লিমনের পরীক্ষার ফল প্রকাশ
র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির রাজাপুরের কলেজছাত্র লিমন হোসেনের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার দুপুরে লিমনের শিক্ষাপ্রতিষ্ঠান পিরোজপুরের কাউখালীর কাঁঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারে। কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন মাহামুদ প্রথম আলো ডটকমকে বলেন, লিমন প্রথম বর্ষের আটটি বিষয়ে জিপিএ-৪ পেয়েছে। গত ১৮ জুলাই দেশের ১০টি শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের পর লিমন পাস করেছে কি না, তা জানতে অসংখ্য পাঠক প্রথম আলোর কার্যালয়ে ফোন করে। গত ১ এপ্রিল অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে (বিএম শাখায়) প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় লিমন কাউখালী কেন্দ্র থেকে অংশগ্রহণ করে। কাঁঠালিয়া পিজিএস বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন মাহামুদ জানান, কারিগরি শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক বিএম শাখার শিক্ষার্থীদের ১৬টি বিষয়ে ১৬০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হয়। প্রথম বর্ষে আট বিষয়ের ফাইনাল পরীক্ষা অন্যান্য বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বর্ষের আট বিষয়ের পরীক্ষাও একইভাবে উচ্চমাধ্যমিকের সঙ্গে অনুষ্ঠিত হয়। কিন্তু প্রথম বর্ষের ফলাফল উচ্চমাধ্যমিকের অন্যান্য বোর্ডের ফলাফলের সঙ্গে প্রকাশ করা হয় না। তবে দ্বিতীয় বর্ষের পরীক্ষার নম্বর প্রথম বর্ষের সঙ্গে যোগ করে অন্যান্য বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের সঙ্গে একই তারিখে প্রকাশ করা হয়। তবে ফলাফলে সন্তুষ্ট নয় লিমন। সে প্রথম আলো ডটকমকে বলে, ‘আমি এ ফলাফলে তেমন খুশি নই। আগামী চূড়ান্ত পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব।’ ২০১১ সালের ২৩ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষার ১২ দিন আগে বাড়ির কাছের মাঠে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে পা হারায় রাজাপুরের সাতুরিয়া গ্রামের দরিদ্র পরিবারের সন্তান লিমন হোসেন।