লুকানো খেলাপি ঋণ খুঁজে পেল বাংলাদেশ ব্যাংক
রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংকের অবস্থা আরও খারাপ হয়েছে। বাংলাদেশ ব্যাংক বিশেষ পরিদর্শন চালিয়ে দেখেছে, এই চার ব্যাংকের খেলাপি ঋণ তারা যা বলছে, তার চেয়ে অনেক বেশি। সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের চার হাজার ৩৫৯ কোটি ১১ লাখ টাকার ঋণকে নতুনভাবে খেলাপি হিসেবে শ্রেণীকরণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।ব্যাংক চারটি এত দিন বলেছে, ২০১২ সালের হিসাবে তাদের মোট খেলাপি ঋণ ২০ হাজার ৬৪৭ কোটি ৯৫ লাখ টাকা। অথচ বাংলাদেশ ব্যাংকের হিসাবে খেলাপি ঋণ ২৫ হাজার ৭ কোটি ৬ লাখ টাকা। এর ফলে এই চার ব্যাংকের মোট ঋণের এক-পঞ্চমাংশই এখন খেলাপি ঋণ।হল-মার্ক ও বিসমিল্লাহ গ্রুপ কেলেঙ্কারি ছাড়াও আরও বেশ কিছু প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সরকারি এই চার ব্যাংক একের পর এক অনিয়ম করেছে। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া পরিচালনা পর্ষদ ও ব্যাংক ব্যবস্থাপনার অদক্ষতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্যাংক-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ব্যাংকের মালিক হিসেবে সরকারও এ ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ তথ্য-উপাত্ত শুনে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এটা নতুন শঙ্কার কারণ।’ তিনি প্রথম আলোকে আরও বলেন, ‘এই যে বিপুল পরিমাণ খেলাপি ঋণের হিসাবে গরমিল, এতে বোঝা যায়, ব্যাংকগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা দুর্বল ও কিছুটা দুর্নীতিগ্রস্ত। এ কারণে সঠিকভাবে হিসাব করেনি।’সোনালী ব্যাংক পরিস্থিতি: ১২টি শাখা পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল বেশ কিছু পুনঃ তফসিল করা ঋণে অবাস্তব সময় দেওয়া, কিস্তি পরিশোধ না করা বা কিস্তির আংশিক অর্থ পরিশোধ করার কারণে বিপুল অঙ্কের ঋণ নতুনভাবে খেলাপি চিহ্নিত করে।এতে ব্যাংকটিতে খেলাপি ঋণ (২০১২ সাল ভিত্তিতে) বেড়ে দাঁড়াচ্ছে ৩৫ দশমিক ৩৭ শতাংশ বা ১৩ হাজার ৩৬৬ কোটি ৫৩ লাখ টাকা। এর আগে সোনালী ব্যাংক জানিয়েছিল, তাদের খেলাপি ঋণ ১২ হাজার ৫৩ কোটি ২৬ লাখ টাকা বা মোট ঋণের ৩১ দশমিক ৯০ শতাংশ।সোনালী ব্যাংকের তথ্য অনুসারে, ২০১২ সাল শেষে তাদের নিট লোকসান এক হাজার ২৭৮ কোটি টাকা। নতুন করে খেলাপি ঋণ বাড়ায় এখন লোকসানের পরিমাণ হবে দুই হাজার ৪১৮ কোটি টাকা। ব্যাংকটির রূপসী বাংলা শাখা থেকেই হল-মার্ক গ্রুপসহ ছয়টি প্রতিষ্ঠান তিন হাজার ৬০০ কোটি টাকা জালিয়াতি করে বের করে নিয়েছে। এর পুরোটাই এখন খেলাপি হয়েছে। হল-মার্ক কেলেঙ্কারির প্রভাবে অন্য ব্যাংকেও ব্যবসা কমেছে।জনতা ব্যাংক: রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে এই ব্যাংকটি তুলনামূলক ভালো ছিল। কিন্তু বিসমিল্লাহ গ্রুপের জালিয়াতি, হল-মার্ক কেলেঙ্কারি এবং অতিসম্প্রতি মেসার্স রাঙ্কা সোহেল কম্পোজিট টেক্সটাইলের ঋণ জালিয়াতির কারণে পরিস্থিতি খারাপ হয়েছে। বাংলাদেশ ব্যাংক নতুন করে সোয়া ৪০০ কোটি টাকার ঋণখেলাপি চিহ্নিত করায় এখন ব্যাংকের মোট খেলাপি ঋণ দাঁড়াচ্ছে তিন হাজার ৩৮৬ কোটি ৬৮ লাখ টাকা বা ১১ দশমিক ১৬ শতাংশ। ব্যাংক ডিসেম্বর ভিত্তিতে তাদের খেলাপি ঋণ দুই হাজার ৯৬২ বা ৯ দশমিক ৭৬ শতাংশ উল্লেখ করেছিল। নতুন খেলাপি ঋণের ভিত্তিতে ব্যাংকটির নিরাপত্তা সঞ্চিতিতে (প্রভিশন) ঘাটতি দেখা দেবে। তাতে বাড়বে নিট লোকসানের পরিমাণ। জনতার তথ্য অনুসারে ডিসেম্বর শেষে তাদের নিট লোকসান ছিল ৫৪২ কোটি টাকা। মূলধন ঘাটতিও এখন বাড়বে। ব্যাংকের হিসাবে ডিসেম্বর শেষে মূলধন ঘাটতি ছিল ৮৫০ কোটি টাকা।অগ্রণী ব্যাংক: অগ্রণী ব্যাংকে নতুন করে খেলাপি হয়েছে ৫০৩ কোটি টাকা। এতে ব্যাংকের মোট খেলাপি ঋণ দাঁড়াচ্ছে পাঁচ হাজার ১৬৬ কোটি টাকা বা ২৪ দশমিক ২৯ শতাংশ। ব্যাংকের হিসাবে খেলাপি ঋণ ছিল চার হাজার ৬৬৩ বা ২১ দশমিক ৯৩ শতাংশ। নতুন খেলাপি ঋণের ভিত্তিতে ব্যাংকটির নিরাপত্তা সঞ্চিতিতে (প্রভিশন) ঘাটতি বাড়বে। এমনিতেই ব্যাংকটিতে তাদের হিসাব অনুসারে সঞ্চিতি ঘাটতি ছিল এক হাজার ২৬৭ কোটি টাকা। নতুন ঋণখেলাপি হওয়ায় নিট মুনাফা কমে আসবে। একই কারণে মূলধন ঘাটতিও বাড়বে। ব্যাংকের হিসাবে মূলধন ঘাটতি প্রায় ৪৪৮ কোটি টাকা।রূপালী ব্যাংক: মাদার টেক্সটাইল, মাদারীপুর স্পিনিং ও বেন টেক্সকে দেওয়া ঋণে অনিয়ম থাকায় বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল সেগুলো খেলাপি করে। ব্যাংকটি ২০১২ সাল শেষে হিসাব কষে বলেছিল, তাদের খেলাপি ঋণের পরিমাণ ৯৬৯ কোটি ৩৯ লাখ টাকা বা মোট বিতরণ করা ঋণের ১০ দশমিক ৬৫ শতাংশ। কিন্তু নতুনভাবে খেলাপি চিহ্নিত করায় এখন মোট খেলাপি ঋণ দাঁড়াচ্ছে তিন হাজার ৮৭ কোটি ৪৫ লাখ টাকা বা ৩৩ দশমিক ৯০ শতাংশ।নতুন খেলাপি ঋণের ভিত্তিতে ব্যাংকটির নিরাপত্তা সঞ্চিতিতে (প্রভিশন) ঘাটতি বাড়বে। এ ক্ষেত্রে ঘাটতি ছিল ১২৬ কোটি টাকা। নতুন ঋণখেলাপি হওয়ায় নিট মুনাফাও কমবে। তাদের হিসাবে নিট মুনাফা ছিল ১৩১ কোটি টাকা। এখন মূলধন ঘাটতি তৈরি হবে। ব্যাংকের হিসাবে ডিসেম্বর শেষে মূলধন ঘাটতি ছিল না, বরং ৮০ কোটি টাকা অতিরিক্ত মূলধন ছিল।যোগাযোগ করা হলে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংক তাদের কিছু ঋণ গুণগত মান বিবেচনায় এবং কিছু বিধিবিধান বিবেচনায় খেলাপি করেছে। তিনি বলেন, ‘আমরা এগুলো পর্যালোচনা করছি। তার ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেব। পর্যালোচনায় পাওয়া তথ্য-উপাত্ত নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বসে ঠিক করা হবে, প্রকৃতপক্ষে খেলাপি ঋণ কত হয়।’ তবু পুরস্কার: চারটি ব্যাংকের মধ্যে অন্যতম খারাপ অবস্থানে থাকা রূপালী ব্যাংক সম্প্রতি সার্কের প্রতিষ্ঠান সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) দেওয়া ‘সাফা অ্যাওয়ার্ড’ পেয়েছে। ২০১১ সালে রাষ্ট্র খাতের ব্যাংকগুলোর স্বচ্ছতা, জবাবদিহি এবং সুশাসন প্রতিষ্ঠায় সেরা পুরস্কার পায় তারা। মজার ব্যাপার হচ্ছে, আন্তর্জাতিক অঙ্গন থেকে পুরস্কার পেয়েছে সোনালী ও জনতা। সোনালী ব্যাংক স্ট্রাটেজিক বিজনেস ইন্টেলিজেন্স দি এশিয়ান ব্যাংকারের দেওয়া ‘দ্য স্ট্রংগেস্ট ব্যাংক ইন বাংলাদেশ, ২০১২’ পুরস্কার নিয়েছে জাপান থেকে। আর জনতা ব্যাংক পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের (এবিএফ) ‘হোলসেল ব্যাংকিং অ্যাওয়ার্ড ২০১২’।