লুট হওয়া ভাস্কর্য ফিরল আফগানিস্তানে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের জাতীয় জাদুঘর থেকে একে একে লুট হয়েছে অনেক ভাস্কর্য। তবে সুখবর হলো ২০০৭ সাল থেকে সেগুলো খুঁজে বের করা হচ্ছে। ফিরিয়ে আনা হচ্ছে। সে দেশের জাদুঘরে এক হাজার ৮০০ বছরের পুরোনো এক ভাস্কর্য ফিরেছে। রয়টার্সে প্রকাশিত এক খবরে এমনটাই জানা গেছে।সম্প্রতি জার্মানি ওই ভাস্কর্যটি আফগানিস্তানের জাদুঘর কর্তৃপক্ষকে ফেরত দিয়েছে। ওই ভাস্কর্যের গায়ে সময় উল্লেখ ছিল ২০০ খ্রিষ্টাব্দ। সেখানে সব মানুষের মুখ বাঁ-দিকে ঘোরানো দেখা গেছে। সিংহাসনে বসা বুদ্ধকে দেখতেই তাদের সবার এ রকম ভঙ্গিমা।১৯৯০ সালে চলা গৃহযুদ্ধের সময় আফগানিস্তানের জাতীয় জাদুঘর থেকে ৭০ হাজারেরও বেশি ভাস্কর্য লুট হয়। ওই জাদুঘরের পরিচালক ওমারা খান মাসৌদি জানান, ‘আমি আশাবাদী যে ভবিষ্যতে আরও অনেক ভাস্কর্য আমরা ফেরত পাব। অন্য বেশ কিছু জাদুঘরের সঙ্গে সুসম্পর্ক থাকায় আমরা ভাস্কর্যগুলো ফেরত পাচ্ছি। বিশেষ করে বেশি বিখ্যাত মিউজিয়ামগুলোর সঙ্গে সুসম্পর্ক থাকার কারণেই আফগানিস্তানে ভাস্কর্যগুলো ফেরত আসছে।’ খুব শিগগিরই আরও একটি ভাস্কর্য ফেরত পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ওই জাদুঘরের পরিচালক আরও বলেন, ২০০৭ সাল থেকে ইউনেস্কো ও ইন্টারপোলের সহায়তায় আট হাজারের বেশি ভাস্কর্য আফগানিস্তানে ফেরত গেছে। রয়টার্স।