ফেব্রুয়ারি দোরগোড়ায়। মহান রাষ্ট্রভাষা আন্দোলনের স্মৃতিজড়িত এই মাসটি বাংলাদেশের সৃজনশীল গ্রন্থ প্রকাশনার ভরা মৌসুমও। এরই প্রাক্কালে গতকাল মঙ্গলবার ১৪১৭ সনের ‘প্রথম আলো বর্ষসেরা বই’-এর পুরস্কার তুলে দেওয়া হলো লেখকদের হাতে।শীতের সন্ধ্যায় রূপসী বাংলা হোটেলের বলরুমে হূদয়ের প্রীতিতে উষ্ণ অনুষ্ঠানে মননশীল শাখায় কবিতা-অকবিতা রবীন্দ্রনাথ গ্রন্থের জন্য সনৎকুমার সাহা এবং সৃজনশীল শাখায় অপৌরুষেয় ১৯৭১ গ্রন্থের জন্য অদিতি ফাল্গুনীর হাতে তুলে দেওয়া হয় তাঁদের সম্মাননা স্মারক।পুরস্কার বিতরণীর এ অনুষ্ঠানটি পরিণত হয়েছিল দেশের প্রণিধানযোগ্য নবীন-প্রবীণ লেখক, প্রকাশক, শিল্পী ও সাহিত্যশিল্পের অনুরাগীদের সপ্রাণ সম্মিলনীতে।অনুষ্ঠানের শুরুতে সমাগত অতিথিদের স্বাগত জানিয়ে সে কথাই বলছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। পুরস্কারের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘এ নিয়ে অষ্টমবারের মতো প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার তুলে দেওয়া হচ্ছে লেখকদের হাতে। এবার মননশীল ও সৃজনশীল শাখায় প্রায় ৪০০ বই জমা পড়েছিল। বিচারকমণ্ডলী এর মধ্য থেকে যে দুটি বই নির্বাচন করেছেন, তা কাকতালীয়ভাবে হলেও গত বছর আমাদের জাতীয় জীবনের দুটি অন্যতম প্রধান ঘটনার সঙ্গে সংগতিপূর্ণ হয়ে উঠেছে। একটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী এবং অন্যটি স্বাধীনতার ৪০ বছর পূর্তি। ব্রিটিশ শাসনের অবসানের পর ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত বাঙালির আত্মপরিচয় অনুসন্ধানের কেন্দ্রভূমির অন্যতম ছিলেন রবীন্দ্রনাথ; অপরদিকে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে জাতির বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন। এ দুটি বিষয়কে কেন্দ্র করে লিখিত গ্রন্থ পুরস্কারের জন্য নির্বাচিত হওয়া এবার প্রথম আলোর এ উদ্যোগকে বিশেষ তাৎপর্যমণ্ডিত করেছে।’
বিচারকমণ্ডলীর সভাপতি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। সদস্যরা হলেন: অধ্যাপক হায়াৎ মামুদ, কবি বেলাল চৌধুরী, লেখক আবদুশ শাকুর ও অধ্যাপক বেগম আক্তার কামাল।অনুষ্ঠানটি ছিল দুটি পর্বে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’র রচনার ৯০ বছর পূর্ণ হলো। কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে জয়ন্ত চট্টোপাধ্যায়ের বিদ্রোহী আবৃত্তির মধ্য দিয়ে প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু। এরপর ছিল প্রথম আলোর ১৩ বছরের কার্যক্রমের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রের প্রদর্শনী, তারপর গান। শিল্পী অদিতি মহসিন গেয়ে শোনান রবীন্দ্রনাথের দুটি গান ‘আনন্দ ধারা বহিছে ভুবনে’ এবং ‘এত আলো জ্বালিয়েছ এই পবনে’। শিল্পী তিমির নন্দী পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’ এবং ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’। পুরস্কার বিতরণীর মূল পর্ব শুরু হয় বিচারকমণ্ডলীর সভাপতি আনিসুজ্জামানের বক্তব্য দিয়ে। তিনি নির্বাচিত গ্রন্থ দুটির ওপর সংক্ষেপে আলোকপাত করে বলেন, সনৎকুমার সাহার গ্রন্থের ১৩টি প্রবন্ধে রবীন্দ্রনাথ সম্পর্কে প্রচলিত ধারার ভাবনার বাইরে গিয়ে মূল্যায়ন করা হয়। অদিতি ফাল্গুনীর গল্পগ্রন্থে আছে সাতটি গল্প। এর মধ্যে যেমন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ঘটনা এসেছে, তেমনি আদিবাসী ও বিশ্বায়নের প্রেক্ষাপটে নাগরিক জীবনের সংকটও বিশেষ বাচনভঙ্গিতে উঠে এসেছে। বিচারকমণ্ডলীর এই সর্বসম্মত নির্বাচন পাঠকদের অনুমোদন লাভ করবে বলেই তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি লেখকদের হাতে ক্রেস্ট ও পুরস্কারের ৫০ হাজার টাকার চেক তুলে দেন। বিচারকমণ্ডলীর সদস্যরা লেখকদের উত্তরীয় পরিয়ে দেন।সনৎকুমার সাহার শংসাবচন পাঠ করেন বেগম আক্তার কামাল। এতে বলা হয়, ‘সময়-সমাজ-শাসিত মানবজীবন ও সভ্যতা-সংস্কৃতিতে রবীন্দ্রনাথকে পথের সাথি করে সামনের দিকে এগিয়ে চলার কথাই বলেন সনৎকুমার সাহা। গ্রন্থটি আমাদের নতুন করে ভাবায়, চেনায় চিরচেনা অথচ অচেনায় ঢাকা রবীন্দ্রনাথকে। তাঁর জন্মশতবর্ষে রচিত অসংখ্য গ্রন্থের মোট সংখ্যা এখনো নির্ণয় করা হয়নি। তবে এই গ্রন্থটি যে কয়েকটি প্রণিধানযোগ্য রচনার মধ্যে স্থান পাবে, এই প্রত্যাশা করা যায়।’প্রতিক্রিয়া জানিয়ে সনৎকুমার সাহা বলেন, ‘গতানুগতিক চিন্তায় রবীন্দ্রনাথকে আলোকবর্তিকা মনে করে এগিয়ে যাবার কথা এত বলা হয় যে তা ক্লিশে হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। অপরদিকে রবীন্দ্রনাথকে প্রত্যাখ্যান করারও প্রবণতা রয়েছে। এর পেছনে রয়েছে বিশেষ উসকানি। রবীন্দ্রনাথের চিন্তা সময়ের বাস্তবতার সঙ্গে যদি না সাযুজ্যপূর্ণ হয়, তবে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে পেছনে রেখে আমরা তাঁকে অতিক্রম করে যাব। কিন্তু সে জন্য রবীন্দ্রনাথের কাছে যেতে হবে। বিচার করতে হবে। তারপর সচেতনভাবেই তাঁকে অতিক্রম করতে হবে। আমার বইতে আমি সেই দিকটি নিয়েই বিচার-বিশ্লেষণের প্রয়াস পেয়েছি।’অদিতি ফাল্গুনীর গ্রন্থের শংসাবচন পড়েন হায়াৎ মামুদ। এতে বলা হয়, ‘গ্রন্থে সর্বমোট সাতটি রচনা সন্নিবদ্ধ হয়েছে। প্রতিটি গল্পই আবেগমন্দ্রিত ভাষায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কে চিত্রিত করে। বইয়ের রচনাসমূহ যেন আত্মত্রাণের পথ দেখায়। আমাদের মনে করিয়ে দেয়, কোনো কোনো প্রসঙ্গ বা বিষয় কখনো ভোলা চলবে না। অদিতি ফাল্গুনীর অপৌরুষেয় ১৯৭১ আমাদের সাম্প্রতিক কালের সাহিত্যে অবিস্মরণীয় এক গ্রন্থ বলে বিবেচিত হওয়ার দাবি রাখে।’প্রতিক্রিয়া জানিয়ে অদিতি ফাল্গুনী যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি করেন। বলেন, ‘স্বাধীনতার ৪০ বছর পরও যুদ্ধাপরাধীদের বিচার হয়নি, জেলহত্যার বিচার হয়নি, নারী নির্যাতন, অনমনীয় দারিদ্র্য দূর করা যাচ্ছে না। এসব রাজনীতির প্রসঙ্গ। লেখক হিসেবে আমি এসবকেই মহাকালের পরিসরে ছড়িয়ে দেওয়ার প্রয়াস পেয়েছি।’প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান লেখক-বিচারকমণ্ডলী ও সমবেত সুধীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘শত প্রতিকূলতার মধ্য দিয়েও বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। দেশের সেই অগ্রযাত্রার সহায়ক শক্তি হিসেবে প্রথম আলো তার নির্দিষ্ট ভূমিকা অব্যাহত রাখবেই। গত ১৩ বছরে প্রথম আলো সাংবাদিকতা, সমাজ ও জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়ে বিপুল পাঠকশ্রেণীর যে ভালোবাসা ও সমর্থন পেয়েছে, সেটিই তার প্রধান শক্তি। এর পাশাপাশি অনেকের বিরাগভাজন ও ঈর্ষাপ্রসূত অপপ্রচারেরও শিকার হতে হয়েছে। কিন্তু এসব প্রতিকূলতা কখনোই প্রথম আলোকে লক্ষ্যচ্যুত করতে পারবে না। পাঠককে সঙ্গে নিয়ে প্রথম আলো এগোবেই।’আনুষ্ঠানিকতার শেষে চা পানের আয়োজনটি হয়ে উঠেছিল লেখক-প্রকাশক-শিল্পী-ব্যবসায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সাহিত্য-শিল্পানুরাগীদের পারস্পরিক কুশল বিনিময় ও হার্দিক আলাপচারিতায় প্রাণবন্ত। তাঁদের মধ্যে ছিলেন: বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, অধ্যাপক মোশাররফ হোসেন, শিল্পী কাইয়ুম চৌধুরী, জামাল নজরুল ইসলাম, হাসান আজিজুল হক, দ্বিজেন শর্মা, আবদুল্লাহ আবু সায়ীদ, শামসুজ্জামান খান, গোলাম মুরশিদ, আমীন আহম্মেদ চৌধুরী, ইয়াসিন আলী চৌধুরী, হায়দার আকবর খান রনো, আহমদ কবীর, মাহমুদ শাহ কোরেশী, আবুল হাসনাত, মাহবুব তালুকদার, আবুল কাসেম ফজলুল হক, ওয়াসি আহমেদ, মহিউদ্দিন আহমেদ, ভীষ্মদেব চৌধুরী, দিলারা চৌধুরী, শাহীন আখতার, মইনুদ্দীন খালেদ, এম এম আকাশ, শিশির ভট্টাচার্য্য, ওয়াকিলুর রহমান, ঢালী আল মামুন, দিলারা বেগম জলিসহ অনেকে।