লুটেরা শাসকদের কারণেই দেশের এই দৈন্যদশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ‘বাংলাদেশের যে সম্পদ আছে তা দিয়ে দু’টো বাংলাদেশ চালানো সম্ভব। অথচ লুটেরা শাসকদের কারণেই আজ দেশের এই দরিদ্র ও দৈন্যদশা। এই অবস্থার অবশ্যই পরিবর্তন করতে হবে।মাগুরছড়া দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন। সভায় বক্তারা মাগুরছড়া ও টেংরাটিলায় বিস্ফোরণের জন্য মার্কিন কোম্পানি শেভরন ও কানাডীয় কোম্পানি নাইকোর কাছ থেকে ৪৫ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করে জ্বালানি খাতসহ জাতীয় উন্নয়নে বরাদ্দ করার দাবি জানান। সভাপতির বক্তব্যে প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘দেশের সম্পদ যারা লুট করে, দেশের সম্পদ যারা ধ্বংস করে তাদের কাছ থেকে কমিশন খেয়ে দেশের সর্বনাশ করছে এ দেশের বিভিন্ন ধনিক শ্রেণীর সরকার। জনগণকেই তাদের পাওনা আদায় করতে হবে।মূল বক্তব্যে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, মাগুর ছড়া ও টেংরাটিলায় যে পরিমাণ গ্যাস সম্পদ নষ্ট হয়েছে তা দিয়ে দুই বছর ধরে বর্তমান উৎপাদিত গ্যাস বিদ্যুতের দ্বিগুণ বিদ্যুত্ উৎপাদন সম্ভব ছিল। আর তা হলে কোন ধরনের বিদ্যুৎ সংকট থাকতো না। এত বড় ক্ষতি যারা করেছে তাদের শাস্তি না দিয়ে ক্ষতিপূরণ আদায় না করে উল্টো নানামুখী সুবিধা দিয়ে গত ১৫ বছর সরকারগুলো নিজেদের গণশত্রুর পরিচয়ই উন্মোচন করেছে বলে তিনি মত প্রকাশ করেন। আলোচনা সভা পরিচালনা করেন বজলুর রশিদ ফিরোজ। উপস্থিত ছিলেন সৈয়দ আবু জাফর আহমেদ, রাগিব আহসান, মোস্তাক আহমেদ, শহিদুল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ।