লেখকদের জমানো আড্ডা
সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তিযোদ্ধা নামফলকের পাদদেশে গতকাল সকালে সমবেত হয়েছিলেন প্রবীণ ও তরুণ লেখকেরা। লিখতে গিয়ে জীবনের পরতে পরতে প্রবীণ লেখকদের বিভিন্ন বাধা অতিক্রমের গল্প যেমন শোনা গেল, তেমনি নবীনদের লেখক হয়ে ওঠার বিভিন্ন পরামর্শও দিলেন তাঁরা।চট্টগ্রামের অবসর সাংস্কৃতিক গোষ্ঠী ও ঢাকার বাংলাদেশ লিটারারি রিসোর্স সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত এই আড্ডায় মিলিত হয়েছিলেন অর্ধশতাধিক লেখক।আড্ডায় লেখকেরা তাঁদের প্রকাশিত বিভিন্ন বই নিয়ে যেমন কথা বললেন, তেমনি প্রবাসী লেখকেরা ব্যক্ত করেন দেশের প্রতি ভালোবাসার কথা। লেখকদের আড্ডা যাতে আরও বেশি বেশি হয়, সে কথাও বললেন তাঁরা।লেখকেরা বললেন, আড্ডা হতে হয় অনানুষ্ঠানিক, এখানে কোনো আনুষ্ঠানিকতা থাকবে না! চট্টগ্রাম থেকে আসা লেখক চিরু বাঙালী বললেন, ‘আমি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলাম, পাশাপাশি লেখার অভ্যাসও ছিল। দেশ স্বাধীন হওয়ার পর তাই যা-ই লিখেছি, তা সাহিত্য হওয়ার চেয়ে বুলেট হয়েছে বেশি!’ এ পর্যন্ত তিনি লিখেছেন ২২টি মুক্তিযুদ্ধবিষয়ক বই।ছড়াকার লুৎফর রহমান রিটন বললেন, ‘প্রবাসে থাকার সময়ে বারবার দেশের মাটি ও মানুষের কথা আমার মনে পড়েছে।’ লেখকদের আড্ডায় উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সামসুল আলম সাঈদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রধান সংগঠক কবি বেলাল মোহাম্মদ, সুব্রত বড়ুয়া, মোজাম্মেল হোসেন মঞ্জু, সঞ্জিত বণিক, শিল্পী মৃণালিনী চক্রবর্তী, কবি হাবিবুল্লাহ সিরাজী প্রমুখ।