লিমনের বক্তব্য নিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে র‌্যাবের গুলিতে পা হারানো লিমনের বক্তব্য নিয়েছে ঘটনা তদন্তে গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।তদন্ত কমিটির প্রধান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শওকত আকবর আজ মঙ্গলবার ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ইএফ ওয়ার্ডের চিকিত্সাধীন লিমন এবং উপস্থিত তার বাবা তোফাজ্জেল হোসেনের সঙ্গে বেলা ১১টা থেকে আড়াই ঘণ্টা কথা বলেন। এ সময় তাদের কাছ থেকে ২৩ মার্চ র্যাবের গুলিতে লিমনের আহত হওয়ার পূর্বাপর ঘটনার বক্তব্য লিপিবদ্ধ করা হয় এবং পড়ে শোনানো হয়। পরে বক্তব্য লিপিবদ্ধ করা ওই সব কাগজে লিমন ও তার বাবার স্বাক্ষর নেওয়া হয়। হাসপাতালের চিকিত্সক গাজী মো. এনামুল হক শওকত আকবরকে সহযোগিতা করেন। প্রসঙ্গত, গত ২৩ মার্চ র্যাব-৮-এর সদস্যরা ঝালকাঠির রাজাপুর উপজেলার পুরাতন জমাদ্দারহাটের সেতু থেকে কলেজছাত্র লিমনকে ধরে ২০ গজ দূরে নিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন। ঘটনাস্থল শাটুরিয়া গ্রামের জমাদ্দারহাটের সেতুতে লিমন কেন গিয়েছিল, এরপর কী ঘটেছিল জানতে চাইলে লিমন বলে, ২৩ মার্চ বিকেলে লিমন গরু আনতে পুরাতন জমাদ্দারহাটের সেতুর কাছে যায়। এ সময় তার পেছনে তার মা ছিল। কিছুক্ষণ পর র্যাব সদস্যরা এসে তার শার্টের কলার ধরে বলে ‘তুই সন্ত্রাসী’। এরপর সেতু থেকে তাকে পাশে জমাদ্দার বাড়ির সামনের রাস্তায় নিয়ে যায় র্যাব। এ সময় সেখানে স্থানীয় কিশোর আবিদ ও রসুল হোসেন উপস্থিত ছিল। একজন র্যাব সদস্য বলেন, তুই সন্ত্রাসী, তোকে ক্রসফায়ারে দেব। এ সময় লিমন পকেট থেকে তার মোবাইল ফোন বের করে তার কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে এবং সে সন্ত্রাসী নয় বরং একজন কলেজছাত্র বলে জানায়। কিন্তু ওই র্যাব সদস্য অধ্যক্ষের সঙ্গে কথা না বলে মোবাইল ফোনটি নিজের পকেটে রেখে দেন। লিমনের বাঁ-পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন। পরে তার গায়ের শার্টটি দিয়ে পায়ের ক্ষতস্থানটি বেঁধে দেন এবং তার পরনের লুঙ্গি দিয়ে শরীরে লেগে থাকা রক্ত পরিষ্কার করে ফেলে দেন। এবং পাশের জমাদ্দারহাট বাড়ি থেকে লুঙ্গি এনে তাকে পরিয়ে দেন। গুলি লাগার পর সে পাশেই কলাগাছের ওপর গিয়ে পড়ে। এ সময় লিমন ওই র্যাব সদস্যের বুকের নেমপ্লেটে ‘লুত্ফর’ নামটি দেখতে পায়। র্যাব সদস্যরা লিমনের নাম-ঠিকানা জানতে চাইলে সে বিস্তারিত বলে। র্যাব ঘটনাস্থলে একজন মুরব্বিকে ডেকে লিমনকে চেনে কি না জানতে চান। ওই মুরব্বি বলেন, স্যার এটা কী করলেন? একটি ভালো ছেলেকে গুলি করলেন। লিমন জানায় সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। পরে ঘটনার পরের দিন সে নিজেকে বরিশালে মেডিকেলে দেখতে পায়। এ সময় তার মা তার সঙ্গে ছিল। লিমন মোরশেদ জমাদ্দারকে চেনে কি না, তদন্ত কমিটির প্রধান জানতে চাইলে লিমন বলে, ‘আমি নাম শুনেছি, তবে দেখিনি।’এ সময় লিমনের পাশে থাকা তার মা-বাবা কাঁদছিল। পরে লিমনের বাবার কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সময় তিনি সাভারে ফলের আড়তে ছিলেন। তিনি সেখানে কাজ করেন। ঘটনার পরে এলাকা থেকে ফোন করে তাঁকে এ তথ্য জানানো হয়। এ সময় তিনি তাঁর স্ত্রীকে ফোন করে মোবাইল বন্ধ পান। পরের দিন সকালে স্ত্রীর সঙ্গে কথা বলার পর তিনি লিমনের পায়ে গুলি করার বিষয়টি জানতে পারেন।মোরশেদ জমাদ্দার তাঁর আত্মীয় কি না বা যোগাযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত দেখিনি। সন্ত্রাসী হিসেবে তার নাম শুনেছি। তার সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। এ সময় তিনি তদন্ত কমিটির কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন।বক্তব্য গ্রহণ শেষে শওকত আকবর বেরিয়ে এসে গণমাধ্যম কর্মীদের বলেন, তিনি শাটুরিয়ায় গিয়েছিলেন। লিমনের বক্তব্য নিতে তিনি বরিশাল থেকে এখানে এসেছেন। গতকাল তাঁর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আরও সাত দিন সময় বাড়ানো হয়েছে।