লেখক মীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী মীম নাকি গল্প লিখেছেন! হ্যাঁ, ব্যাপারটা আগে কখনো প্রকাশ করেননি তিনি। চর্চাটা ছিল অনেকটা চুপিসারেই। অনেকের অগোচরে। মীম জানালেন, তাঁর লেখার চর্চা শুরু হয় স্কুলে পড়ার সময়। শুধুই গল্প লেখা। এর পরও লিখেছেন, সেটা শুটিংয়ের ফাঁকে। কিন্তু গত দুই মাসে লেখার পরিমাণটা তাঁর অনেক বেড়েছে। কারণ, গত ডিসেম্বরে হঠাৎ এক প্রকাশকের সঙ্গে কথা হয় মীমের। তিনি মীমের গল্পগুলো নিয়ে বই প্রকাশের আগ্রহ জানান। মীমও রাজি হয়ে যান। আজ মীমের লেখা গল্প নিয়ে বই বেরোচ্ছে। নাম শ্রাবণের বৃষ্টিতে ভেজা। প্রকাশ করেছে শব্দ প্রকাশনী। মীম বললেন, ‘ওই সময় আমরা ধানমন্ডিতে শুটিং করছিলাম। ওনারা এসেছিলেন মোশাররফ করিমের গল্প নিয়ে বই প্রকাশের জন্য। তারই ফাঁকে আমার সঙ্গেও কথা হয়। এরপর বইয়ের জন্য গল্পগুলো বাছাই করে ফেলি। কয়েকটা নতুন গল্পও লিখেছি। এত নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছি, কিন্তু বই প্রকাশের অনুভূতিটা একেবারেই অন্য রকম মনে হচ্ছে।’জানালেন, আজ নয়, তিনি বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় যাবেন ৭ ফেব্রুয়ারি।