খবরটা প্রথম তুলে আনেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক কামরুল হাসান ও ঝালকাঠি সংবাদদাতা আক্কাস সিকদার। ঝালকাঠির কলেজছাত্র লিমনের জীবন বাঁচাতে তার বাঁ পা কেটে ফেলেছেন ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসকেরা। পঙ্গু লিমন হোসেন শুয়ে আছে হাসপাতালের বিছানায়। এই খবর নিয়ে সেদিন সন্ধ্যায় প্রথম আলোর নিউজ রুমে তুমুল উত্তেজনা। এ খবর কোথায় ছাপা হবে, কী ট্রিটমেন্ট দেওয়া হবে? এ খবর ছাপলে বিশেষ মহলের রোষানলে পড়বে না তো পত্রিকা? নানা জল্পনা-কল্পনা শেষে অতঃপর সিদ্ধান্ত; সত্য প্রকাশ থেকে বিরত থাকবে না প্রথম আলো। ২০১১ সালের ৬ এপ্রিল যথাগুরুত্বে প্রথম পাতায় প্রকাশিত হলো সেই খবর। শিরোনাম—‘চরম নিষ্ঠুরতা’। দেশের গণমাধ্যমে লিমনের ওপর নিষ্ঠুরতা নিয়ে সেটাই ছিল প্রথম খবর। ২০১১ সালের ২৩ মার্চ রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে নিজ বাড়ির কাছে লিমনকে ধরে গুলি করে র্যাব। এর পর সাধারণ মানুষের আর্থিক সহায়তায় চিকিৎসা হয় লিমনের। একপর্যায়ে তাকে ভর্তি করা ঢাকার পঙ্গু হাসপাতালে। থানায় তার বিরুদ্ধে দুটি মামলা করে র্যাব। একটি অস্ত্র মামলা, অপরটি র্যাবের কথিত বন্দুকযুদ্ধ করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। মামলা দুটি নিয়ে লিমনের সঙ্গে নিষ্ঠুর আচরণ করল ঝালকাঠির রাজাপুর থানার পুলিশ। তারা দুটি মামলায়ই লিমনকে আসামি করে অভিযোগপত্র দেয়। অপর দিকে লিমনকে গুলি করার ঘটনায় র্যাবের বিরুদ্ধে লিমনের করা মামলাটি চূড়ান্ত প্রতিবেদন দিয়ে শেষ করে দেয় পুলিশ। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত করা হয়। সেই তদন্ত প্রতিবেদনও আজ পর্যন্ত প্রকাশ করা হয়নি।গত রোজার ঈদের দিন বিকেলে লিমন ও তার মায়ের ওপর হামলা করে র্যাবের কথিত ‘সোর্স’ ও স্থানীয় সন্ত্রাসী ইব্রাহীম। তার পর উল্টো লিমনের মা-বাবা-ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেওয়ার চেষ্টা করে। এর পর লিমনকে সন্ত্রাসী প্রমাণের জন্য চলে নানা তৎপরতা।একপর্যায়ে অসহায় এই কিশোরের বিরুদ্ধে নেমে পড়ে পুরো রাষ্ট্রযন্ত্র। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা সংবাদ সম্মেলন ডেকে বলেন, লিমন সন্ত্রাসী বাহিনীর সঙ্গে জড়িত। এমনকি তার বাবাও স্থানীয় সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারের বাহিনীর সঙ্গে জড়িত। তাঁর এই বক্তব্যকে ‘সরকারের বক্তব্য’ বলে জানিয়ে দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের মন্ত্রী-উপদেষ্টাদের এসব বক্তব্যের পর র্যাব সংবাদ সম্মেলন করে বলে, কেবল লিমন ও তার বাবা-ই নয়, তার মা ও কলেজপড়ুয়া বোনও সন্ত্রাসী।এত কিছুর পরও দমে যায়নি লিমন। সে চলতি বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন একাদশ শ্রেণীর প্রথম বর্ষের পরীক্ষায় জিপিএ-৪ পেয়ে পাস করেছে।লিমনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের খবর প্রথম আলো ধারাবাহিকভাবে গুরুত্বসহকারে প্রকাশ করেছে। অন্যান্য গণমাধ্যমও সোচ্চার হয়েছে। এই সংকটে, সংগ্রামে প্রথম আলো লিমন হোসেন ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে দৃঢ়ভাবে। লিমনের ঘটনাকে কেন্দ্র করে প্রথম আলোতে গত ১ বছরে অর্ধশতাধিক প্রতিবেদন ও সম্পাদকীয়-উপসম্পাদকীয়সহ শতাধিক লেখা ছাপা হয়েছে। প্রথম আলোর এই ব্যাপক লেখালেখির কারণে লিমনের ঘটনা দেশের বিবেকবান মানুষকে ব্যাপকভাবে নাড়া দেয়। মানবাধিকার সংগঠনগুলো লিমনের পাশে দাঁড়ায়। শুধু লিমন নয়, প্রথম আলো সব সময়ই নানা ধরনের নিষ্ঠুরতার শিকার সাধারণ মানুষের খবর প্রকাশের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছে। এ রকম একটি অতিসাম্প্রতিক উদাহরণ হলো, বগুড়ার আঞ্জুয়ারা বেগম। পুলিশের হয়রানির শিকার হয়ে এই নারী অন্যের মামলায় হাজতবাস করছিলেন। ২৫ অক্টোবর ‘পরোয়ানা লাইলি বেগমের নামে, হাজতবাস আঞ্জুয়ারা বেগমের’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের কারণে উচ্চ আদালতের নির্দেশে তিনি মুক্তি পেয়েছেন।