দোষী সাব্যস্ত হলে র্যাবের বিরুদ্ধে মামলা
লিমনের হয়ে হাইকোর্টে যাবে মানবাধিকার কমিশন
র্যাবের গুলিতে লিমন হোসেনের পা হারানো এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাই করতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করবে জাতীয় মানবাধিকার কমিশন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান আজ সোমবার এ কথা জানিয়েছেন। রাজধানীর মগবাজারে অবস্থিত মানবাধিকার কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিজানুর রহমান জানান, তদন্ত শেষে লিমনের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা প্রমাণিত হলে কমিশন সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করবে। র্যাব দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধেও কমিশন মামলা করবে। মিজানুর রহমান আরও বলেন, রিট আবেদনের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে। আগামী রোববার এই আবেদন জমা দেওয়া হবে। তিনি বলেন, ‘আশা করি আমাদের নিবেদন উচ্চ আদালতের সুবিবেচনায় থাকবে। লিমনের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা প্রমাণিত হবে। সে সমাজে মাথা উঁচু করে চলতে পারবে এবং স্বাভাবিক জীবন ফিরে পাবে।’লিমনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের অনুরোধ করে মানবাধিকার কমিশন গত ১১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়। মিজানুর রহমান জানান, চিঠি দেওয়া সত্ত্বেও মন্ত্রণালয়ের দিক থেকে ইতিবাচক সাড়া মেলেনি। সে জন্য কমিশন উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ সম্মেলনে মিজানুর রহমান চিঠিটি পড়ে শোনান। এতে বলা হয়েছে, গত বছরের ২৩ মার্চ -র্যাব ৮ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার এইচএসসি পরীক্ষার্থী লিমনকে গুলি করে। এতে তার বাম পা কেটে ফেলতে হয়েছে। র্যাবের ডিএডি লুত্ফর রহমান বাদী হয়ে রাজাপুর থানায় লিমনের বিরুদ্ধে মামলা করেছেন। দুটি মামলায়ই পুলিশ লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, লিমন দরিদ্র পরিবারের সন্তান। তার পরিবারের পক্ষে মামলা পরিচালনা করা সম্ভব নয়। তার প্রতি নির্মম আচরণ এবং তার বিরুদ্ধে র্যাবের মামলা দায়ের করায় আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে র্যাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। একই সঙ্গে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উত্থাপিত হওয়ার পরিস্থিতির উদ্ভব হয়েছে।মিজানুর বলেন, ‘ঈদের দিন লিমনের ওপর হামলা হয়েছে। তার পুরো পরিবারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে আমাদের কাছে অসংখ্য ফোন এসেছে। সাংবাদিকদের কেউ কেউ বলেছেন, লিমনের নিরাপত্তা নিশ্চিত করতে কমিশন কি ব্যর্থ হয়েছে? একজন বুদ্ধিজীবী টেলিভিশনে বলেছেন, এখন মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ করা উচিত।’ ঘটনার শুরুর দিন থেকেই মানবাধিকার কমিশন লিমনের পাশে আছে বলে মিজানুর দাবি করেন। তিনি বলেন, কমিশন কখনোই হাত-পা গুটিয়ে বসে ছিল না। তার পরও বলতে হয় কমিশনের যথেষ্ট সীমাবদ্ধতা আছে। আইনি সহায়তা দেওয়া ছাড়া লিমনের জন্য অন্য কিছু করা কমিশনের পক্ষে সম্ভব নয়। কারণ কমিশনের কোনো নির্বাহী ক্ষমতা নেই। মিজানুর রহমান বলেন, র্যাবের এক বা একাধিক ব্যক্তির ভুলে লিমনকে গুলি করা হয়েছিল। সরকার চাইলে ঘটনার শুরুতেই বিষয়টির সমাধান করতে পারত। কিন্তু ঈদের পর লিমনের বিরুদ্ধে মামলা করায় সবকিছু ঘোলাটে হয়ে গেছে। অতীত থেকে শিক্ষা নিলে এই ঘটনা ঘটত না। লিমনকে নির্যাতনের ব্যাপারে কমিশন আগেই কেন র্যাবের বিরুদ্ধে মামলা করেনি? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, ‘আইনে যে ক্ষমতা দেওয়া আছে, কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। আমরা ধরে নিয়েছিলাম ন্যায়বিচার পাব। সে জন্য মামলা করিনি। তা ছাড়া সবে লিমনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো ধরনের চার্জ ফ্রেম হলে কমিশন আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’ বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে উদ্ধৃতি দিয়ে মিজানুর রহমান বলেন, ‘কোনো নেতা যদি ভুল করেন, তাঁর ভুল ধরিয়ে দেওয়ার এখতিয়ার জনগণের আছে।’ কমিশন এখন সেই কাজটি করতে যাচ্ছে। সরকারকে কোনো একটি মহল ভুল পথে পরিচালিত করছে। সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য রিয়াজুল হক ও ফওজিয়া করিম এবং কমিশনের সচিব তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।