লেখাপড়ার মানোন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘লেখাপড়ার মানোন্নয়নে তাঁর সরকার সব ধরনের সহযোগিতা করবে। এবারের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। এ জন্য শিক্ষকদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। আমরা ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ জন্য একটি সুশিক্ষিত জাতি দরকার।’ উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের আরও মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমরা আগামী দিনে দেশের কান্ডারি। তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তোমাদের মধ্যে যারা ভালো ফল করেনি, তাদের হতাশ হলে চলবে না।তিনি আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে ও সিলেটের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ৫৭ দিনের মধ্যে ফল ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেন।গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ মিলনায়তন থেকে গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। পাঁচ শতাধিক ছাত্র, শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।