লিমনের নামে অস্ত্র মামলা বিশেষ ট্রাইব্যুনালে
র্যাবের গুলিতে পা হারানো কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলা বিচারের জন্য ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক আদালত থেকে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতে পাঠানো হয়েছে।আজ বৃহস্পতিবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক আদালতে এ মামলার তারিখ ধার্য ছিল। লিমন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন থাকায় তাঁর পক্ষে আইনজীবীরা হাজিরার পরিবর্তে সময়ের আবেদন করেন। আদালতের বিচারক নুসরাত জাহান সময়ের আবেদন মঞ্জুর করেন এবং মামলাটি নিষ্পত্তি ও বিচারের জন্য ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতে পাঠিয়ে দেন।আদালতে লিমনের পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী মানিক লাল আচার্য ও হাসান সিকদার।লিমনের আইনজীবীরা জানান, আগামী ৯ জুন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, গত ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে কলেজছাত্র লিমন র্যাবের নিষ্ঠুরতার শিকার হয়ে পা হারান। এর পর বরিশাল র্যাব-৮ এর উপসহকারী পরিচালক লুত্ফর রহমান বাদী হয়ে রাজাপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। একটি অস্ত্র আইনে, অন্যটি সরকারি কাজে বাধাদানের অভিযোগে। দুটি মামলাতেই লিমনসহ সাতুরিয়ার দুর্ধর্ষ সন্ত্রাসী মোরশেদ জমাদ্দার ও তার সহযোগী আটজনকে আসামি করা হয়। অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম গত ২৪ এপ্রিল আদালতে লিমনসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।৬ মে হাইকোর্টের একটি বেঞ্চ লিমনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। ৯ মে বরিশাল শেরেবাংলা চিকিত্সা মহাবিদ্যালয় থেকে লিমন জামিনে মুক্ত হয়। ১০ মে শেরেবাংলা চিকিত্সা মহাবিদ্যালয় কর্তৃপক্ষ উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়।