লেকচার প্রকাশনীর বইয়ে প্রথম আলো, আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেআইনিভাবে প্রথম আলো লোগো ব্যবহার করে গাইড বই প্রকাশের অভিযোগে লেকচার পাবলিকেশন্সকে আইনি নোটিশ পাঠিয়েছে প্রথম আলোর প্রকাশনা সংস্থা মিডিয়াস্টার লিমিটেড। গতকাল মঙ্গলবার মিডিয়াস্টার লিমিটেডের পরিচালক মতিউর রহমান নোটিশটি পাঠান। গাইড বইটির নাম ‘লেকচার Self-Study সিরিজ: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, ২০১০ পরিবর্তিত প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন অনুযায়ী সুপার সাজেসন্স, পূর্ণাঙ্গ উত্তরমালা, স্পেশাল মডেল টেস্ট, ৬০০ নম্বরের পূর্ণাঙ্গ বই’।আইনি নোটিশে লেকচার পাবলিকেশন্সকে নোটিশ পাওয়ার পর অনতিবিলম্বে ওই বইয়ের প্রকাশনা ও বাজারজাতকরণ বন্ধ করতে এবং এক সপ্তাহের মধ্যে বাজারে বিদ্যমান ওই বইয়ের সব কপি সরিয়ে নিতে বলা হয়।মিডিয়াস্টার লিমিটেডের পক্ষে আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকীর দেওয়া নোটিশে বলা হয়, প্রথম আলো নামক চারুকর্মটি মিডিয়াস্টার লিমিটেডের মালিকীয় প্রতিষ্ঠান প্রথম আলো পত্রিকার লোগো। যার কপিরাইটের একমাত্র মালিক মিডিয়াস্টার লিমিটেড। লেকচার পাবলিকেশন্স তাদের ওই বইয়ের মূল প্রচ্ছদ, শেষ প্রচ্ছদ ও তৃতীয় পাতায় প্রথম আলো লোগো ব্যবহার করে। শেষ প্রচ্ছদে প্রথম আলোর গত ২৮ আগস্ট, ২০১০ সংখ্যার ‘পড়াশোনা’ পাতার ছবি ছাপায়। এ ক্ষেত্রে তারা মিডিয়াস্টার বা প্রথম আলো কর্তৃপক্ষের কোনো পূর্বানুমতি বা লাইসেন্স নেয়নি, যা কপিরাইট আইনের সুস্পষ্ট লঙ্ঘন।নোটিশে আরও বলা হয়, প্রথম আলো আদর্শিকভাবে শিক্ষার্থীদের জন্য নোট বা গাইড বই প্রকাশের বিরুদ্ধে। লেকচার পাবলিকেশন্স সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্যে ও অসাধু উপায়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তাদের নোট বইয়ে লোগো ব্যবহার করেছে। এতে ছাত্রছাত্রী, অভিভাবক ও ক্রেতাসাধারণ বিভ্রান্ত হয়েছেন এবং প্রথম আলোর সুনাম-সুখ্যাতি-স্বাতন্ত্র্যের অপূরণীয় ক্ষতি হয়েছে। এ জন্য নোটিশে লেকচার পাবলিকেশন্সের কাছ থেকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। নোটিশে বলা হয়, নোটিশ অনুযায়ী পদক্ষেপ না নেওয়া হলে লেকচার পাবলিকেশন্সের বিরুদ্ধে শিগগির উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।