লিমনের জন্য পরীক্ষামূলক কৃত্রিম পা
ঝালকাঠিতে র্যাবের গুলিতে পা হারানো কলেজছাত্র লিমনের পরীক্ষামূলক কৃত্রিম পা গতকাল বৃহস্পতি-বার সংযোজন করা হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী সাভারের বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিডি (সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ডেভেলপমেন্ট) বিনা মূল্যে পা-টি সংযোজন করে।গতকাল দুপুরের দিকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন লিমনকে সাভারে নেওয়া হয়। লিমনকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সিডিডি তার জন্য কৃত্রিম পা তৈরি করে। মাইক্রোবাসে সিডিডিতে যাওয়ার সময় লিমনের সঙ্গে ছিলেন সিডিডির কৃত্রিম পা প্রস্তুতকারী শেখ মো. আবদুল লতিফ ও মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) কর্মকর্তা আসিফ আহমেদ। সিডিডিতে নেওয়ার পর লিমনের বাঁ পায়ে কৃত্রিম পা লাগানো হয়। লিমন তিন-চারবার কৃত্রিম পা-টি পরে দাঁড়ায়। কৃত্রিম পা বিশেষজ্ঞরা তাকে বলেন, এই পা দিয়ে হাঁটার জন্য অন্তত সাত দিন প্রশিক্ষণ নিতে হবে। পরে লিমনকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ফিরিয়ে নেওয়া হয়। গত ১০ জুন জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) থেকে ছাড়পত্র দেওয়ার পর আসকের সহায়তায় লিমনকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুদিন তাকে কৃত্রিম পা লাগানোর জন্য প্রয়োজনীয় ফিজিওথেরাপি দেওয়া হচ্ছিল।সিডিডিতে যাওয়ার আগে লিমন প্রথম আলোকে বলে, ‘আমার খুব ভালো লাগছে। আমি আবার আগের মতো হাঁটতে পারব; যেতে পারব কলেজে। র্যাব আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়েছে, তা প্রত্যাহার করলে ভালোভাবে পড়ালেখা করতে পারতাম। এ নিয়ে খুব দুশ্চিন্তা হয়।’ পরীক্ষামূলকভাবে কৃত্রিম পা লাগানোর প্রতিক্রিয়ায় লিমন প্রথম আলোকে বলে, ‘কৃত্রিম পা পরে তিন-চারবার কিছু সময় দাঁড়িয়ে ছিলাম। একটু ব্যথা লেগেছে।’সিডিডির কৃত্রিম অঙ্গসংযোজন বিশেষজ্ঞ আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, কয়েক দিন প্রশিক্ষণ নেওয়ার পর কৃত্রিম পা পরতে ব্যথা লাগবে না। আগামী রোববার প্রশিক্ষণ নিতে লিমনকে আবার সিডিডিতে যেতে হবে। প্রশিক্ষণ শেষে লিমন যখন হাঁটবে, তখন কেউ বুঝতে পারবে না কৃত্রিম পায়ে হাঁটছে কি না। আসকের পরিচালক (তদন্ত) নূর খান লিটন বলেন, ‘লিমনের নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। তাই ওকে ঢাকায় রাখা হয়েছে। র্যাবের দায়ের করা দুটি মামলায় আসামি হওয়ায় লিমন কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত। মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা তাকে আইনি সহায়তা দিয়ে যাব।’মামলা তদন্তে অগ্রগতি নেই: তিন মাস চলে গেলেও রাজাপুর থানায় র্যাবের বিরুদ্ধে লিমনের মায়ের দায়ের করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি র্যাবের সদস্যরা গ্রেপ্তার হননি। অভিযুক্ত উপসহকারী পরিচালকসহ র্যাব-৮-এর সদস্যরা কর্মস্থলে বহাল তবিয়তে আছেন।লিমনের মা হেনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘তিন মাস পার অইয়্যা গ্যালেও লিমনরে খুনের চেষ্টার মামলায় রাজাপুর থানার পুলিশ কোনো আসামি গ্রেপ্তার করে নায়। এসপি স্যারের কাছে দরখাস্ত দিছি, হেতেও কোনো কাম অয় নায়। হেগো দারে গ্যালে খালি কয় “তদন্ত চলছে”। হেরা র্যাবের বিরুদ্ধে কোনো রিপোর্ট দেবে বইল্যা মনে অয় না।’ লিমন হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক আবদুল হালিম বলেন, মামলা তদন্তকালে সাক্ষ্যপ্রমাণ ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারের উদ্যোগ নেন। তদন্তের এ পর্যায়ে আসামিদের গ্রেপ্তারের মতো কোনো সাক্ষ্যপ্রমাণ এখনো পাওয়া যায়নি। তদন্ত প্রতিবেদন কবে জমা দেওয়া হবে—এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, প্রতিবেদন জমা দেওয়ার সুনির্দিষ্ট কোনো সময়সীমা আইনে নেই।আদালত সূত্রে জানা গেছে, লিমনের নামে র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২ আদালতে ১৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের জন্য দিন ধার্য রয়েছে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে র্যাবের দায়ের করা অন্য মামলাটির এখনো তদন্ত চলছে। ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে গতকাল বৃহস্পতিবার প্রতিবেদন দেওয়ার তারিখ ধার্য থাকলেও পুলিশ কোনো প্রতিবেদন দেয়নি।শুরু থেকেই সর্বস্তরের মানুষের আর্থিক সহায়তায় লিমনের চিকিৎসা চলছে। লিমনের চিকিৎসায় সহায়তার জন্য তার মায়ের নামে ডাচ্-বাংলা ব্যাংকে একটি হিসাব খোলা হয়। এতে এ পর্যন্ত প্রায় দেড় লাখ টাকা জমা পড়েছে। লিমনের চিকিৎসা ও শিক্ষা-সহায়তার জন্য ব্যাংক হিসাবটি (হেনোয়ারা বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর ১৪৮১০১২৯১৫৭০, ডাচ্-বাংলা ব্যাংক) এখনো সচল রয়েছে।