লুটে বাধা দেওয়ায় খুন হন চিকিৎসক নারায়ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুটপাটে বাধা দেওয়ায় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত (৪৭) খুন হয়েছেন। সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তারের পর গতকাল শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে এমনই দাবি করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবও একজনকে গ্রেপ্তার করেছে।ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন পেদা মাসুদ (২৫), মো. ফয়সাল (৩০), পিচ্ছি কালাম (২৬) ও সাইদুল ইসলাম (৩৭)। ডিবির দাবি, গত শুক্রবার মহাখালী ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহূত দুটি ছোরা, একটি চাপাতি, দুটি শাবল, চার জোড়া হাতের চুড়ি এবং রক্তমাখা লুঙ্গি, তোয়ালে ও গেঞ্জি উদ্ধার করা হয়েছে।অপরদিকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. কামাল (৩০)। গতকাল বিকেলে তাঁকে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।গতকাল মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া চারজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। চুরি করতেই তাঁরা ওই বাসায় ঢুকেছিলেন বলে স্বীকার করেন।সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিসি) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া চারজন জানান, ওই দিন রাতে খালি বাসা ভেবে কয়েকজন লুটপাট করতে ওই বাসায় গিয়েছিলেন। কিন্তু নারায়ণ লুটপাটে বাধা দিলে তাঁরা তাঁকে ছুরিকাঘাত করেন। ডিবির কর্মকর্তা বলেন, এটা প্রাথমিক তথ্য। পরিবার ও চিকিৎসক নেতাদের পক্ষ থেকে এ ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।গ্রেপ্তার হওয়া ফয়সাল সাংবাদিকদের বলেন, ওই দিন রাতে তাঁরা সাতজন ওই বাসায় ঢোকেন। দোতলায় জানালার গ্রিল কেটে ভেতরে যান মিন্টু, কামাল (র‌্যাবের হাতে গ্রেপ্তার) ও পিচ্ছি কালাম। বাসার বাইরে ছিলেন গ্রেপ্তার হওয়া সাইদুল ও পেদা মাসুদ। ভেতরে ঢুকে প্রথমে তাঁরা নারায়ণকে বেঁধে ফেলেন। তার পরও নারায়ণ বাধা দিলে তাঁকে ছুরিকাঘাত করা হয়।ফয়সালের দাবি, ঘটনার মূল পরিকল্পনাকারী মিন্টু। ঈদের আগে মিন্টুই তাঁকে ওই বাসায় চুরি করলে টাকা-পয়সা পাওয়া যাবে বলে জানান। পরে তিনি অন্যদের সম্পৃক্ত করেন। তাঁরা কেউই আগে থেকে নারায়ণকে চিনতেন না বলে জানান।পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, গ্রেপ্তার হওয়া পিচ্ছি কালাম, সাইদুল ও পেদা মাসুদ মহাখালীর সাততলা বস্তিতে থাকেন। ফয়সালের বাসা লালবাগে হলেও সাততলা বস্তিতে তাঁর আসা-যাওয়া রয়েছে।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে বলেন, নারায়ণ হত্যার ঘটনায় গতকাল বিকেলে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে কামালকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের একটি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল র‌্যাবকে জানান, তাঁরা ওই বাসা থেকে ৫০ ভরি স্বর্ণ ও ১৫ লাখ টাকা লুট করেন। লুট করা মালামাল মিন্টুর কাছে আছে বলে কামাল জিজ্ঞাসাবাদে জানান।গত বৃহস্পতিবার ভোরে বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসকদের আবাসিক বাসায় খুন হন চিকিৎসক নারায়ণ। শুরু থেকে পুলিশ ধারণা করছিল, চুরি-ডাকাতিতে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা তাঁকে খুন করেছে। তবে নিহতের স্বজন ও সহকর্মী চিকিৎসকদের অভিযোগ, চিকিৎসক নারায়ণকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।