লিমনের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠন পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে পা হারানো কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার অভিযোগ গঠন হয়নি। দীর্ঘ ১০ মাস পর আজ সোমবার ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। র‌্যাবের দায়ের করা এই মামলায় এ নিয়ে ১১ বারের মতো অভিযোগ গঠনের দিন পেছাল। গত ১০ মাস এই ট্রাইব্যুনালে কোনো বিচারক ছিলেন না। ২৪ জানুয়ারি কিরণ শংকর হালদার নামের এক বিচারক ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২-এ যোগ দেন। লিমন অসুস্থ থাকায় আজ সময়ের আবেদন করেন তাঁর আইনজীবী নাসিমুল হাসান ও মানিক আচার্য। শুনানি শেষে বিচারক কিরণ শংকর হালদার আগামী ১৯ মার্চ অভিযোগ গঠনের পরবর্তী দিন ধার্য করেন। আইনজীবী মানিক আচার্য বলেন, লিমন কানের চিকিত্সার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্তের তত্ত্বাবধানে চিকিত্সাধীন আছে। তাই সময়ের আবেদন করা হয়েছে।লিমনের আরেক আইনজীবী নাসিমুল হাসান বলেন, ‘আমরা অস্ত্র মামলার দায় থেকে লিমনের অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেছি। অভিযোগ গঠনের শুনানির আগে অব্যাহতি আবেদনের শুনানি হবে।’২০১১ সালের ৩ জুলাই লিমনের বিরুদ্ধে র‌্যাবের দায়ের করা অস্ত্র মামলাটি বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল-১-এ আসে। এই ট্রাইব্যুনালের বিচারক ফারুক আহাম্মদ মামলাটি বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল-২-এ পাঠিয়ে দেন। ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র‌্যাবের গুলিতে পা হারায় কলেজছাত্র লিমন হোসেন। এরপর র্যাব লিমনকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে আরও আটজনের বিরুদ্ধে অস্ত্র আইনে ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে দুটি মামলা করে। অন্যদিকে, লিমনকে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর মায়ের দায়ের করা মামলায় ছয় র‌্যাব সদস্যকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে রাজাপুর থানার পুলিশ। গত ৩০ আগস্ট লিমনের মা হেনোয়ারা বেগম পুলিশের এ প্রতিবেদনের বিরুদ্ধে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নারাজি আবেদন করেন। গত ১৭ অক্টোবর জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহানের আদালতে নারাজি আবেদনের ওপর শুনানি হয়। কিন্তু কোনো আদেশ দেওয়ার আগেই তিনি বদলি হয়ে যান। আগামী ১৩ ফেব্রুয়ারি জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নারাজি আবেদনের অধিকতর শুনানির জন্য দিন ধার্য আছে।