লুটের সম্পদ রক্ষায় মরিয়া আ.লীগ: নোমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান অভিযোগ করেছেন, দুর্নীতির মাধ্যমে লুট করা সম্পদ রক্ষার জন্যই দলীয় সরকারের অধীনে নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে আজ বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।আবদুল্লাহ-আল নোমানের দাবি, ফখরুদ্দীন-মইনউদ্দিনের সঙ্গে আঁতাত করে বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় এসেছে। তাই দেশে সংবিধানসম্মত সরকার আছে কি না, তা ভবিষ্যতে আদালত নির্ধারণ করবে বলে তিনি মন্তব্য করেন। বিএনপির এই নেতার অভিযোগ, দেশে এখন একদলীয় বাকশালী শাসন চলছে। আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানোর আহ্বান জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সাংসদ আশিফা আশরাফি পাপিয়া প্রমুখ।