লিমনের বিরুদ্ধেই অভিযোগপত্র!
অস্ত্র আইনে দায়ের করা র্যাবের মামলায় কলেজছাত্র লিমন হোসেনের নামে অতি গোপনে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আজ বুধবার লিমনের আইনজীবীরা অভিযোগপত্রের বিষয়টি প্রথম আলোর কাছে নিশ্চিত করেছেন।র্যাবের উপসহকারী পরিচালক লুত্ফর রহমানের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম ঝালকাঠির কোর্ট পুলিশের জেনারেল রেজিস্টার কর্মকর্তার (জিআরও) কাছে গত ২৪ এপ্রিল অভিযোগপত্র জমা দেন। একই দিন জিআরও অভিযোগপত্রে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহানের স্বাক্ষর নেন। আগামী ১৯ মে আদালতে অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার ওপর শুনানি অনুষ্ঠিত হবে।র্যাবের উপসহকারী পরিচালক লুত্ফর রহমান বাদী হয়ে গত ২৩ মার্চ রাজাপুর থানায় দুটি মামলা দায়ের করেন। এর একটি ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ (ক) ধারায়, অন্যটি সরকারি কাজে বাধাদানের অভিযোগে। দুটি মামলাতেই লিমন হোসেন ও সন্ত্রাসী মোরসেদ জোমাদ্দারসহ আটজনকে আসামি করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম অস্ত্র আইনে দায়ের করা মামলায় আদালতে দুটি অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্র নম্বর ৪৫-এ সন্ত্রাসী মোরসেদ জোমাদ্দার, জামাল, হাঁটু মিজান, জাহাঙ্গীর, লাবু জমাদ্দার, হালিম ও সুমনকে আসামি করা হয়। অভিযোগপত্র নম্বর ৪৫ (ক)-তে শুধু লিমন হেসেনকে আসামি করা হয়েছে।আরিফুল ইসলাম বলেন, লিমন অপ্রাপ্ত বয়স্ক (১৬) হওয়ায় প্রচলিত আইন অনুযায়ী তার বিচারকার্য কিশোর অপরাধ আদালতে অনুষ্ঠিত হবে। তাই তার বিরুদ্ধে পৃথক অভিযোগপত্র দেওয়া হয়েছে।লিমনের আইনজীবী নাসিরউদ্দিন কবির বলেন, ‘লিমনের বিরুদ্ধে করা অভিযোগপত্রের বিষয়টি আজ আমরা জানতে পেরেছি।’ তিনি বলেন, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান গত ১১ এপ্রিল ঢাকায় সংবাদ সম্মেলনে বলেছিলেন, লিমন সন্ত্রাসী নয়, ঘটনার শিকার। তাহলে পুলিশ কীভাবে লিমনকে সন্ত্রাসী উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করল। তিনি আরও বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছিলেন লিমনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তদন্তে ছয়টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের আগে এই অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা কতটুকু?