লিমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে পঙ্গু কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা প্রত্যাহার এবং দায়ী র‌্যাব সদস্যদের শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার পিরোজপুরের কাউখালী উপজেলায় মানববন্ধন হয়েছে। উপজেলা পরিষদের সামনে কাউখালী সচেতন ছাত্রসমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনে কাউখালী মহাবিদ্যালয়, কাউখালী মহিলা কলেজ, জয়কুল আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং কাঁঠালিয়া পিজিএস বহুমুখী কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের সদস্যরা অংশ নেন।মানববন্ধনে বক্তব্য দেন কাউখালী মহিলা পরিষদের সভানেত্রী জাহানুর বেগম, সেক্রেটারি সুনন্দা সমদ্দার, সাংবাদিক মাসুম বিল্লাহ, মানবাধিকার কর্মী মো. শাহ আলম, নাগরিক উদ্যোগের মমিনুল ইসলাম, ঝালকাঠি জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদুর রহমান, কাঁঠালিয়া পিজিএস কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মো. আলী হোসেন, কাউখালী মহাবিদ্যালয়ের শিক্ষার্থী স্বপন হালদার, লিমনের মা হেনোয়ারা বেগম প্রমুখ। এ সময় লিমনও উপস্থিত ছিল।বক্তারা বলেন, অভিযানের নামে র‌্যাব ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামের কলেজছাত্র লিমনকে ধরেই গুলি করে। র‌্যাব তাদের অপরাধ ঢাকতে উল্টো লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে। রাজাপুর থানার পুলিশ র‌্যাবের চাপে দুটি মামলায়ই ইতিমধ্যে অভিযোগপত্র দিয়েছে। সরকারের উচিত একটি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী র‌্যাব সদস্যদের বিচার এবং লিমনের নামে দায়ের করা মামলা প্রত্যাহার করা।হেনোয়ারা বেগম বলেন, ‘র‌্যাবের নিষ্ঠুর নির্যাতনে আমার ছেলে শুধু একটি পা হারায়নি, তার শিক্ষাজীবনের একটি বছরও হারিয়েছে। আমি লিমনের মামলা প্রত্যাহারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’লিমন বলে, ‘র‌্যাবের নির্যাতন ও র‌্যাবের স্থানীয় সোর্সদের হুমকির কারণে আমি এখন বাড়ি ছেড়ে কাউখালীতে ভাড়া বাসায় থাকি। র‌্যাবের কথায় পুলিশ এভাবে দুটি মামলাতেই আমার নামে অভিযোগপত্র দেবে, তা বুঝতে পারিনি।’সুনন্দা সমদ্দার বলেন, লিমনের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং র‌্যাবের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে শুধু কাউখালী নয়, সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে।লিমনের সহপাঠী মো. আলী হোসেন বলেন, লিমনের ওপর নির্যাতনের পর র‌্যাবের ভয়ে কথা বলতে পারিনি। দীর্ঘদিন পরে হলেও কিছু একটা করতে পেরে ভালো লাগছে।প্রসঙ্গত, গত বছরের ২৩ মার্চ সাতুরিয়া গ্রামে নিজ বাড়ির কাছে মাঠে গরু আনতে গেলে লিমনকে র‌্যাবের সদস্যরা ধরে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এরপর র‌্যাব স্থানীয় কিছু সন্ত্রাসীর সঙ্গে লিমনকে আসামি করে রাজাপুর থানায় দুটি মামলা করে। এর একটি অস্ত্র মামলা, অন্যটি বন্দুকযুদ্ধ করে র‌্যাবের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলা। অস্ত্র মামলায় গত বছরের ২৪ এপ্রিল এবং সরকারি কাজে বাধাদানের মামলায় গত ১ জুলাই পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। লিমন বর্তমানে হাইকোর্টের নির্দেশে জামিনে রয়েছে।