‘সরকার নির্লজ্জভাবে র্যাবকে সমর্থন করছে’
লিমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চায় এইচআরডব্লিউ
র্যাবের গুলিতে পঙ্গু হওয়া ঝালকাঠির কিশোর লিমন হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের আহ্বানের এক দিন পর নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠনটি আজ বুধবার এ দাবি জানিয়েছে।সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘র্যাবের কাজে বাধাদান এবং র্যাব সদস্যদের গুলি ও খুনের অভিযোগ এনে গত ১ জুলাই লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অথচ এ অভিযোগপত্র সম্পর্কে অভিযুক্ত লিমন গত ৮ জুলাই পর্যন্ত কিছুই জানত না। অথচ সরকার ইতিপূর্বে মন্তব্য করেছিল, র্যাবের দাবি অনুযায়ী লিমন সন্ত্রাসী কাজে যুক্ত এ ধরনের অভিযোগের সত্যতা মেলেনি।’অন্যদিকে, লিমনের পরিবারের পক্ষ থেকে ছয় র্যাব সদস্যের বিরুদ্ধে গত ১০ এপ্রিল যে অভিযোগ আনা হয়, তার ভিত্তিতে তদন্ত চালিয়ে এ পর্যন্ত কোনো অভিযোগপত্র দেওয়া হয়নি। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের পরিচালক ব্র্যাড অ্যাডামস এ ধরনের পদক্ষেপকে হীন উদ্দেশ্য চরিতার্থ করার প্রয়াস হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘র্যাবের অপকর্মের কারণে যে কিশোর পা হারিয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ আনা অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার শামিল। ঘটনা দৃষ্টে মনে হচ্ছে, দেশের নাগরিক কিশোর হলেও তাকে সুরক্ষার চেয়েও সরকার র্যাবের অপকর্ম ঢাকতেই বেশি আগ্রহী।’ব্র্যাড অ্যাডামস বলেন, ‘লিমনের ওপর গুলিবর্ষণের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া বেশ ইতিবাচক ও যথার্থ ছিল। তাই তাঁর উচিত হবে লিমনের বিরুদ্ধে আনা অভিযোগপত্র প্রত্যাহার করে অনতিবিলম্বে ওই কিশোরের ওপর গুলিবর্ষণের ঘটনার তদন্ত শেষ করার তাগিদ দেওয়া। তা না হলে বুঝে নিতে হবে, র্যাবের ওপর তিনি নিয়ন্ত্রণ হারিয়েছেন আর র্যাব নিজের হাতেই আইন তুলে নিয়েছে।’ ব্র্যাড অ্যাডামস মনে করেন, ‘র্যাবকে মোকাবিলার প্রসঙ্গ এলেই সরকারের মধ্যে ভয় পাওয়ার প্রবণতা চোখে পড়েছে। ক্ষমতায় এসে সরকার এখন নির্লজ্জভাবে র্যাবকে সমর্থন করছে। এ ধরনের অবস্থান অনৈতিক, আর এ জন্য জনগণকে চরম মূল্য দিতে হচ্ছে।’