লুটপাটের জন্যই গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করেছেন, গ্রামীণ ব্যাংকের শতকোটি টাকা লুটপাট করার লক্ষ্যেই সরকার ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এ কারণে গ্রামীণ ব্যাংকের জন্য আলাদা আইন করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার ও গ্রামীণ ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে রফিকুল ইসলাম মিয়া এ কথা বলেন। বাংলাদেশ প্রজন্ম একাডেমি নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করেন, সরকার ড. ইউনূসকে বাদ দিয়ে এমন ব্যবস্থা করতে চায়, যাতে রাজনৈতিক গোষ্ঠী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ও লুটপাট করতে পারে। ড. ইউনূস প্রতিহিংসার শিকার—এ মন্তব্য করে তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে তাঁর (মুহাম্মদ ইউনূস) বিরুদ্ধে যেভাবে আক্রোশ দেখানো হয়েছে এবং যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একজন ব্যক্তির বিরুদ্ধে এমনটা নজিরবিহীন।ব্যক্তিগত আক্রোশের বশে ড. ইউনূসের বিরুদ্ধে কিছু না করার আহ্বান জানিয়ে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘এটি করা হলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ব্যক্তিগতভাবে ড. ইউনূস কোনো অন্যায় করলে তার তদন্ত করে ব্যবস্থা নিতে পারেন। কিন্তু গ্রামীণ ব্যাংককে ধ্বংস করবেন না।’