পুরোনাম: লুইস ফ্যাবিয়ানো ক্লেমেন্তেডাকনাম: ও ফ্যাবুলাসো (দ্য ফ্যাবুলাস), ফ্যাবিগোল, বিরো।জন্ম: ৮ নভেম্বর, ১৯৮০, ক্যাম্পিনাস, সাও পাওলো।উচ্চতা: ৬ ফুট।প্রিয় এবং অন্যান্য অন্য খেলার তারকা: আয়ার্টন সেনা।ফুটবলে প্রিয় বন্ধু: গ্রাফিতেড।চলচ্চিত্র তারকা: আন্তেনিও বান্ডেরাস, পেনেলোপে ক্রুজ।ক্যারিয়ারে প্রিয় মুহূর্ত: ২০০৪ কোপা আমেরিকা জয়, সেভিয়ার হয়ে দুবার উয়েফা কাপ জয়, কনফেডারেশনস কাপের ফাইনালে দুই গোল পাওয়া।পরিবার: স্ত্রী জুলিয়ানা ক্লেমেন্তে, দুই মেয়ে জিওভান্না ও গ্যাব্রিয়েলা।২০০৩ কোপা সুদামেরিকানায় সাও পাওলো আর রিভার প্লেটের ম্যাচ। একটি ফাউলের সূত্রে শুরু হয়ে গেল গণ্ডগোল। রিভার প্লেটের এক ফুটবলারের পেছনে দৌড়ে গিয়ে তাঁর ঘাড়ের ঠিক নিচে জুতসই একটা লাথি মেরে দিলেন সাও পাওলোর এক ফুটবলার। সতীর্থরা যখন তাঁকে সরিয়ে দিচ্ছিলেন, তখনো রাগে গজরাতে গজরাতে বলছিলেন, ‘বলে কিক নেওয়ার চেয়ে কোনো আর্জেন্টাইনকে কিক মারতেই আমার ভালো লাগবে।’৬ জানুয়ারি, ২০০৭, রিয়াল জারাগোজা আর সেভিয়ার স্প্যানিশ লিগের ম্যাচ। খেলার সময় দুই ফুটবলারের ধাক্কা, আর যাবে কোথায়, সেভিয়ার ফুটবলারটি রীতিমতো গলা চেপে ধরতে চাইলেন জারাগোজার কার্লোস ডিয়েগোর! ওই মৌসুমেই বার্সেলোনার সার্জিও বাগকুয়েটসকে কনুই মেরে মাঠ ছাড়লেন সেভিয়ার সেই ফুটবলার।তিনটি ঘটনারই ‘নায়ক’ একজনই। এমন ঘটনা আরও বেশ কিছু ঘটিয়ে নিজের নামের সঙ্গে যিনি যুক্ত করেছিলেন ‘ব্যাড বয়’ ট্যাগ। তবে লুইস ফ্যাবিয়ানো এখন আর ব্রাজিলের ব্যাড বয় নন, দলের মূল স্ট্রাইকার। খেলার মতো উন্নতি হয়েছে তাঁর আচরণেও। একসময়ের উন্মত্ত যুবক এখন রীতিমতো সুবোধ, আতঙ্ক কেবল প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য।ফ্যাবিয়ানোর বেড়ে ওঠার গল্পটা ঠিক আর দশটা ব্রাজিলিয়ান ফুটবলারের মতো নয়। ফুটবলটা সঙ্গী সেই ছেলেবেলা থেকেই। তবে জাতীয় দলে কিংবা ইউরোপে খেলার কোনো শৈশব-স্বপ্ন ছিল না। সাও পাওলো শহরের ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ক্যাম্পিনাসে জন্ম। তিনিসহ পুরো পরিবার ছিলেন স্থানীয় ক্লাব পন্টে প্র্রেতার অন্ধ ভক্ত। এই ক্লাবের হয়েই ১৯৯৭ সালে একটি যুব টুর্নামেন্ট দিয়ে ফুটবল ক্যারিয়ার শুরু। পরের বছর সুযোগ পেয়ে যান সাও পাওলোতে। এ সময়ই ঘটে তাঁর জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনা।সাও পাওলোর একটি ম্যাচ দেখতে ব্র্যাজিলে এসেছিলেন ফরাসি ক্লাব রেনের দুই স্কাউট। লক্ষ্য ছিল মিউমিল্ডার ভ্যানডারকে দেখা। ওই ম্যাচে দুই গোল করলেন ফ্যাবিয়ানো। ভ্যানডারের সঙ্গে ফ্যাবিয়ানোকেও দলে নিয়ে নিল রেনে। কিন্তু এমন কিছুর জন্য প্রস্তুত ছিলেন না ফ্যাবিয়ানো। ভাষা, সংস্কৃতি, আবহাওয়া কোনো কিছুর সঙ্গেই মানিয়ে নিতে পারেননি। যা প্রভাবিত করল পারফরম্যান্সকে। টানা ১১ ম্যাচে থাকলেন গোলশূন্য। ফলাফল সেই সাও পাওলোতে প্রত্যাবর্তন।সাও পাওলোয় ফিরেই দুর্দান্ত খেলতে শুরু করলেন। ২০০৩ সালে জায়গাও পেয়ে যান ব্রাজিল জাতীয় দলে। পরের বছর জিতলেন কোপা আমেরিকা। এই বছরই তাঁকে দলে নেয় এফসি পোর্তো। আবার ইউরোপ, আবার ক্যারিয়ারের ছন্দপতন। পোর্তোর হয়ে ২২ ম্যাচে করতে পারলেন মাত্র ৩ গোল, জায়গা হারালেন জাতীয় দলেও। ক্যারিয়ারের পুনরুজ্জীবন স্প্যানিশ ক্লাব সেভিয়ায় গিয়ে। লা লিগায় গোলবন্যার পর ২০০৭ সালে আবার ডাক পান জাতীয় দলে। এরপর বছর দুয়েক তিনিই ব্রাজিলের মূল স্ট্রাইকার, দুঙ্গার দলের ধারাবাহিক সাফল্যের প্রধান কারিগরদের একজন।২০০৫ সালে ক্যাম্পিনাস থেকেই মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছিল তাঁর মা সান্দ্রা হেলেনা ক্লেমেন্তেকে। ৬১ দিন পর অবশ্য মুক্তিপণ ছাড়াই উদ্ধার করা হয় মা হেলেনাকে। জীবনের দুঃখজনক ঘটনার আরেকটি ঘটেছে গত বছরই। কনফেডারেশনস কাপে যুুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের দিন ছিল বড় মেয়ে জিওভান্নার পঞ্চম জন্মদিন। কথা দিয়েছিলেন মেয়েকে গোল উপহার দেবেন, কিন্তু পারেননি। উপহার না পেয়ে মেয়েও ভেঙে পড়েছিল কান্নায়। ফাইনালে দু গোল করে অবশ্য পুষিয়ে দিয়েছিলেন।ইউরোপে খেললেও শেকড়টা বড্ড বেশি টানে ফ্যাবিয়ানোকে। প্রথম দুই ক্লাব সাও পাওলো ও পন্টে প্রেতাকে এখনো অনুভব করেন হূদয় দিয়ে। ক্যারিয়ারে শেষটা তাই শুরুর সঙ্গে মেলাতে চান এক বিন্দুতে। আরিফ রনি