লেখা খারাপ হওয়ায় নির্যাতন!
হাতের লেখা খারাপ ও খাতায় কাটাকাটি হওয়ার কারণে মায়মুনা আক্তার (১১) নামের এক ছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত শিশুটিকে নিয়ে তার পিতা আজিজুর রহমান আজ রোববার বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল হামিদ মিয়ার কার্যালয়ে এসে বিচার দাবি করেন।আহত ছাত্রীটি ব্র্যাক পরিচালিত উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া মনারটেক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। ওই বিদ্যালয়ের শিক্ষিকা আয়েশা আক্তার শিশুটিকে পেটান। এতে ওই শিক্ষার্থী মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়।ইউএনওর কার্যালয়ে বসে থাকা মায়মুনা আক্তার জানায়, সমাজবিজ্ঞান বিষয়ের ক্লাসের একটি প্রশ্নের উত্তর লিখে খাতা জমা দেওয়ার পর হাতের লেখা খারাপ হওয়ায় আয়েশা আপা তাকে বেত দিয়ে পেটাতে থাকেন। একসময় সে অজ্ঞান হয়ে পড়লে তাকে বিদ্যালয়ে সেবা দেওয়া হয়। মুখমণ্ডলের গুরুতর আঘাত নিয়ে বাড়িতে গেলে মায়মুনার অবস্থা দেখে উদ্বিগ্ন অভিভাবক তাকে প্রাথমিক চিকিত্সা দিয়ে ইউএনওর কার্যালয়ে নিয়ে আসেন।ইউএনও মোহাম্মদ আবদুল হামিদ মিয়া বলেন, শিশুটির ওপর নির্যাতন চালানোর ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে শিক্ষিকা আয়েশা আক্তার তাঁকে বলেছেন, অন্যকে মারতে গেলে বেতের অগ্রভাগ মায়মুনার মুখমণ্ডলে লাগে। তার ওই বক্তব্য বিশ্বাসযোগ্য মনে হয়নি। সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অভিভাবকেরা তা মেনে নেন বলে ইউএনও জানান।উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের ঈশ্বরগঞ্জ উপজেলার খালবলা বাজার কার্যালয়ের শাখা ব্যবস্থাপক মো. রহুল আমীন বলেন, ওই শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে।