লুকিয়ে থাকা স্বপ্নকে আনতে হবে আলোতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরই ডাচ্-বাংলা ব্যাংক ও প্রথম আলোর গণিতের এই আয়োজন দেখছি। ভাবতাম, গণিতের আবার অলিম্পিয়াড কী রকম? এখন এটা বুঝি। গণিতকে আমার খুব একটা পছন্দ না, তার পরও আস্তে আস্তে বুঝলাম যে গণিতের মধ্যেও মজা লুকিয়ে থাকে। একটু চেষ্টা করলে এই রঙিন মজাটা বুঝতে পারা যায়। গণিতের আসরে যেসব প্রশ্ন হয়, তা বোঝা একটু কষ্টকর, কিন্তু চেষ্টা করলে ওগুলোও পারা যায়। আসলে গণিত শেখাটা শুধু চেষ্টাই না, এর মধ্যে অনেক সুযোগও থাকতে হয়। অনেকের মধ্যেই এই গণিত উত্সবে যোগদান করার ইচ্ছা দেখেছি, এমনকি ইচ্ছাটা আমারও ছিল। কিন্তু অনেক ক্ষেত্রে সুযোগ-সুবিধাই বড় হয়ে দাঁড়ায়, সমস্যাও থাকে অনেক। প্রথম প্রথম খুব ইচ্ছা হতো, গণিত উত্সবে যোগ দেব বলে ভাবতাম। কিন্তু গণিতের উত্সবে যোগ দেওয়ার তেমন কোনো সুযোগ হয়নি। এমন অনেকেই আছে, যারা একটু সুযোগ পেলে অনেক কিছু দেখাতে পারে। থাক সে কথা। বছরের শুরু থেকেই আয়োজিত হয় গণিত উত্সব। তারপর কিছুদিন চলে বাছাইপর্ব। অবশেষে জাতীয় বিজয়ীদের নিয়ে যাওয়া হয় আইএমওতে। তারপর পরীক্ষা, ফলাফল ও ঘুরে বেড়ানো। মজার অনুভূতি আর অভিজ্ঞতা। নিজে হয়তো অংশ নিতে পারিনি, তাতে আমার কোনো দুঃখ নেই। আমার মতো অনেকেই যাচ্ছে, দেশের জন্য কিছু নিয়ে আসছে, বিশ্ব আমাদের চিনছে। কিছু আশা, কিছু চেষ্টা, কিছু প্রাপ্তি—এই তো সব। সামিন রিয়াসাত, নাজিয়া চৌধুরী, তারিক আদনানসহ অনেকেই তো আমাদের এই চেষ্টার সফলতার অগ্রগামী পথিক। প্রতিবছর দেশ এদের মতো আরও অগণিত গণিতপ্রেমীকে লাভ করুক, এটাই আমাদের ইচ্ছা। গতবার আমরা ব্রোঞ্জ পেয়েছি, আশা করি সামনে আরও বড় কিছু প্রাপ্তি হবে। আমরা যেন গণিতকে ভয় না করে একে আরও বেশি ভালোবাসি। চীনের ছেলেমেয়েরা আইএমওতে যে সেরা হচ্ছে, আমাদেরও চেষ্টা থাকে যেন সেরা হওয়ার। আমরা যেন সেই স্বপ্ন পূরণ করতে পারি। এবার যারা গণিতে সফল হয়েছে এবং সামনে যারা সফল হবে, তাদের সবার প্রতি এই খুদে গণিতপ্রেমীর ভালোবাসা রইল।মো. ওলিউল্লাহপাবনা।