লুৎফুর রহমান টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব লন্ডনের বাঙালি-অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান বিজয়ী হয়েছেন। গত বুধবার স্থানীয় সময় দিবাগত রাত আড়াইটায় বেথনাগ্রিন ইয়র্ক হলে নির্বাচন কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে এই প্রথম সরাসরি ভোটে মেয়র নির্বাচন হলো। নির্বাহী ক্ষমতাসম্পন্ন এবারের মেয়র হবেন কাউন্সিলের সর্বময় ক্ষমতার অধিকারী।ফলাফলে দেখা গেছে, লুৎফুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৩ হাজার ২৮৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির অপর বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হেলাল আব্বাস পেয়েছেন ১১ হাজার ২৫৪ ভোট। এ ছাড়া রক্ষণশীল দলের নিল কিং পাঁচ হাজার ৩৪৮ এবং লিবারেল ডেমোক্রেটিক দলের প্রার্থী জন গ্রিফিথ পেয়েছেন দুই হাজার ৮০০ ভোট। লুৎফুর রহমান মোট ভোটের ৫১ দশমিক ৭৬ শতাংশ পেয়েছেন।লুৎফুর রহমান এর আগে তিনবার লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও দলের কেন্দ্রীয় নীতিনির্ধারকেরা এবারের প্রার্থিতা নির্বাচনে লুৎফুর রহমানকে বাদ দিয়ে তৃতীয় অবস্থানে থাকা হেলাল আব্বাসকে মনোনয়ন দেন। লুৎফুর রহমান ও লেবার পার্টির আটজন কাউন্সিলর এর প্রতিবাদ করেন এবং লুৎফুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন।বিজয়ের পর লুৎফুর রহমান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, তিনি ধর্ম-বর্ণনির্বিশেষে সবার জন্য কাজ করতে চান। লুৎফুর রহমানের জন্ম বাংলাদেশের সিলেট জেলার বালাগঞ্জে। তিনি লন্ডনে আসেন ১৯৭১ সালে।এদিকে, লুৎফুর রহমানকে ফের দলে ফিরিয়ে আনা হবে কি না, তা জানতে চাইলে লেবার পার্টির স্থানীয় এমপি বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী কোনো মন্তব্য করতে চাননি।আগামী সোমবার লুৎফুর রহমানের নির্বাহী মেয়র হিসেবে শপথ নেওয়ার কথা।