‘আমার শুরুটা হয়েছিল চুয়াডাঙ্গা অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের মধ্য দিয়ে। অনেক বছর পর রূপান্তরের মানুষ ধারাবাহিকে কাজ করতে এসে ওই দিনগুলোর কথা খুব মনে পড়েছে।’ বললেন নাজনীন চুমকি। এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে নাটকটি। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন কাজী শাহিদুল ইসলাম। কথা হলো চুমকির সঙ্গে।‘রূপান্তরের মানুষ’ ধারাবাহিকের কথা বলুন।আমি তো মঞ্চের মেয়ে। চুয়াডাঙ্গা থেকে ঢাকায় এসে যোগ দিয়েছিলাম দেশ থিয়েটারে। এখন সাধনার হয়ে সীতার অগ্নিপরীক্ষা নাটকে একক অভিনয় করছি। মঞ্চের কাজের প্রতি আমার যথেষ্ট দুর্বলতা রয়েছে। রূপান্তরের মানুষ ধারাবাহিকে আমরা যাঁরা কাজ করেছি, তাঁদের অনেকেই মঞ্চ থেকে এসেছি। তাই শুটিংয়ের সময় চমৎকার পরিবেশ তৈরি হতো।মাছরাঙা টিভিতে এখন ‘সাত সওদাগর’ ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে।এই নাটকের সেটে যাওয়ার পর আমি আর চুমকি থাকি না, হয়ে যাই ‘চিনিখালা’, নাটকে আমার চরিত্রটির নাম। সবাই আমাকে এই নামেই ডাকে। আমিও ব্যাপারটি দারুণ উপভোগ করি।দেশ টিভির ‘আমরা দুজন দেখতে কেমন’ অনুষ্ঠানটি উপস্থাপনা করতে কেমন লাগছে?দারুণ। যমজদের নিয়ে অনুষ্ঠান হবে, দর্শকদের কাছে আদৌ ভালো লাগবে কি না—শুরুতে এমনি ভাবনা তো ছিলই। কিন্তু এখন দেখছি পুরো উল্টো। সবার ভীষণ আগ্রহ। সম্প্রতি দুজন মুক্তিযোদ্ধা এসেছিলেন। তাঁদের সঙ্গে ওই মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকবে।আর কী করছেন?অভিনয়ের চেয়ে এখন লেখালেখি নিয়েই বেশি ব্যস্ত। নাটক লিখছি—এক ঘণ্টার, ধারাবাহিক। অনেকগুলো এরই মধ্যে প্রচারিত হয়েছে।