র্যাবের গুলিতে পঙ্গু হওয়া ঝালকাঠির কিশোর লিমন হোসেনের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের আহ্বানের এক দিন পর গতকাল বুধবার একই দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবের কাজে বাধাদান এবং তাদের সঙ্গে বন্দুকযুদ্ধের অভিযোগ এনে ১ জুলাই লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এ অভিযোগপত্র সম্পর্কে অভিযুক্ত লিমন ৮ জুলাই পর্যন্ত কিছুই জানত না। অথচ এর আগে সরকার মন্তব্য করেছিল, র্যাবের দাবি অনুযায়ী লিমন সন্ত্রাসী কাজে যুক্ত—এ ধরনের অভিযোগের সত্যতা মেলেনি। এ ছাড়া র্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে লিমনের পরিবারের করা মামলায় এখনো অভিযোগপত্র দেওয়া হয়নি।হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামস এ ধরনের পদক্ষেপকে হীন উদ্দেশ্য চরিতার্থ করার প্রয়াস হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, র্যাবের অপকর্মের কারণে যে কিশোর পা হারিয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ এনে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার শামিল। ঘটনাদৃষ্টে মনে হচ্ছে, দেশের নাগরিক কিশোর হলেও তাকে সুরক্ষার চেয়ে সরকার র্যাবের অপকর্ম ঢাকতেই বেশি আগ্রহী।ব্র্যাড অ্যাডামস বলেন, লিমনের ওপর গুলিবর্ষণের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া বেশ ইতিবাচক ও যথার্থ ছিল। তাঁর উচিত হবে লিমনের বিরুদ্ধে আনা অভিযোগপত্র প্রত্যাহার করা এবং অনতিবিলম্বে ওই কিশোরের ওপর গুলিবর্ষণের ঘটনার তদন্ত শেষ করার তাগিদ দেওয়া। তা না হলে বুঝে নিতে হবে, র্যাবের ওপর তিনি নিয়ন্ত্রণ হারিয়েছেন আর র্যাব আইন নিজের হাতে তুলে নিয়েছে। ব্র্যাড অ্যাডামসের দাবি, ‘যেকোনো বিষয়ে র্যাবকে মোকাবিলার প্রসঙ্গ এলেই সরকারের মধ্যে ভয় পাওয়ার প্রবণতা চোখে পড়ছে।’ তিনি বলেন, র্যাব ও কিছু সরকারি কর্মকর্তা মিলে র্যাবের সমালোচকদের জন্য বিপজ্জনক পরিবেশ তৈরি করেছে। বিরোধী দলে থাকার সময় র্যাবের অপকর্ম প্রত্যাখ্যান করলেও ক্ষমতায় এসে সরকার এখন নির্লজ্জভাবে র্যাবকে সমর্থন করছে। এ ধরনের অবস্থান অনৈতিক, আর এ জন্য জনগণকে চরম মূল্য দিতে হচ্ছে।