লিমনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে পঙ্গু ঝালকাঠির রাজাপুরের কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠনের তারিখ আটবার পেছাল। এই মামলায় আজও অভিযোগ গঠন করা হয়নি। পুলিশ মামলায় অন্য আসামি সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারসহ সাতজনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে না পারায় আজ রোববারও অভিযোগ গঠন করা হয়নি।আজ র‌্যাবের দায়ের করা অস্ত্র আইনের মামলায় লিমনের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। বিশেষ ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক অনুপস্থিত থাকায় যুগ্ম জেলা জজ-১ আদালতের বিচারক মো. মঞ্জুরুল ঈমাম আগামী ১৬ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন। লিমনের পক্ষে আদালতে সময়ের প্রার্থনা করেন তার আইনজীবী নাসিমুল হাসান। এর আগে আরও সাতবার এই মামলায় লিমনের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ নির্ধারিত ছিল। গত বছরের ৩ জুলাই লিমনের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলাটি বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল-১-এ আসে। এই ট্রাব্যুনালের বিচারক ফারুক আহাম্মদ অস্ত্র মামলায় সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারসহ সাত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মামলাটি বিচারের জন্য বিশেষ টাইব্যুনাল-২-এ পাঠান।লিমনের আইনজীবী নাসিমুল হাসান বলেন, অসুস্থ থাকার কারণে লিমন আজ আদালতে হাজির হতে পারেনি। র‌্যাবের দায়ের করা অস্ত্র মামলায় পুলিশ গত বছরের ২৪ এপ্রিল দুটি অভিযোগপত্র দাখিল করে। লিমন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় একই ঘটনায় দুটি অভিযোগপত্র দাখিল করা হয়। একটি অভিযোগপত্রে শুধু লিমনকে আসামি করা হয়। অপর অভিযোগপত্রে আসামি করা হয় সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারসহ সাতজনকে। লিমন আদালতে নিয়মিত হাজিরা দিলেও সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারসহ সাতজনকে পুলিশ গত এক বছরেও গ্রেপ্তার করতে পারেনি। গত ২৯ মার্চ রাজাপুর থানার পুলিশ আদালতে একটি প্রতিবেদন দাখিল করে। এতে পুলিশ দাবি করে, আসামিরা এলাকায় থাকে না, তাই তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।বিশেষ ট্রাইব্যুনাল-২ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. শাহজাহান সিকদার প্রথম আলো ডটকমকে জানান, পলাতক আসামি মোরশেদ জমাদ্দারসহ সাতজনকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর পরও যদি আসামিরা আদালতে হাজির না হয়, তাহলে তাদের অনুপস্থিতিতে অভিযোগ গঠন করা হবে।গত বছরের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র‌্যাবের গুলিতে পা হারায় লিমন হোসেন। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে লিমনসহ আটজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে আরেকটি মামলা করে।