ফেব্রুয়ারি দোরগোড়ায়। মহান রাষ্ট্রভাষা আন্দোলনের স্মৃতিজড়িত এই মাসটি বাংলাদেশের সৃজনশীল গ্রন্থ প্রকাশনার ভরা মৌসুমও। এরই প্রাক্কালে আজ মঙ্গলবার ১৪১৭ সনের ‘প্রথম আলো বর্ষসেরা বই’-এর পুরস্কার তুলে দেওয়া হলো লেখকদের হাতে।শীতের সন্ধ্যায় রূপসী বাংলা হোটেলের বলরুমে হূদয়ের প্রীতিতে উষ্ণ অনুষ্ঠানে মননশীল শাখায় কবিতা-অকবিতা রবীন্দ্রনাথ গ্রন্থের জন্য সনত্কুমার সাহা এবং সৃজনশীল শাখায় অপৌরুষেয় ১৯৭১ গ্রন্থের জন্য অদিতি ফাল্গুনীর হাতে তুলে দেওয়া হয় তাঁদের সম্মাননা স্মারক।পুরস্কার বিতরণীর এ অনুষ্ঠানটি পরিণত হয়েছিল দেশের নবীন-প্রবীণ লেখক, প্রকাশক, শিল্পী ও সাহিত্য-শিল্পের অনুরাগীদের সপ্রাণ সম্মিলনীতে।অনুষ্ঠানের শুরুতে সমাগত অতিথিদের স্বাগত জানিয়ে সে কথাই বলছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। পুরস্কারের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এই নিয়ে অষ্টমবারের মতো প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার তুলে দেওয়া হচ্ছে লেখকদের হাতে। এবার মননশীল ও সৃজনশীল শাখায় প্রায় ৪০০ বই জমা পড়েছিল। বিচারকমণ্ডলী এর মধ্য থেকে যে দুটি বই নির্বাচন করেছেন, তা কাকতালীয়ভাবে হলেও গত বছর আমাদের জাতীয় জীবনের দুটি অন্যতম প্রধান ঘটনার সঙ্গে সংগতিপূর্ণ হয়ে উঠেছে। একটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী এবং অন্যটি স্বাধীনতার ৪০ বছর পূর্তি। ব্রিটিশ শাসনের অবসানের পর ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত বাঙালির আত্মপরিচয় অনুসন্ধানের কেন্দ্রভূমির অন্যতম ছিলেন রবীন্দ্রনাথ; অপর দিকে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে জাতির বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন। এ দুটি বিষয়কে কেন্দ্র করে লিখিত গ্রন্থ পুরস্কারের জন্য নির্বাচিত হওয়া এবার প্রথম আলোর এ উদ্যোগকে বিশেষ তাত্পর্যমণ্ডিত করেছে।
বিচারকমণ্ডলীর সভাপতি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। সদস্যরা হলেন অধ্যাপক হায়াত্ মামুদ, কবি বেলাল চৌধুরী, লেখক আবদুশ শাকুর ও অধ্যাপক বেগম আক্তার কামাল।অনুষ্ঠানটি ছিল দুই পর্বের। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’র রচনার ৯০ বছর পূর্ণ হলো। কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে জয়ন্ত চট্টোপাধ্যায়ের কণ্ঠে বিদ্রোহী কবিতার আবৃত্তির মধ্য দিয়ে প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এরপর ছিল প্রথম আলোর ১৩ বছরের কার্যক্রমের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রের প্রদর্শনী। তারপর গান। শিল্পী অদিতি মহসিন ও শিল্পী তিমির নন্দী গান গেয়ে শোনান।পুরস্কার বিতরণীর মূল পর্ব শুরু হয় বিচারকমণ্ডলীর সভাপতি আনিসুজ্জামানের বক্তব্য দিয়ে। তিনি নির্বাচিত গ্রন্থ দুটির ওপর সংক্ষেপে আলোকপাত করে বলেন, সনত্কুমার সাহার গ্রন্থের ১৩টি প্রবন্ধে রবীন্দ্রনাথ সম্পর্কে প্রচলিত ধারার ভাবনার বাইরে গিয়ে মূল্যায়ন করা হয়। অদিতি ফাল্গুনী গল্পগ্রন্থে আছে সাতটি গল্প। এর মধ্যে যেমন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ঘটনা এসেছে, তেমনি আদিবাসী ও বিশ্বায়নের প্রেক্ষাপটে নাগরিক জীবনের সংকটও বিশেষ বাচনভঙ্গিতে উঠে এসেছে। তিনি লেখকদের হাতে ক্রেস্ট ও পুরস্কারের ৫০ হাজার টাকার চেক তুলে দেন। বিচারকমণ্ডলীর সদস্যরা লেখকদের উত্তরীয় পরিয়ে দেন।প্রথম আলো সম্পাদক মতিউর রহমান লেখক-বিচারকমণ্ডলী ও সমবেত সুধীদের ধন্যবাদ জানিয়ে বলেন, শত প্রতিকূলতার মধ্য দিয়েও বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। দেশের সেই অগ্রযাত্রার সহায়ক শক্তি হিসেবে প্রথম আলো তার নির্ধারিত ভূমিকা অব্যাহত রাখবেই। গত ১৩ বছরে প্রথম আলোর সাংবাদিকতা, সমাজ ও জনকল্যাণমূলক কাজের মধ্যে দিয়ে বিপুল পাঠক শ্রেণীর যে ভালোবাসা ও সমর্থন পেয়েছে, সেটিই তার প্রধান শক্তি। এর পাশাপাশি অনেকের বিরাগভাজন ও ঈর্ষাপ্রসূত অপপ্রচারেরও শিকার হতে হয়েছে। কিন্তু এসব প্রতিকূলতা কখনই প্রথম আলোকে লক্ষ্যচ্যুত করতে পারবে না। পাঠককে সঙ্গে নিয়ে প্রথম আলো এগোবেই।আনুষ্ঠানিকতার শেষে চা-পানের আয়োজনটি হয়ে উঠেছিল লেখক-প্রকাশক-শিল্পী-ব্যবসায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সাহিত্য শিল্পানুরাগীদের পারস্পরিক কুশল-বিনিময় ও হার্দিক আলাপচারিতায় প্রাণবন্ত। তাঁদের মধ্যে ছিলেন সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, অধ্যাপক মোশাররফ হোসেন, শিল্পী কাইয়ুম চৌধুরী, জামাল নজরুল ইসলাম, হাসান আজিজুল হক, দ্বিজেন শর্মা, আবদুল্লাহ আবু সায়িদ, শামসুজ্জামান খান, গোলাম মুরশিদ, আমিন আহমেদ চৌধুরী, ইয়াসিন আলী চৌধুরী, হায়দার আকবর খান রনো, আহমদ কবীর, মাহমুদ শাহ কোরেশী, আবুল হাসানাত, মাহবুব তালুকদার, আবুল কাশেম ফজলুল হক, ভীষ্মদেব চৌধুরী, ওয়াসি আহমেদ, মহিউদ্দিন আহমেদ, দিলারা চৌধুরী, শাহিন আক্তার, মঈনুদ্দিন খালেদ, এম এম আকাশ, শিশির ভট্টাচার্য্য, ওয়াকিলুর রহমান, ঢালি আল মামুন, দিলারা বেগমসহ অনেকে।