র্যাবের গুলিতে এক পা হারানো লিমন হোসেনের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁর বিরুদ্ধে হয়রানিমূলক প্রচারণা বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। গতকাল সোমবার সংস্থাটির এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।বিবৃতিতে বলা হয়, ২০১১ সালের মার্চে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিতে লিমন যখন এক পা হারায়, তখন তার বয়স ছিল ১৬ বছর। ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো লিমনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে পুলিশ। আবার চলতি আগস্ট মাসের ২০ তারিখ লিমন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান র্যাবের এক সোর্স। পুলিশ লিমনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড এডামস বলেন, ‘র্যাবকে রক্ষা করে লিমন হোসেন ও তার পরিবারের ওপর সরকারি প্রশাসনের চলমান প্রবঞ্চনা তার পুরোনো ক্ষতে নতুন করে পীড়া যোগ করেছে।’ তিনি আরও বলেন, র্যাবের গুলিতে এক পা হারানো এক তরুণকে অসম্মান ও ভয় দেখাতে সরকার কত কী করতে পারে, তার প্রমাণ লিমন ও তার পরিবারের বিরুদ্ধে শারীরিক সহিংসতা চালানো এবং নতুন করে হত্যার অভিযোগ এনে একটি মিথ্যা মামলা দায়ের।প্রসঙ্গত, ২০ আগস্ট ঈদের দিন লিমন ও তার পরিবারের সদস্যরা ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়ায় গ্রামের বাড়িতে ঈদ উদযাপন শেষে পিরোজপুরের কাউখালী উপজেলায় ফিরছিলেন। পথে রাজাপুরের ইঁদুরবাড়ি সেতুর কাছে র্যাবের সোর্স হিসেবে পরিচিত ইব্রাহীম হাওলাদার ও তাঁর লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এ ঘটনায় পরদিন লিমন ও ইব্রাহীমের পরিবার থেকে পাল্টাপাল্টি দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ২৩ আগস্ট লিমনের মা হেনোয়ারা বেগম, বাবা তোফাজ্জেল হোসেন, বড় ভাই হেমায়েত হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা করেন র্যাবের সোর্স ইব্রাহীম হাওলাদার।