লিমনের মা-বাবা-ভাইয়ের বিরুদ্ধে খুনের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের মা হেনোয়ারা বেগম, বাবা তোফাজ্জেল হোসেন, বড় ভাই হেমায়েত হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন র‌্যাবের সোর্স ইব্রাহীম হাওলাদার।আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ইব্রাহীম হাওলাদার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে তাঁর শ্যালক ফোরকান হাওলাদারকে পিটিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে। আদালতের বিচারক নুসরাত জাহান অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার আরজিতে ইব্রাহীম হাওলাদার অভিযোগ করেন, ২০ আগস্ট ঈদের দিন বিকেলে রাজাপুরের সাতুরিয়া ফোরকানিয়া মাদ্রাসার সামনে লিমনের পরিবার তাঁর ওপর হামলা চালায়। এ খবর পেয়ে ফোরকান হাওলাদার বাড়ি থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। পথে লিমনের মা-বাবা ও ভাই এবং অন্য আসামিরা তাঁকে মারধর করলে তাঁর মৃত্যু হয়। তবে প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানায়, ঈদের দিন বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে নিজ বাড়ি থেকে ঈদ উদযাপন শেষে পিরোজপুরের কাউখালীতে ফিরছিল লিমন। এ সময় তাকে এগিয়ে দিচ্ছিলেন তার মাসহ আরও কয়েকজন নিকটাত্মীয়। পথে রাজাপুরের ইঁদুরবাড়ি সেতুর কাছে লিমন ও তার মা হেনোয়ারা বেগমের ওপর হামলা করেন ইব্রাহীম হাওলাদার। লিমনের বিরুদ্ধে র‌্যাবের করা অস্ত্র মামলার অন্যতম সাক্ষী এই ইব্রাহীম। পরে লিমনের মাকে হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে চিকিৎসাধীন লিমনের মা হেনোয়ারা বেগম অভিযোগ করেন, ‘লিমনকে কাউখালী পৌঁছে দিতে যাওয়ার সময় রাস্তার ওপর দাঁড়িয়ে তার সঙ্গে আমার চার বোন ছবি তুলছিল। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিল র‌্যাবের সোর্স ইব্রাহীম। ইব্রাহীম আমাদের উদ্দেশে আজেবাজে মন্তব্য করে। লিমন এর প্রতিবাদ জানালে তাকে চড়থাপড় মারে ইব্রাহীম। তখন লিমন রাস্তায় পড়ে গেলে আমি তাকে রক্ষা করতে যাই। ইব্রাহীম আমাকেও কিল-ঘুষি মেরে আহত করে।’ হেনোয়ারা বলেন, তাঁদের মারধর করার পর ইব্রাহীম নিজেই নিজের জামাকাপড় ছিঁড়ে নখ দিয়ে নিজের বুকে আঁচড় দিয়ে এখন হাসপাতালে ভর্তি হয়েছেন।একই হাসপাতালে ভর্তি হওয়া ইব্রাহীম হাওলাদার দাবি করেন, রাস্তা থেকে সরে ছবি তোলার অনুরোধ করলে ক্ষিপ্ত হয়ে লিমন, তার ভাই সুমন ও মা-খালারা মিলে তাঁর ওপর হামলা করেছেন।ইব্রাহীম ও লিমনের পরিবারের মধ্যে মারামারি হচ্ছে—এ খবর শুনে ওই দিন বিকেল পাঁচটা ৪৫ মিনিটের সময় সাতুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে ঘটনাস্থলের দিকে ছুটে যান ইব্রাহীমের শ্যালক ফোরকান হাওলাদার (৩৬)। পথে সাতুরিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মাদ্রাসার সামনে থেকে স্থানীয় বাসিন্দা হেলাল, আরিফসহ কয়েকজন ব্যক্তি ফোরকানকে কাছাকাছি তাঁদের আত্মীয় নূর হোসেনের বাড়িতে নিয়ে যান। সেখানে সেবা-শুশ্রূষার একপর্যায়ে ফোরকান মারা যান। ফোরকানের মৃত্যুর কারণ নির্ণয়ের দাবি জানিয়ে তাঁর বোন লিলি বেগম (ইব্রাহীমের স্ত্রী) গত মঙ্গলবার রাজাপুর থানায় একটি অভিযোগ করেন। রাজাপুর থানার পুলিশ অভিযোগটি অপমৃত্যু মামলা হিসেবে লিপিবদ্ধ করে ওই দিন ফোরকানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।ঈদের দিন বিকেলে হামলার শিকার হওয়ার পর পরিবার ও নিজের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন করেছে লিমন হোসেন। আর এই হামলার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব সি কিউ কে মুশতাক আহমেদ।