ডাক নাম: এল পিস্তোলেরো (দ্য গানফাইটার)জন্ম: ২৪ জানুয়ারি, ১৯৮৭, জন্মস্থান: সাল্টো, উরুগুয়েউচ্চতা: ৫ ফুট ১১ ইঞ্চিওজন: ৮১ কেজিজার্সি নম্বর: ক্লাবে ৭ (লিভারপুল), জাতীয় দলে ৯পজিশন: ফরোয়ার্ডপ্রিয় ও অন্যান্যখেলোয়াড়: ডিয়েগো ফোরলানআদর্শ ফুটবলার: লিওনেল মেসিস্বপ্নের দল: বার্সেলোনাঅবসর কাটে: পরিবারের সঙ্গে, ঘুরে বেড়িয়েশান্ত ছেলে—এই দাবি তাঁর আপনজনেরাও করতে পারবে না! ‘ভদ্র ছেলে’র দাবিও নয়। যাঁর অদ্ভুত সব কর্মকাণ্ড বারবার ক্লাবকে বেকায়দায় ফেলে, যাঁর ছেলেমানুষি ভুল শোধরাতে গিয়ে ভাইকে বারবার প্রশ্নের মুখোমুখি হতে হয়, ঢুস মেরে যে ছেলে রেফারির নাক ফাটাতে পারেন, আর যাই হোক, শান্ত বা ভদ্র ছেলের তকমা তাঁর মানায় না।চারিত্রিক যে নমুনা পাওয়া যায়, তাতে তাঁকে বলা যায় ডানপিটে। কিছুটা খেয়ালিও। মন যখন যা চাইত, তা-ই করে বেড়াতেন। তবে খেয়ালখুশির মধ্যেও ‘নিয়মিত’ ছিল ফুটবল খেলাটা। ছোট্টটি থাকতেই জীবনের লক্ষ্য হিসেবে ফুটবলকে বেছে নেওয়া। মাঠে আসা-যাওয়ার শুরু তারও আগে, ৪ বছর বয়সে। সেই ছোট ছেলেটিই আজকের লুইস সুয়ারেজ। গত বিশ্বকাপে উরুগুয়েকে সেমিফাইনালে নিয়ে যাওয়া কিংবা সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা এনে দেওয়ার পেছনে যাঁর বড় ভূমিকা। যাঁকে ঘিরে সোনালি দিনে ফিরে যাওয়ার স্বপ্নের মায়াজাল বুনছে লিভারপুল।আজ সুয়ারেজের নাম-যশ, বিত্ত-বৈভব সব হলেও একটা সময় নিদারুণ কষ্টের মধ্যেই বড় হতে হয়েছে তাঁকে। সাত ভাইবোনের সংসার চালাতে গিয়ে মা সান্দ্রা-দিয়াসকে অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজও করতে হয়েছে। বাবা চাকরি করতেন সেনাবাহিনীতে। সুয়ারেজের বয়স যখন ৯, মায়ের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় বাবার। এর পরই অক্টোপাসের মতো অভাব ঘিরে ধরে তাঁদের।পারিবারিক এমন অসচ্ছলতার মধ্যেও ফুটবল খেলা সুয়ারেজের কাছে ছিল বিনোদনের মতোই। ফুটবল খেলতেন তাঁর আরও দুই ভাই। তবে ‘সফল’ সুয়ারেজই। খেলাটার প্রতি তাঁর একাগ্রতাই কাজ করেছে এর পেছনে। দীর্ঘ পথ হেঁটে অনুশীলন করতে যেতে হতো। পরিশ্রম বিফলে যায়নি। ১১ বছর বয়সেই তাঁর ঠিকানা মন্টেভিডিওর ন্যাসিওনাল ক্লাব।সেখানে ছোট লুইসের ফুটবল প্রতিভায় কোচেরা মুগ্ধ হবেন কী, উল্টো তাঁর জ্বালাতনে অতিষ্ঠ হয়ে উঠলেন। ন্যাসিওনালের টেকনিক্যাল পরিচালক ড্যানিয়েল হেনরিকুয়েজ স্মৃতিচারণা করছেন, ‘ছোট্ট সুয়ারেজের কারণে ন্যাসিওনালের সব কোচকেই অনেক ঝামেলা পোহাতে হয়েছে। এর একটি দুর্ঘটনার কথা কখনোই ভুলব না। ১৫ বছর বয়সে লালকার্ড পেয়ে ক্ষুব্ধ হয়ে ও চড়াও হলো রেফারির ওপর। ঢুস মেরে নাক ফাটাল রেফারির।’ন্যাসিওনাল হয়তো তাঁকে বিদায়ই করে দিত। ঈশ্বরের আশীর্বাদ, ওই ক্লাবেই খেলতেন বড় ভাই পাওলো। তিনিই সুয়ারেজকে সব সময় আগলে রাখতেন। সুয়ারেজের খেয়ালিপনা সম্পর্কে পাওলোর স্মৃতিচারণা, ‘ম্যাচ খেলায় সময় একবার টাচলাইনে বসে আমি পিৎজা খাচ্ছিলাম। হঠাৎ সে দৌড়ে এসে বলল, “আমাকে এক টুকরো দাও”।’মাঠে সুয়ারেজের অদ্ভুতুড়ে কাণ্ডের উদাহরণ আরও আছে। ২০১০ ফিফা বিশ্বকাপে ঘানার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে অঘোষিত গোলরক্ষক হয়ে হাত দিয়ে বল থামিয়েছিলেন। আয়াক্সের হয়ে খেলার সময় প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গলায় কামড় দিয়ে সাত ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। ওই ঘটনার পর তো একটা ডাকনামই হয়ে যায় তাঁর, ‘ক্যানিবাল অব আয়াক্স’। মানে আয়াক্সের নরখাদক!২০০৭-এ আয়াক্সে নাম লেখানোর আগে সুয়ারেজ এক মৌসুম কাটিয়েছেন গ্রোনিনজেনে। এই ক্লাবের প্রস্তাবটা একরকম স্বপ্ন হয়েই এসেছিল তাঁর কাছে। যাঁর হূদয়ে হূদয় গাঁথা, বাল্যকালের বান্ধবী সেই সোফিয়া বালবি হঠাৎ করেই পাড়ি জমান বার্সেলোনায়। সুয়ারেজও চাচ্ছিলেন ইউরোপের কোনো ক্লাবে যোগ দিয়ে সোফিয়ার কাছাকাছি থাকতে। তবে গ্রোনিনজেনে নয়, ক্লাব ক্যারিয়ারে তাঁর ফুল হয়ে ফোটা আয়াক্সেই। ২০০৯-২০১০ মৌসুমে ৪৮ ম্যাচে ৪৯ গোল করে হন হল্যান্ডের বর্ষসেরা (ঘরোয়া ফুটবলে) ফুটবলার। আয়াক্স থেকে ২ কোটি ৩০ লাখ পাউন্ডে এ বছরই সুয়ারেজ যোগ দিয়েছেন লিভারপুলে। এতে ‘বড়’ ক্লাবে খেলার স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। তবে আরও একটা স্বপ্নটা আছে, বার্সেলোনায় খেলা। পূরণ হবে কী?