লেখা হলো আরেকটি আইরিশ রূপকথা
ইংল্যান্ডকে সামনে পেলেই নাকি আইরিশদের শিরা-উপশিরায় অন্য রকম এক উত্তেজনার নাচন শুরু হয়ে যায়। ইংল্যান্ড-বধের উৎসব করবে এমন প্রস্তুতি নিয়েই বুঁদ হয়ে বসে থাকে আইরিশরা! দুদলের শক্তিতে আকাশ-পাতাল পার্থক্য। তার পরও ম্যাচের আগে উইলিয়াম পোর্টারফিল্ড বলেছিলেন, ‘আমরা জেতার জন্যই খেলব।’সেই অসাধ্যই সাধন করল আয়ারল্যান্ড। ওয়ানডে ক্রিকেটে যে আয়ারল্যান্ড এর আগে ৩২৫ রানের বেশি করেনি, বিশ্বকাপে যাদের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২৪৩/৭ (২০০৭ বিশ্বকাপে, বাংলাদেশের বিপক্ষে); সেই আয়ারল্যান্ড কাল উতরে গেল ৩২৮ রানের চ্যালেঞ্জ। কঠিনতম এক চ্যালেঞ্জ। বিশ্বকাপের প্রায় চার দশকের ইতিহাসে এত বেশি রান তাড়া করে জেতেনি আর কেউই। এর আগে তিন শর বেশি রান তাড়া করে জেতার নজিরই ছিল মাত্র দুটি। সেই অসাধ্য আইরিশরা সাধন করল ৩ উইকেট আর ৫ বল হাতে রেখে।মহাকাব্যিক এই জয়ের নায়ক কেভিন ও’ব্রায়েন। কাল ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। মাত্র ৬৩টি বলে ১৩টি চার ও ৬ ছক্কায় খেলা তাঁর ১১৩ রানের ইনিংসটিই আইরিশদের ইতিহাসে স্মরণীয়তম জয়টি এনে দিয়েছে।গত বিশ্বকাপে পাকিস্তান আর বাংলাদেশ-বধ করেছিল আইরিশরা। টাই করেছিল জিম্বাবুয়ের সঙ্গে। এবার প্রথম ম্যাচেও কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশকে। আর কাল তো প্রতিবেশী ‘বড়’ ভাই ইংলিশদের অহংবোধই চুরমার করে দিল তারা। অথচ ৮ উইকেটে ৩২৭ রান করার পরই তৃপ্তির ঢেঁকুর তুলতে শুরু করেছিল ইংল্যান্ড।করারই কথা। রান তাড়া করার নতুন রেকর্ডের চ্যালেঞ্জ মাথায় নিয়ে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড প্রথম বলেই হারিয়ে ফেলেছিল তাদের অধিনায়ক পোর্টারফিল্ডকে। সেখান থেকে পল স্টার্লিং আর গতবার এই ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলা এড জয়েসের ৬২ রানের জুটি। কিন্তু এর পর ৪৯ রানের ব্যবধানে তারা হারিয়ে ফেলে চারটি উইকেট। ইনিংসের মাঝপথে ৫ উইকেটে তাদের স্কোর ১১১। জয়ের প্রহর গুনছে ইংল্যান্ড।কিন্তু উইকেটে তখন কেভিন। শুরু হলো তাঁর ঝড়। মাত্র ১৭.১ ওভারে ষষ্ঠ উইকেটে এল ১৬২ রান। ওভারপিছু প্রায় ১০ করে রান তুলল কেভিন-কুসাকের এই জুটি। এর মধ্যে ব্যাটিং পাওয়ার প্লের ৫ ওভারে এল ৬২ রান। ম্যাচের গতিপথ ঘুরিয়ে দিল সেটিই। ৪২তম ওভারের তৃতীয় বলে কুসাক আউট হলেন যখন, আইরিশদের জয় হাতের নাগালে। শেষ ৮ ওভারে চাই ৫৩ রান। হাতে আছে ৪ উইকেট। সবচেয়ে বড় কথা, কেভিন তখনো আছেন। খানিক পরে কেভিনও বিদায় নিয়েছেন ঝুঁকিপূর্ণ রান নিতে গিয়ে। তবে জন মুনির অপরাজিত ৩৩ তাদের পৌঁছে দিয়েছে জয়ের বন্দরে। মুনির সঙ্গে ছিলেন গত বিশ্বকাপের অধিনায়ক ট্রেন্ট জনস্টন।টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড তাদের সুদূরতম কল্পনাতেও নিশ্চয়ই ভাবেনি এই ফলাফল। স্ট্রাউস আর পিটারসেন মিলে এনে দিয়েছিলেন ৯১ রানের জুটি। সেই জুটিতে ভর করে বড় সংগ্রহের দিকে এগিয়ে গেছে ইংল্যান্ড। এর মধ্যে তৃতীয় উইকেটে বেল-ট্রট মিলে তুলেছেন ১৬৭ রান। বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি থেকে মাত্র আট রান দূরে থাকতে আউট হয়েছেন ট্রট। তবে এর আগে সবচেয়ে কম ইনিংসে প্রথম এক হাজার রানের রেকর্ডে ভাগ বসিয়েছেন। বেলও সেঞ্চুরি পাননি, আউট হয়েছেন ৮১ রানে। তবে ম্যাচ শেষে সেঞ্চুরি না-পাওয়ার দুঃখে নয়, দুজনই পুড়েছেন পরাজয়ের গ্লানিতে। এই পরাজয় যে অবিশ্বাস্য!আইরিশদের কাছে অবিশ্বাস্য এই জয়ও। ম্যাচ সেরা পুরস্কার হাতে নিয়ে ও’ব্রায়েন ভাইদের ছোটজন বলেছেন, ‘বিশ্বাস করতে পারছি না। আমি আসলে ভাষাই খুঁজে পাচ্ছি না।’ ৯১ রানে দাঁড়িয়ে একবার জীবন ফিরে পান। পল কলিংউডের বলে লংঅফে তাঁর ক্যাচ ফেলে দেন ইংল্যান্ড অধিনায়ক স্ট্রাউস। কেভিন ও’ব্রায়েন তাই ভাগ্যের কাছে কৃতজ্ঞ, ‘কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছি। সবকিছু আমার পক্ষে যাচ্ছিল বলেই ইনিংসটা খেলতে পেরেছি।’ভাগ্য তো বীরদেরই পক্ষে যায় কেভিন!