লেকের বুক চিরে স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান লেকের ঠিক মাঝখানে কালো রঙের সাইনবোর্ড। সাদা রঙে লেখা, ‘জমির প্রকৃত মালিক মৃত মীর মোহাম্মদের (শেখ মীরু) সকল ওয়ারিশ’। জায়গার পরিমাণ প্রায় আড়াই একর। শাহরিয়ার আজিম রিটু নামের এক ব্যক্তি এটি দেখাশোনার দায়িত্বে আছেন।গুলশান ২৩/সি নম্বর সড়কের একটি বাড়ির তত্ত্বাবধায়ক ফজলুল হক জানান, দিন দশেক আগে সাইনবোর্ডটি বসানো হয়েছে। সাইনবোর্ডের নিচের অংশে একটি মোবাইল ফোন নম্বর ছিল, পরে মুছে ফেলা হয়।ওই সাইনবোর্ডের ২০০ গজ দূরে গুলশান লেকের মধ্যেই নতুন টিনের ঘর উঠছে ১২টির মতো। যারা ঘর তুলেছে, তাদের দাবি, নিজস্ব জায়গায় তারা ঘর তুলেছে। কেউ বলছে, পৈতৃক জমি; কেউ বলছে, ক্রয়সূত্রে মালিক। আশপাশে যেসব জায়গায় এখনো ঘর ওঠেনি, সেগুলোরও মালিকানা দাবি করছে অনেকে। লাল রঙের বাঁশের সীমানাখুুঁটিও দেওয়া হয়েছে।লেকের তত্ত্বাবধানের দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। যোগাযোগ করা হলে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, এখন লেক এলাকায় ব্যক্তি-মালিকানার কোনো জমি থাকতে পারে না। একশ্রেণীর দখলদার ভূমি অফিসের অসাধু চক্রের মাধ্যমে ভুয়া দলিল সংগ্রহ করে মালিক বনে গেছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ঢাকার জেলা প্রশাসক মো. মহিবুল হক বলেন, ‘লেকের মধ্যে ব্যক্তিমালিকানার জায়গা থাকার কোনো সুযোগ নেই। লেক এলাকাসহ রাজধানীর প্রায় ৫০ শতাংশ জমির পরচা আমাদের অফিস থেকে বেরোয়, যেগুলো ভুয়া। অনেকে এই ভুয়া দলিল দেখে জায়গা কিনে ফেলেন।’গতকাল শুক্রবার দুপুরে এলাকায় গিয়ে দেখা যায়, গুলশান এভিনিউর ৩২ ও ৩৩ নম্বর সড়কের বিপরীত দিকে করাইল বস্তির পেছনে লেকের মধ্যে এ ধরনের নতুন নতুন ঘর গড়ে উঠছে। একটি ঘরের মালিক বিলকিস বেগম। এই প্রতিবেদককে তিনি বলেন, ১৯৮৩ সালে এখানে চার শতাংশ জায়গা কেনেন তিনি। এখানে লেকের জায়গা থাকার প্রশ্নই ওঠে না। তাঁর জায়গা রেজিস্ট্রি করা আছে। নিয়মিত খাজনাও দেন। তিনি বলেন, ‘লেকের জায়গা হচ্ছে ৩০ ফুট, আপনি মাইপা দ্যাখেন ৩০ ফুট আছে কি না।’ তবে রাজউক সূত্র বলেছে, লেকের প্রস্থ কোথাও কোথাও ১০০ ফুটও রয়েছে।বিলকিস বেগমের জায়গার পাশেই পৌনে ১৭ শতাংশ জায়গার মালিক টিঅ্যান্ডটির সাবেক গাড়িচালক কবির উদ্দিন মোল্লা। তিনি প্রথম আলোকে বলেন, স্বাধীনতার আগে তিনি তাঁর শ্বশুরবাড়ির পক্ষের কাছ থেকে এই জমি কেনেন। তাঁর দাবি, জায়গাটি তাঁর শাশুড়ির পৈতৃক সম্পত্তি ছিল। এখানে বাড়ি না করে টিনের ঘর কেন তুলেছেন, এমন প্রশ্ন করলে তিনি বলেন, এখানে মাটি ফেলার চেষ্টা করেও সম্ভব হচ্ছে না। তাই টিনের ঘর তুলেছেন। তিনি নিয়মিত খাজনা দেন বলে দাবি করেন।লেকের ভেতরে জমির দাবিদার এ ধরনের আরও অনেকেই আছেন।পাঁচ বছর আগে লেকের পাড়ে টিনের ঘর তুলে বসবাস করছেন ফোরকান পারভেজ। সাবেক এই সরকারি কর্মকর্তা বলেন, এখানে সরকারি জায়গাতেই তিনি বসবাস করছেন। কর্তৃপক্ষ যখন বলবে, উঠে যাবেন। তবে কিছু দিন আগে তাঁর ঘরের সামনে লেকের মধ্যে একটি বাঁশের মাচা করতে গিয়ে তিনি বাধা পেয়েছেন পাঁচ ব্যক্তির কাছ থেকে। এঁদের একজন একটি বিলুপ্ত সিনেমা হলের অংশীদার ছিলেন, একজন থাকেন ডিওএইচএসে, একজন বনানীতে। এঁরা সবাই ধনাঢ্য ব্যক্তি। তাঁর প্রশ্ন, একই জায়গার মালিক পাঁচ ব্যক্তি হয় কী করে?সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহাখালী-বনানী লেকের ১০০ একর আয়তনের মধ্যে ৪০ একর জমি কেউ দেখাশোনা করে না। লেকটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজউকের। কিন্তু লেকের এই অংশটি অবহেলায় পড়ে আছে।এই ৪০ একর জায়গা এখন টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নিয়ন্ত্রণে। রাজউকের চেয়ারম্যান বলেন, লেক উন্নয়ন প্রকল্পের আওতায় করাইল লেকপাড়ে বিটিসিএলের পুরো জায়গা রাজউকের অধীনে আনার বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন মিলেছে। এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, মন্ত্রণালয় থেকে এ ধরনের একটি চিঠি তাঁরা পেয়েছেন। এর ভিত্তিতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।জানা যায়, রাজধানীর উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত গুলশান-বারিধারা লেক এবং মহাখালী-বনানী লেকের ২৩০ একর জায়গা রয়েছে। এগুলোর মধ্যে ১৩০ একর জায়গা নিয়ে গুলশান-বারিধারা লেক এবং ১০০ একর জায়গা নিয়ে মহাখালী-বনানী লেক। করাইল এলাকার মতো বহু জায়গা বেদখলে রয়েছে।লেক উন্নয়ন প্রকল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক রাজউকের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘দখলদাররা সবাই প্রভাবশালী। অনেক চেষ্টা করেও বড় দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। আপনারও লিখে কিছুই করতে পারবেন না।’ রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা বলেন, দখলদারদের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে। ভ্রাম্যমাণ আদালতকে ঘটনাস্থলেই জেল-জরিমানা করার যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা এখানে প্রয়োগ করা হবে। তিনি বলেন, অন্য স্থানের মতো লেক এলাকায় সিএস দাগ বা আরএস দাগের ভিত্তিতে মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার অবকাশ নেই। কারণ, লেক এলাকার জায়গা দাগের ভিত্তিতে নির্ধারিত হয় না। এটা হয় রাজউকের নিজস্ব সড়কের নাম, নম্বর ও প্লটের ভিত্তিতে। তাই যারা লেক ভরাট করে বিক্রি করছে, তাদের থেকে সাবধান থাকতে হবে। প্রভাবশালীদের ভরাট-দখল: রাজউকের তথ্য অনুযায়ী, গুলশান ১ নম্বর গোল চক্কর থেকে কিছু দূরে মহাখালী ব্র্যাক সেন্টারের বিপরীত দিকে মহাখালী-বনানী লেকের পশ্চিম পাড় দখল করে তৈরি হয়েছে একটি বহুতল ভবন। এ ভবনটি নিয়ে মামলাও চলছে বলে রাজউক সূত্র জানায়। ভবনটির পাশে গাউসুল আযম মসজিদের পেছনে অন্তত দুই বিঘা জায়গা ভরাট করা হয়েছে। রাজউকের সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রকৌশলী জানান, ভরাটের বিষয়ে সন্দেহভাজন ব্যক্তিকে প্রশ্ন করার পর তাঁকে টেলিফোনে হুমকি দেওয়া হয়েছে।গুলশান ২৩বি নম্বর সড়কে লেকের বিশাল জায়গা ভরাট করে সাততলা ভবন নির্মাণ করেছেন একটি প্রপার্টিজ লিমিটেডের মালিক মোস্তাক খান। ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন আইন না মেনে ভবন নির্মাণ করায় তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজউক তিন দফায় তাঁর নির্মাণাধীন বাড়ি ভেঙে দেওয়া হয়। ওই সময়ে প্রথম আলোয় এ বিষয়ে খবর ছাপা হয়। পরে উচ্চ আদালত এ বিষয়ে স্থিতাবস্থা দেন। তবে এরই মধ্যে ভবনটির নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে।শাহজাদপুরে লেকের মধ্যে ১৮টি প্লট: মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছে গুলশান ১০৬ নম্বর সড়ক এলাকার উত্তর পাশে শাহজাদপুর লেকের জায়গায় ১৮টি প্লট তৈরি করা হয়েছে। এলাকায় গিয়ে দেখা যায়, এসব প্লটে অন্তত ২৫টি টিনের ঘর তোলা হয়েছে।সেখানে পাঁচটি প্লট অন্য প্লট থেকে লেকের দিকে অন্তত চার ফুট এগিয়ে। এলাকার দোকানি শামসুল আলী বলেন, আগে সব প্লট একই সীমানা বরাবর তৈরি করার পর এগুলো নতুন করে জায়গা ভরাট করা হয়েছে।গুলশান সোসাইটির দাবি: গুলশানে বসবাসরত বাসিন্দাদের সংগঠন গুলশান সোসাইটির একাধিক নেতার অভিযোগ, গুলশানের ২১, ২২, ২৩, ২৪, ২৬, ২৮, ৫৫, ১০৫, ১১৮, ও ১৩৬ নম্বর সড়ক এলাকাসংলগ্ন লেকে সবচেয়ে বেশি জায়গা দখল করা হয়েছে। সোসাইটির নেতারা বলেছেন, রাজউকের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে একটি স্বার্থান্বেষী চক্র লেক ভরাট ও বরাদ্দের সঙ্গে যুক্ত। লেক রক্ষার দাবিতে সোসাইটি বিভিন্ন সময় এলাকায় বিক্ষোভ করলেও কোনো ফল পাওয়া যায়নি।