নতুন বছরের শুরুতেই লেখক-পাঠক-প্রকাশকদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ এক পুনর্মিলনী অনুষ্ঠিত হলো গতকাল শনিবার শেরাটন হোটেলের বলরুমে। বাহুল্যবর্জিত সংক্ষিপ্ত অনুষ্ঠান। উপলক্ষ, প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার বিতরণ। এ বছর ষষ্ঠবারের মতো প্রথম আলো এই অনুষ্ঠানের আয়োজন করল। আগেই ঘোষণা করা হয়েছিল, ১৪১৫ বঙ্গাব্দের সৃজনশীল শাখায় সেরা বই নির্বাচিত হয়েছে অকালপ্রয়াত কথাশিল্পী শহীদুল জহিরের উপন্যাস আবু ইব্রাহীমের মৃত্যু। এটির প্রকাশক মাওলা ব্রাদার্স। মননশীল শাখায় বাংলা একাডেমী থেকে প্রকাশিত সাইমন জাকারিয়ার বাংলাদেশের লোকনাটক: বিষয় ও আঙ্গিক-বৈচিত্র্য সেরা বই নির্বাচিত হয়েছে।শীতের বিকেলে আমন্ত্রিত অতিথিদের খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রথম আলোর উপসম্পাদক সাজ্জাদ শরিফ অনুষ্ঠানের সূচনা করেন। তিনি জানান, ১৪১৫ সালের সেরা বই নির্বাচনের জন্য ২৮৮টি বই জমা পড়েছিল। এর মধ্য থেকে পাঁচ সদস্যের বিচারকমণ্ডলী ওই বই দুটিকে সেরা নির্বাচন করেছেন। প্রথম আলো ১৪১০ সাল থেকে মননশীল ও সৃজনশীল শাখায় দুটি বইকে সেরা বই হিসেবে নির্বাচন করে লেখকদের পুরস্কৃত করে আসছে। এরপর তিনি বই দুটির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন এবং লালনগীতি পরিবেশনের জন্য শিল্পী চন্দনা মজুমদারকে আহ্বান জানান। তিনি ‘খাঁচার ভিতর অচিন পাখি’ এবং ‘তিন পাগলের হলো মেলা’ গান দুটি গেয়ে শোনান।বিচারকমণ্ডলীর সভাপতি অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম; সঙ্গী চার বিচারক অধ্যাপক আহমদ রফিক, অধ্যাপক আকতার কামাল, অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস ও অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী এবং লেখক সাইমন জাকারিয়াকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন। সভাপতি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে প্রথম আলোর এই উদ্যোগের প্রশংসা ও লেখকদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘সেরা অভিধাটি সব দেশে, সব কালেই আপেক্ষিক। তবে বিচারের প্রয়োজনে একটি সেরা নির্বাচন করতেই হয়।’ বই দুটিকে আন্তরিকতার সঙ্গে বরণ করে নেওয়ার জন্য তিনি গ্রন্থানুরাগীদের প্রতি আহ্বান জানান।শহীদুল জহিরের উপন্যাস সম্পর্কে শংসাবচন পাঠ করেন আহমদ রফিক। লেখকের পক্ষে তাঁর ছোট ভাই হাবিবুল হক প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সভাপতির কাছ থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন। সাইমন জাকারিয়ার বই নিয়ে শংসাবচন পাঠ করেন বেগম আকতার কামাল। লেখক নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সভাপতি তাঁর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানের সমাপ্তি টেনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘সংবাদপত্র হিসেবে আমরা চাই, লেখকেরা, সেরা মানুষেরা আমাদের সঙ্গে থাকুন। তাঁদের আরও ব্যাপকভাবে সম্পৃক্ত করতে লেখক-পাঠক-প্রকাশকদের এই মিলন মেলা অব্যাহত থাকবে। এ ছাড়া আমরা প্রথমা প্রকাশনের মাধ্যমে তাঁদের বই প্রকাশ ও বিপণনের উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যেই শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার বিপণনকেন্দ্র চালু হয়েছে এবং অচিরেই চট্টগ্রামেও প্রথমার বিক্রয়কেন্দ্র খোলা হবে। এ ছাড়া এবার একুশের বইমেলাতেও প্রথমার স্টল থাকবে বলে আশা করি।’দেশের প্রথম সারির লেখকদের সঙ্গে নবীনেরাও অংশ নিয়েছিলেন অনুষ্ঠানে। ছিলেন প্রকাশকেরা। তাঁদের মধ্যে ছিলেন জিল্লুর রহমান সিদ্দিকী, মোজাফ্ফর আহমদ, কাইয়ুম চৌধুরী, সিরাজুল ইসলাম, সৈয়দ আবুল মকসুদ, আহমদ কবির, মুস্তাফা জামান আব্বাসী, হায়দার আকবর খান রনো, রামেন্দু মজুমদার, সুলতানা কামাল, মাহবুব তালুকদার, নির্মলেন্দু গুণ, সৈয়দ মনজুরুল ইসলাম, শরিফুদ্দিন আহমেদ, মোহাম্মদ নূরুল হুদা, আবুল হাসানাত, মাহিউদ্দিন আহমেদ, মালেকা বেগম, আলী রিয়াজ, মঈনুল আহসান সাবের, মঈনুস সুলতান, শরীফ খান, শাহীন আখতার, নাসরিন জাহান, লুভা নাহিদ চৌধুরী, আবিদ আনোয়ার প্রমুখ।আনুষ্ঠানিকতা শেষে পরস্পর কুশল বিনিময় করেন।আবু ইব্রাহীমের মৃত্যু: শহীদুল জহিরের এই উপন্যাস সম্পর্কে শংসাবচনে বলা হয়েছে, ‘এর কাহিনী গভীর ব্যঞ্জনাসমৃদ্ধ এক মানবিক অভিজ্ঞতার টীকা-ভাষ্য।’ প্রধান চরিত্র নৈতিক অবক্ষয়ের স্রোতে গা ভাসাতে অসম্মত এক সরকারি কর্মকর্তা। তাঁর স্ত্রী, কন্যা, সহকর্মী ও ঘুষদাতা ব্যবসায়ী পুরোনো বান্ধবী নিয়ে তাঁর জীবনযাপনের অভিজ্ঞতার যে তীব্র অভিঘাত, সেটিই উঠে এসেছে স্বল্প পরিসরের এই উপন্যাসে।বাংলাদেশের লোকনাটক: বিষয় ও আঙ্গিক-বৈচিত্র্য: বইটি সাইমন জাকারিয়ার দীর্ঘ ১৫ বছরের মাঠপর্যায়ের গবেষণার ফসল। লোকনাটকের বিষয়বস্তু, এর বিচিত্র ও বিস্ময়কর পরিবেশনরীতির তথ্য ও চিত্র বইটিকে প্রামাণ্য ও ঋদ্ধ দলিলে পরিণত করেছে।