লিমনের ব্যাপারে কিছুই করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের করা মামলায় তড়িঘড়ি অভিযোগপত্র দিলেও লিমনের মায়ের করা মামলা তদন্তে কোনো অগ্রগতি নেই। তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত এ মামলার আসামিদের গ্রেপ্তার এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদও করেননি। অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকেও কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, র‌্যাবের গুলিতে পঙ্গু হওয়া লিমনের ব্যাপারে তাঁদের কিছুই করার নেই। তিনি বলেন, এটা পুরোপুরি আদালতের বিষয়। এ বিষয়ে যা ফয়সালা, তা আদালতই দেবেন। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।সূত্র জানায়, ঝালকাঠির বিচারিক হাকিম নুসরাত জাহানের আদেশের পর ২৬ এপ্রিল রাতে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থানায় মামলা লিপিবদ্ধ করেন। ওই রাতেই মামলা দায়েরের বিষয়টি বিচারিক হাকিমকে জানানো হয় বলে কোর্ট পুলিশের জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তা আল-মামুন জানিয়েছেন।র‌্যাবের বিরুদ্ধে লিমনের মা হেনোয়ারা বেগমের করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আরিফুল ইসলাম বলেন, তদন্তের দায়িত্ব পাওয়ার পর ২৭ এপ্রিল তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার নিয়মিত তদন্ত চলছে। কোনো আলামত উদ্ধার হয়নি।তদন্তের এ পর্যায়ে সাধারণত আসামিদের গ্রেপ্তার করা হয়। কিন্তু এ মামলার ক্ষেত্রে আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন? জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না। ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।’জানতে চাইলে তদারককারী কর্মকর্তা ও ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ সুপার ছুটিতে থাকায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করতে পারেননি।লিমনের আইনজীবী নাসির উদ্দিন কবির বলেন, তদন্তের এ পর্যায়ে ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় সাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ করে আসামিদের গ্রেপ্তার করার কথা। কিন্তু আসামিরা সরকারি কর্মচারী বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।লিমনের মা হেনোয়ারা বেগম বলেন, ‘দারোগা স্যারে বুধবার মোগো বাড়ি আইছেলে, লিমন গরু আনতে যাইয়া গুলি খাইছে কি না, হেইয়া জিগাইয়া চইল্লা গেছে।’ তিনি বলেন, ‘যে দারোগা আমার পোলারে সন্ত্রাসী কইয়া চার্জশিট দেছে, হে কোনো দিন সঠিক তদন্ত করতে পারবে না।’সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী: গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, পুলিশ লিমন আহত হওয়ার পুরো ঘটনা তদন্ত করেই অভিযোগপত্র দিয়েছে। এখন সে অনুযায়ী এর বিচার চলবে। লিমন সন্ত্রাসী কি না, জানতে চাইলে সাহারা খাতুন বলেন, ‘এ বিষয়ে আদালতই বলবেন।’ এ বিষয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে কি না, সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সেটা মনে করি না।’