লেখক ঈশিতা
লেখক হিসেবে আত্মপ্রকাশ করলেন অভিনেত্রী ও পরিচালক রুমানা রশীদ ঈশিতা। ভালোবাসা দিবস উপলক্ষে এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর গল্পের বই ‘নীরবে’। এটি ঈশিতার প্রথম প্রকাশিত গল্পের বই। ঈশিতা বলেন, ‘আসলে বই প্রকাশের বিষয়টি একেবারে হঠাত্ করেই। এই মুহূর্তে বইটি প্রকাশের সে রকম কোনো চিন্তা-ভাবনাই ছিল না। প্রকাশনী সংস্থা থেকে বারবার অনুরোধ ছিল তাই রাজি হয়ে গেলাম।’জানা গেছে, নীরবে একটি সাধারণ প্রেমের গল্প। ২০০৮ সালে ভালোবাসা দিবসের ঈশিতারই লেখা একটি নাটকের ভাবনা থেকেই গল্পের বইটি লেখা হয়েছে।ঈশিতা আরও বলেন, ‘আমি কিন্তু এরই মধ্যে বইমেলায়ও গিয়েছিলাম। বই প্রকাশের ব্যাপারে সবাই আমাকে বেশ উত্সাহ দিয়েছেন। বিষয়টি আমাকে অনেক আনন্দ দিয়েছে। ’তা লেখালেখি কি অব্যাহত থাকবে এমন প্রশ্নের উত্তরে ঈশিতা বলেন, ‘মাত্র প্রথম বইটি প্রকাশিত হলো। এটির সাফল্যও কিন্তু আমাকে উত্সাহিত করবে বলে মনে করছি। তবে ইচ্ছে আছে লেখালেখিটা নিয়মিত করার।’ঈশিতার গল্পের বই নীরবে প্রকাশ করেছে শব্দশিল্প প্রকাশনী।