লিমনের পায়ে অস্ত্র ঠেকিয়ে র্যাবের গুলি করার প্রমাণ পায়নি তদন্ত কমিটি
ঝালকাঠির রাজাপুরে বন্দুকযুদ্ধের সময় লিমনকে লক্ষ্য করে র্যাব সদস্যদের গুলি ছোড়া যথাযথ ছিল। তদন্ত কমিটির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। তবে লিমনের পায়ে অস্ত্র ঠেকিয়ে র্যাব সদস্যদের গুলি করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঝালকাঠিতে লিমনকে গুলি করার ঘটনায় গঠিত চারটি তদন্ত কমিটির প্রতিবেদন উদ্ধৃত করে র্যাব আজ সোমবার এ কথা জানিয়েছে। দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান এ কথা জানান। একটি বেসরকারি টেলিভিশনের খবরে জানানো হয়, সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান বলেন, লিমন সন্ত্রাসী নয় এমন কথা তিনি এর আগে বলেননি। ঘটনার শিকার বলতে ঘটনাক্রমে লিমন সেখানে উপস্থিত ছিল সে কথা বোঝানো হয়েছিল। সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে আরও বলা হয়, বন্দুকযুদ্ধের ঘটনা শুরুর আগে গুলিভর্তি দুটি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বশির জমাদ্দারের সঙ্গে থাকা আট সহযোগীর মধ্যে একজন ছিল লিমন।প্রসঙ্গত, গত ২৩ মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুরে লিমন হোসেন গুলিবিদ্ধ হন। এরপর ২৫ মার্চ রাতে লিমনকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। এরপর থেকে লিমন সেখানেই ছিল। হাসপাতালের চিকিত্সকেরা তাঁর বাঁ-হাঁটুর নিচের অংশ কেটে ফেলেন। এ ঘটনায় র্যাব লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে। অন্যদিকে লিমনের মা হেনোয়ারা বেগম গত ১০ এপ্রিল র্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা করেন।