লেখালেখির কারণে ব্লগার সানিউরের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখালেখির কারণেই ব্লগার সানিউর রহমানকে আক্রমণ করা হয়েছিল বলে পুলিশ মনে করছে। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সানিউর অজ্ঞাত দুই ব্যক্তি তাঁকে হামলা করেছে উল্লেখ করে পল্লবী থানায় মামলা করেন। গত বৃহস্পতিবার রাতে পল্লবীতে দুর্বৃত্তরা ছুরি মেরে ও চাপাতি দিয়ে কুপিয়ে সানিউরকে আহত করে। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সানিউর রহমান সাংবাদিকদের বলেন, অনেক দিন ধরে তিনি ফেসবুকে ও সামহোয়ারইন ব্লগে লিখতেন। দু-তিন দিন ধরে তাঁর মুঠোফোনে হুমকি দিয়ে বলা হচ্ছিল, ‘তুই কই থাকিস, কই যাস, কী করিস না করিস—সব আমরা জানি। তোর খবর আছে।’ তবে তাদের মুঠোফোন নম্বর তিনি সংরক্ষণ করেননি। ব্লগে কী ধরনের লেখা লিখতেন, তা নিয়ে কোনো কথা বলতে চাননি সানিউর।ঘটনার বর্ণনা দিয়ে সানিউর জানান, বৃহস্পতিবার রাতে তিনি শ্বশুরের বাসা পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে যাওয়ার উদ্দেশে নাখালপাড়া থেকে বাসে ওঠেন। বাস থেকে তিনি পূরবী সিনেমা হলের সামনে নামেন। এ সময় পাঞ্জাবি পরা দুই যুবক পিছু নিলে তিনি পাশের গলিতে ঢোকেন। তখন তারা পিছু পিছু এসে ছুরি ও চাপাতি দিয়ে তাঁকে চারটি আঘাত করে। সানিউর বলেন, তিনি কারওয়ান বাজারের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রযুক্তি প্রকৌশলী। তিনি শাহবাগ আন্দোলনের সঙ্গে যুক্ত নন। পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে শ্বশুরের বাসায় থাকেন। তবে তাঁর স্ত্রী আফিয়া ইসলাম গতকাল প্রথম আলোকে জানান, সানিউর কয়েক বছর সৌদি আরব থাকার পর ২০০৮ সালে দেশে ফেরেন। বর্তমানে তিনি তাঁর মায়ের বাসা নাখালপাড়ায় থাকেন। এদিকে পল্লবী থানা সূত্র বলেছে, সানিউর ও তাঁর পরিবারের সদস্যরা ‘অসংলগ্ন’ কথা বলছেন, যাতে পুলিশ বিভ্রান্তিতে পড়েছে। সূত্র জানায়, আহত হওয়ার পর সানিউর পুলিশকে বলেছিলেন, তিনি শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনে যুক্ত ছিলেন। অথচ পরে আবার বলেন, তিনি গণজাগরণ মঞ্চে কয়েক দিন গেছেন মাত্র। তিনি কোনো দল বা সংগঠনের সঙ্গে যুক্ত নন। এ নিয়ে সানিউরের সঙ্গে মুঠোফোনে কথা বলতে চাইলে ফোন ধরে তাঁর বন্ধু পরিচয়ে একজন বলেন, অসুস্থতার কারণে সানিউর কথা বলতে পারছেন না। পুলিশের কাফরুল-পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার মো. কামাল হোসেন জানান, মনে হয়, তাঁর ভিন্নমতের ব্যক্তিরাই এই হামলা চালিয়েছে। তদন্ত শেষে এ ব্যাপারে নিশ্চিত করে বলা যাবে।