লুজিয়ানায় আইজ্যাকের প্রচণ্ড আঘাত
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লুজিয়ানার উপকূলে গতকাল মঙ্গলবার রাতে আঘাত হেনেছে হারিকেন আইজ্যাক। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও বিস্তারিত জানা যায়নি। হারিকেনটি ক্রমে নিউ অরলিন্স উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।খবরে বলা হয়, লুজিয়ানার উপকূল এলাকায় আঘাত হানে হারিকেন আইজ্যাক। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার (ঘণ্টায় ৮০ মাইল)। ঝোড়ো হাওয়ার সঙ্গে সেখানে প্রবল বর্ষণ হয়। লুজিয়ানার কিছু এলাকায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। এতে এসব এলাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে।লুজিয়ানা ও মিসিসিপির নিচু এলাকার অনেক ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান আইজ্যাকের আঘাতে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকায় ওই দুই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। অঙ্গরাজ্য দুটিতে কেন্দ্রীয়ভাবে ত্রাণকার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের ব্যবস্থা করা হয়েছে।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, গতকাল স্থানীয় সময় রাত আটটার দিকে হারিকেনটি নিউ অরলিন্স থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল এবং ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার বেগে শহরের দিকে ধেয়ে আসছিল।বন্যা প্রতিরোধে নিউ অরলিন্স শহরের নতুন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শহরটির বাসিন্দাদের ভাগ্যের ওপর নির্ভর না করে হারিকেনের গতিপথ ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে বলে জানা গেছে।২০০৫ সালের ২৯ আগস্ট হারিকেন ক্যাটরিনার আঘাতে বিধ্বস্ত হয়েছিল উপকূলীয় এ শহরটি। এতে এক হাজার ৮০০ মানুষের প্রাণহানি ঘটে।হারিকেনটির আঘাতে হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রে এর মধ্যে ২৩ জন নিহত হয়েছে। এ ছাড়া এই ঝড়ের কারণে ক্যারিবীয় অঞ্চলে বন্যা দেখা দেয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।