ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনকে হত্যাচেষ্টার অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ছয় সদস্যের বিরুদ্ধে করা মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করা হয়েছে। ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে গতকাল বৃহস্পতিবার লিমনের মা হেনোয়ারা বেগম এ আবেদন করেন। আদালতের বিচারক নুসরাত জাহান আবেদন গ্রহণ করে আগামী ১৭ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন। ১৪ আগস্ট র্যাবের ছয় সদস্যকে ওই মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।নারাজি আবেদনে হেনোয়ারা বেগম অভিযোগ করেন, তিনি এই মামলার বাদী হলেও তদন্ত কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেননি। এমনকি মামলার ১ নম্বর সাক্ষী লিমন হোসেনকেও জিজ্ঞাসাবাদ করেননি। মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আ. হালিম তালুকদার আসামিদের পক্ষ হয়ে তদন্ত করেছেন। এই মামলায় আগের তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম নিরপেক্ষ তদন্ত করে প্রতিবেদন দেন। তাতে র্যাবের গুলিতেই লিমন গুলিবিদ্ধ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অথচ একই থানার এসআই হালিম তালুকদার মিথ্যা প্রতিবেদন দিয়েছেন। ওই আবেদনে র্যাব সদস্যদের বিরুদ্ধে করা মামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়। লিমনকে হত্যাচেষ্টার অভিযোগে হেনোয়ারা বেগম গত বছরের ১০ এপ্রিল ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে র্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে একটি মামলা করেন। ২৬ এপ্রিল আদালতের নির্দেশে ঝালকাঠির রাজাপুর থানা ওই মামলা গ্রহণ করে। ১৫ মাসের বেশি সময় পর রাজাপুর থানার পুলিশ আসামি র্যাব সদস্যদের নির্দোষ উল্লেখ করে ১৪ আগস্ট চূড়ান্ত প্রতিবেদন দেয়। বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি: লিমনের বিরুদ্ধে র্যাবের করা সাজানো মামলা প্রত্যাহার, তার পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও পুরো ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানিয়েছেন মানবাধিকার সংগঠনের নেতারা। ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে গতকাল বেলা ১১টায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে আইন ও সালিশ কেন্দ্র, সচেতন নাগরিক কমিটিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি হামিদা হোসেন বলেন, ‘গত বছরের ২৩ মার্চ গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে পঙ্গু হয় লিমন। ঘটনার কয়েক দিন পর র্যাবের মহাপরিচালক নিজেই বলেন, লিমন সন্ত্রাসী নয়, ঘটনার শিকার। তাহলে কেন লিমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগপত্র দেওয়া হলো। কেনই বা লিমনের মায়ের করা মামলায় র্যাব সদস্যদের অব্যাহতি দিয়ে বলা হলো, র্যাব লিমনকে গুলি করেনি। তাহলে লিমনকে কি গরু গুলি করেছে?’ হামিদা হোসেন আরও বলেন, ‘লিমনের ঘটনায় সরকার পাঁচটি তদন্ত কমিটি গঠন করে। তার একটির প্রতিবেদনও প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে কী ছিল, তা প্রকাশ করার দাবি জানাচ্ছি আমরা।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এম এম আকাশ বলেন, ‘লিমনের ওপর গুলি করার ঘটনাটি র্যাবের ভুল ছিল। তারা তা স্বীকারও করে। র্যাবের মানবাধিকার লঙ্ঘন নিয়ে কেন এ লুকোচুরি খেলা, তারা কি আইনের ঊর্ধ্বে? আমরা চাই, সরকারের সব বাহিনী সংবিধান, আইন ও বিধি মেনে চলবে।’নিজেরা করির জাতীয় সমন্বয়কারী খুশী কবির বলেন, ‘আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এ দেশের মানুষ অন্যায়-অত্যাচার দেখলে জেগে ওঠে। লিমনের ঘটনায়ও দেশের মানুষ জেগে উঠেছে।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক আনোয়ারুল্লাহ ভূঁইয়া বলেন, লিমনকে গুলি করে পঙ্গু করা হয়নি, পঙ্গু করা হয়েছে রাষ্ট্র ও সংবিধানকে।মানববন্ধনে অংশ নিয়ে লিমন বলে, ‘আমাকে গুলি করে পঙ্গু করে ওদের সাধ মেটেনি, ওদের সোর্স এখন আমাকে ও আমার পরিবারকে গ্রামছাড়া করতে চায়। সে জন্যই ঈদের দিন আমার ও আমার পরিবারের ওপর হামলা করা হয়েছে।’ ঝালকাঠির সচেতন নাগরিক সমাজের আহ্বানে মানববন্ধনে অংশ নিতে ও লিমনের সঙ্গে দেখা করতে গতকাল সকালে আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি হামিদা হোসেন এবং জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিসহ ২১ সদস্যের একটি প্রতিনিধিদল ঝালকাঠি আসে। প্রতিনিধিদলের সদস্যরা লিমনের গ্রামের বাড়ি রাজাপুরের সাতুরিয়ায় যান। এ সময় হামিদা হোসেনকে জড়িয়ে ধরে লিমন কান্নায় ভেঙে পড়ে।প্রতিনিধিদলে আরও ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেহনুমা আহমেদ, নাসিম আখতার হোসাইন, সাবেক বিচারপতি রেজাউল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। প্রতিনিধিদলের সদস্যরা দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস ও পুলিশ সুপার মজিদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে আদালত চত্বরে গিয়ে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। বিকেল চারটায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে ঝালকাঠির সামাজিক, সাংস্কৃতিক নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন তাঁরা।প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিমনের ঘটনার সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন, লিমনের পঙ্গু হওয়ার পেছনে দায়ীদের চিহ্নিত করে শাস্তি প্রদান, লিমন ও তার পরিবারের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষাকারী বাহিনী হিসেবে ঢেলে সাজানোর দাবি জানানো হয়।