লেখক-পাঠকের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি ও বাংলা ভাষার লেখকদের এক মিলনমেলা বসেছিল রাজধানীর ব্রিটিশ কাউন্সিলে। ‘হে ফেস্টিভ্যাল’ নামের এই মেলায় যোগ দেন যুক্তরাজ্য ও বাংলাদেশের নবীন-প্রবীণ লেখক-পাঠকেরা।মেলা উপলক্ষে ব্রিটিশ কাউন্সিলের সবুজ চত্বর বাঁশ, বেত ও নানা রঙের ফুল দিয়ে সাজানো হয়। তৈরি করা হয় আকর্ষণীয় মঞ্চ। দিনভর চলে গল্প ও কবিতা পাঠ, সাহিত্য আলোচনা। সঙ্গে ছিল নাটক-আবৃত্তি, লালনের গান ও নাচ। আরও ছিল নানা অধিবেশন। সকালে মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। মেলার আয়োজক হে ফেস্টিভ্যাল ওয়ার্ল্ডওয়াইড ও ব্রিটিশ কাউন্সিল।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, বিশ্বের একটি বড় বইমেলা আয়োজন করার মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করেছে, বাংলাদেশ সাহিত্যের দিক থেকে অনেক সমৃদ্ধ। বাংলাদেশের সাহিত্যিকদের লেখা একদিন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে—এমন আশা প্রকাশ করেন তিনি। ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘যুক্তরাজ্য ও বাংলাদেশি লেখকদের এই মিলনে আমাদের লেখকদের মধ্যে নবচেতনার সৃষ্টি করবে। এই উৎসব খুলে দেবে এক নতুন দিগন্ত।’ হে ফেস্টিভ্যালের পরিচালক পিটার ফ্লোরেন্স, ব্রিটিশ কাউন্সিলের সাহিত্য বিভাগের পরিচালক সুজি নিকলিন উৎসবের প্রেক্ষাপট তুলে ধরেন। আয়োজকেরা জানান, যুক্তরাজ্যের লেখক ও সাহিত্যিকদের কার্যক্রম তুলে ধরতে ২০১০ সাল থেকে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে বৈরুত, বেলফাস্ট, ওয়েলস, নাইরোবি, মালদ্বীপ, কেরালাসহ বিভিন্ন শহরে এ মেলার আয়োজন করা হয়েছে।ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, বেসরকারি সংস্থা যাত্রিক ও কাতার এয়ারওয়েজ মেলা আয়োজনে পৃষ্ঠপোষকতা ও সহায়তা করেছে।আলোচনা পর্বে নানা দেশের লেখকদের অভিজ্ঞতা বিনিময়, অনুবাদের সমস্যা, পত্রিকার সাহিত্য বিভাগ সম্পাদনার সমস্যা, লেখক-পাঠক যোগাযোগ ইত্যাদি বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়।লেখকদের উপস্থিতিতেই তাঁদের বেশ কিছু বই মেলায় বিক্রি হয়। উৎসব সামনে রেখে লন্ডন-প্রবাসী লেখক তাহমিমা আনামের সম্প্রতিক উপন্যাস দ্য গুড মুসলিম-এর বাংলাদেশ সংস্করণ প্রকাশিত হয়েছে। প্রথমা প্রকাশনী বইটি প্রকাশ করেছে। এ উপলক্ষে লেখক তাহমিমা ‘মিট দ্য অথরস’ প্রাঙ্গণে বেশ কিছুক্ষণ কাটান এবং তাঁর বইতে স্বাক্ষর করেন। প্রখ্যাত ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ার, লেখক নিয়াজ জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, কথাশিল্পী সেলিনা হোসেন, ফখরুল আলম, সৈয়দ বদরুল আহসান, খাদেমুল ইসলাম প্রমুখ মেলায় যোগ দিয়ে লেখক-পাঠকদের সঙ্গে মতবিনিময় করেন।মঞ্চে কবিতা ও গল্প পড়ে শোনান কায়সার হক, সাজ্জাদ শরিফ, আনোয়ারা সৈয়দ হক, শাহীন আখতার, মুজতবা আহমেদ মুরশেদ, সাজিয়া ওমর, অরূপ সান্যাল প্রমুখ।বিশ্বের ২৩টি ভাষায় অনূদিত উপনাস দ্য গোল্ডেন এজ এবং সম্প্রতি প্রকাশিত দ্য গুড মুসলিম উপন্যাসের লেখক তাহমিমা আনাম তাঁর লেখালেখির প্রেরণা সম্পর্কে বলেন ‘একাত্তরের স্বাধীনতাযুদ্ধ আমার উপন্যাসের মূল প্রেরণা। যুদ্ধের ঘটনাপরম্পরায় মানবিক সম্পর্কগুলো আমি উপন্যাসের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’ উৎসবে তিনি সাহিত্যসমালোচক, লেখক ও পাঠকদের মুখোমুখি হন। তাঁর সঙ্গে এই অধিবেশনে যোগ দেন ব্রিটিশ ঔপন্যাসিক এন্ড্রু মিলার। তিনি ফরাসি বিপ্লবের ওপর লেখা তাঁর পুরে উপন্যাসের প্রেক্ষাপট তুলে ধরেন।ইউনিভার্সিটি অব লন্ডনের আমেরিকান সাহিত্য বিশেষজ্ঞ লর্না ব্র্যাডবুরির সঞ্চালনায় প্রশ্নোত্তরপর্বে একজন দর্শক প্রশ্ন করেন, ঐতিহাসিক ঘটনার কোন অংশ সাহিত্যিকের কাছে গুরুত্বপূর্ণ। উত্তরে তাহমিমা আনাম বলেন, ‘একাত্তর সালের ইতিহাসকে গণহত্যার প্রেক্ষাপটেও বিবেচনা করতে হবে, যেখানে একজন মুক্তিযোদ্ধার জীবন রক্ষার জন্য তাঁর মায়ের অক্লান্ত প্রচেষ্টা লেখক হিসেবে আমার কাছে গুরুত্বপূর্ণ।’