লিমনের বিরুদ্ধে র্যাবের করা মামলা প্রত্যাহারের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সাত দিন পর এ-সংক্রান্ত আদেশের চিঠি ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে পৌঁছেছে।জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, মামলা প্রত্যাহারের আদেশ-সংক্রান্ত চিঠি গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ডাকযোগে জেলা প্রশাসকের দপ্তরে পৌঁছায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১০ জুলাই ডাকযোগে ঝালকাঠির জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। এর অনুলিপি পাঠানো পুলিশ সুপার এবং ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলির (পিপি) কাছে।পিপি আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে ডাকযোগে তিনিও মামলা প্রত্যাহারের চিঠির অনুলিপি পেয়েছেন। তিনি বলেন, ‘জেলা প্রশাসক মামলা প্রত্যাহারের জন্য ব্যবস্থা নিতে চিঠি দেবেন। এরপর আমি বিধি অনুযায়ী মামলা প্রত্যাহারের জন্য সরকারের সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট আদালতে আবেদন করব।’স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ৯ জুলাই মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভায় লিমনের বিরুদ্ধে র্যাবের দায়ের করা দুটি মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরের দিন ১০ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এ-সংক্রান্ত সিদ্ধান্তে সই করেন। একই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও বিধি শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি ঝালকাঠির জেলা প্রশাসকের কাছে ডাকযোগে পাঠান।পিপি জানান, সরকারের এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে র্যাবের করা মামলা দুটি থেকে লিমনের নাম প্রত্যাহার করে নেওয়া হলেও স্থানীয় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোরসেদ জমাদ্দারসহ অপর সাত আসামির বিরুদ্ধে মামলার কার্যক্রম চলবে।মোরসেদ জমাদ্দারকে ধরতে র্যাব ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে অভিযান চালায়। তখন বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে র্যাবের নিষ্ঠুরতার শিকার হন একাদশ শ্রেণীর ছাত্র লিমন হোসেন। লিমনের অভিযোগ, র্যাব তাঁকে ধরে নিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। পরে জীবন বাঁচাতে তার পা কেটে ফেলতে হয়। এরপর র্যাব লিমনসহ আটজনের নামে রাজাপুর থানায় দুটি মামলা করে। লিমনের আইনজীবী মানিক আচার্য্য বলেন, ‘লিমনের নামে দায়ের করা দুটি মিথ্যা মামলা প্রত্যাহারের খবরে আনন্দিত হওয়ার কিছু নেই। কারণ, আমরা আইনি লড়াই করছি, লিমনকে গুলি করে পঙ্গু করার ঘটনার বিচারের জন্য। এ ঘটনায় জড়িত র্যাব সদস্যদের যেদিন বিচারের মুখোমুখি করা হবে, সেদিন ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’