোলেই সাতুরিয়া গ্রাম। এ গ্রামেই কলেজছাত্র লিমনের বাড়ি। ইদুরহাটি সেতু থেকে মাটির রাস্তায় ঢুকতেই একটি মুদি দোকানে কয়েক ব্যক্তিকে বসে থাকতে দেখা যায়। তাদের একজন বেলায়েত হোসেন। ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি বলেন, লিমন তাঁর ছেলেকে পড়াত। কলেজ বন্ধের দিন শুক্র ও শনিবার ইটের ভাটায় কাজ করত। তাঁর পাশে বসা আরেকজন বললেন, র্যাব তাঁদের মুখ বন্ধ করে দিয়েছে। তিনি জানান, লিমনকে গুলি করার পর সবাই সাধ্যমতো সাহায্য করছে।লিমনদের বাড়িতে ঢুকতেই দেখা যায়, এক ব্যক্তি পথের পাশে একটি চৌকিতে পায়ে ব্যান্ডেজ নিয়ে বসে আছেন। তিনি লিমনের সেজো চাচা মোফাজ্জল হোসেন। ঘটনার সময় তিনি জমাদ্দারহাটে ছিলেন। র্যাব তাঁর সামনে দিয়ে এলাকায় ঢুকেছিল। র্যাব ফিরে যাওয়ার সময় তিনি শুনতে পান, লিমনকে গুলি করে নিয়ে যাচ্ছে র্যাব। জমাদ্দারহাটে র্যাবের গাড়ি থামলে লিমনকে দেখতে তিনি ওই গাড়ির কাছে যান। র্যাব তখন তার পরিচয় জানার পর বলে, ‘তুই সন্ত্রাসী মোরশেদের সহযোগী। তোর সঙ্গে মোরশেদের যোগাযোগ আছে।’ বলতে বলতে র্যাব একটি গাছের ডাল ভেঙে তাঁকে মারতে উদ্যত হয়। তখন মোফাজ্জল তাঁকে না মারার জন্য আকুতি জানিয়ে বলেন, ‘স্যার, প্রমাণ না পেয়ে আমাকে পিটাইয়েন না। এর পরও তারা আমাকে পিটিয়ে জখম করে।’লিমনদের টিন ও কাঠের জরাজীর্ণ ঘরের সামনে কোনো চাল নেই। ভেতরে দুটি ঘরে দুটি চৌকি পাতা। সামনের ঘরের এক পাশে লিমনের পড়ার টেবিল। সেখানে সাজানো বই, ওপরে কাঠের তাকে খাতা। কোনো চেয়ার নেই। বেড়ায় ঝুলছে উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি ও টুপি। লিমনের নানি শামসুন্নাহার বেগম নাতির অর্ধাহারে-অনাহারে কলেজে যাওয়ার স্মৃতিচারণা করে কান্নায় ভেঙে পড়েন। তিনি বিলাপ করে বলেন, ‘আমার ভাইর (লিমন) কতা কেউ খারাপ কইবে না। আমার সোনার ভাইর কলার ধইর্যা খালের পাড়ে নিয়ে গুলি কইর্যা খাতাইদা (কাঁথা) ঢাইক্যা থুইছে।’লিমনের বড় বোন লাকি আক্তার পিরোজপুরের কাউখালী কলেজে স্নাতক প্রথম বর্ষে পড়েন। তিনি বলেন, গত বৃহস্পতিবার সকালে র্যাব সাতুরিয়া গ্রামে আসে। লিমনের পক্ষে যারা কথা বলেছে, র্যাব তাদের বকাঝকা করেছে।হামলার সময় ঘটনাস্থলে ছিল অষ্টম শ্রেণীর ছাত্র রসুল হোসেন। সে জানায়, ‘আমি, লিমন ভাই আর আবির সাতুরিয়া গ্রামের পুরান জমাদ্দারহাট সেতুর ওপর বইয়া ছিলাম। এ সময় র্যাব আইয়া আবিরকে ঘুষি মাইর্যা ধাক্কা দিয়ে সরাইয়া দেয়। হ্যারা লিমন ভাইরে কলার ধইর্যা পোলের দক্ষিণ দিকে শহীদ জমাদ্দারের বাড়ির পাশে কেলাবাগানের রাস্তায় ফালাইয়া রাহে। র্যাব মোরে কয় দাঁড়াইয়া থাকপি, কোনো কথা কবি না। লিমন ভাইরে মাথায় পিস্তল ধইর্যা র্যাব হ্যার নাম জানতে চায়। লিমন ভাই নিজেরে ছাত্র পরিচয় দেলে আরেকজন র্যাব আইয়া কয়, পলাইয়া যাইবে, ওরে ঠ্যাঙ্গে গুলি দে। এরপরই একজন র্যাব লিমন ভাইয়ের ঠ্যাঙ্গে একটা গুলি দেয়।’রসুল জানায়, ‘লিমন ভাই ভালো, এই কতা সবাইর কাছে হোনার পর মোরে নৌকা লইয়া আইতে কয় র্যাব। এরপর নৌকা আনলে র্যাব লিমন ভাইকে নৌকায় উডাইয়া ইদুরবাড়ির সেতুর কাছে লইয়া যায়। এরপর লিমন ভাইকে নৌকা দিয়া র্যাবের গাড়িতে উডায়।’গ্রামের বাসিন্দা মাসুদ রানা, আহসান হোসেন, আইয়ুব আলী জমাদ্দার, হুমায়ুন কবিরসহ আরও অনেকে বলেন, সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারের বাড়ি এখান থেকে দুই কিলোমিটার পূর্বে নৈকাঠি গ্রামে। তাঁর সহযোগীরা সেখানে মাদক ব্যবসা করে। এই এলাকায় তারা আসতে সাহস পায় না।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সন্ত্রাসী মোরশেদ জমাদ্দার থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। হত্যা, ডাকাতিসহ বহু মামলার পলাতক আসামি।লিমন যে ইটভাটায় কাজ করত, বাড়ি থেকে তার অবস্থান ৪০০ গজ উত্তরে সন্ধ্যা নদীর তীরে। ভাটার মিস্ত্রি হানিফ ও রুহুল আমিন বলেন, স্কুল-কলেজ বন্ধের দিনে লিমন এখানে দৈনিক ২০০ টাকা মজুরিতে শ্রমিকের কাজ করত। গ্রামের বাসিন্দা ওষুধ কোম্পানির প্রতিনিধি নজরুল ইসলাম বলেন, সন্ত্রাসী মোরশেদের বাড়ি ঘটনাস্থল থেকে অন্তত দুই কিলোমিটার দূরে নৈকাঠি গ্রামে। র্যাবের সোর্সরা ভুল তথ্য দিয়ে এই গ্রামে আনতে পারে।৮৫ বছর বয়স্ক লিমনের দাদা আবদুল আজিজ শুধু কাঁদছিলেন। তিনি নির্দোষ লিমনের ওপর নির্মমতার বিচার চান।গতকাল দুপুর পর্যন্ত সাতুরিয়ায় র্যাবের কোনো উপস্থিতি না থাকলেও বিকেলে তারা এলাকায় আসে। এর আগের দিন বৃহস্পতিবার র্যাব সাতুরিয়ার অনেককেই গণমাধ্যমে বক্তব্য দেওয়ার জন্য ভয়ভীতি দেখায়। সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে লিমনের মা হেনোয়ারা বেগম বলেন, থানায় গেলে ঘটনার সুষ্ঠু বিচার পাবেন না। তিনি আদালতে মামলা করবেন।