লেখালেখির কারণে হত্যা করা হয়েছে রাজীবকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যায় গতকাল রোববার পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সূত্র মেলেনি বলে জানিয়েছেন তদন্তকারীরা। তবে পুলিশ কর্মকর্তারা বলেছেন, হত্যার ধরনটি একটি বিশেষ গোষ্ঠীর ইঙ্গিত বহন করে। তদন্তে এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে গতকাল গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায় আরেকবার জানাজার পর রাজীবকে দাফন করা হয়েছে।পুলিশ কর্মকর্তাদের জোরালো ধারণা, ব্লগার রাজীবের মতাদর্শ ও লেখালেখির কারণেই তাঁকে খুন করা হয়েছে। তাঁরা এখন রাজীবের ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করছেন। রাজীবের মিরপুরের বাসায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে চলমান আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী রাজীব হায়দারের লাশ গত শুক্রবার রাতে মিরপুরের বাসার সীমানা দেওয়ালের পাশ থেকে উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তারা বলছেন, এর আগে ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেখক অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর হামলার ধরনের সঙ্গে এই হামলার অনেক মিল রয়েছে। চলতি বছরের ১৪ জানুয়ারি একই রকম হামলা হয়েছে আরেক ব্লগার আসিফ মহিউদ্দীনের ওপরও। সবগুলো ক্ষেত্রেই নিঃশব্দে খুব অল্প সময়ের মধ্যে চাপাতি দিয়ে মাথায়-মুখে আঘাত করে পালিয়ে গেছে হামলাকারীরা। পুরো বিষয়টি খুবই পরিকল্পিত।একজন পুলিশ কর্মকর্তা বলেন, রাজীব যে ছিনতাইয়ের শিকার হননি তা স্পষ্ট। এখন তাঁর ব্যক্তিগত বিরোধগুলো খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত তেমন কিছুই মেলেনি। ওই কর্মকর্তার মতে, রাজীবকে চাপাতি দিয়ে বিশেষ কায়দায় হত্যা করে রাস্তায় ফেলে রেখে খুনিরা স্পষ্টতই একটা বার্তা দিয়ে গেছে। যেমনটি হয়েছিল অধ্যাপক হুমায়ুন আজাদের ক্ষেত্রে। এ কারণে পুলিশ রাজীবের লেখাগুলো খতিয়ে দেখেছে।ওই পুলিশ কর্মকর্তা বলেন, জামায়াত-শিবির, রাজাকার, মুক্তিযুদ্ধবিরোধী ও ধর্ম ব্যবসায়ীসহ বিভিন্ন বিষয়ে ব্লগে ও ফেসবুকে রাজীবের প্রচুর লেখা রয়েছে। মনে হচ্ছে, রাজীবের আদর্শগত অবস্থান ও লেখালেখির কারণেই তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকারী কে বা কারা এ বিষয়ে এখনো পুরোপুরি অন্ধকারে পুলিশ।পুলিশ রাজীবের ফোনসহ অন্যান্য মাধ্যমে যোগাযোগ, তাঁর চলাফেরা ইত্যাদি খতিয়ে দেখছে। হত্যাকাণ্ডের পরে অন্যদের প্রতিক্রিয়াও আমলে নেওয়া হচ্ছে।গতকাল বিকেলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, ব্লগে রাজীবের লেখালেখি নিয়ে তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডটি এসবের কারণে হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আরও কিছু বিষয়ে নজর দেওয়া হচ্ছে। রাজীবের স্ত্রীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখনো এ ঘটনায় কেউ গ্রেপ্তার হননি। শনিবার রাতে মামলার তদন্তভার পেয়েছে ডিবি।বৃষ্টিভেজা শেষ বিদায়: গাজীপুর প্রতিনিধি জানান, গতকাল সকাল থেকেই অপেক্ষা করছিলেন কাপাসিয়ার মানুষ। সকাল সাড়ে নয়টার দিকে কাপাসিয়া বাসস্ট্যান্ডের কাছে রাজীবদের বাড়িতে পৌঁছায় লাশবাহী অ্যাম্বুলেন্স। ওঠে কান্নার রোল। বাসস্ট্যান্ডের কাপাসিয়া মেডিকেল সেন্টারের সামনে অ্যাম্বুলেন্সটি রাখা হয়। এ সময় স্থানীয় মানুষ ও জনপ্রতিনিধিরা ফুল দিয়ে মরদেহে শ্রদ্ধা জানান। রাজীবের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। রাজীবের বাবা নাজিম উদ্দিন এ সময় বলেন, ‘যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লেখালেখির কারণে তাঁকে প্রাণ হারাতে হয়েছে।’ গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাংসদ সিমিন হোসেন রিমি বলেন, ‘সারা বাংলাদেশে রাজীব এখন আর এক পরিবারে সীমাবদ্ধ নয়। রাজীব বাংলাদেশের মানুষের নবজাগরণের প্রতীক।’এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসী কালো ব্যাজ ধারণ এবং বাড়ি ও দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করেন।বেলা আড়াইটায় কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে রাজীবের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে রাজধানীর শাহবাগ ও মিরপুরে দুটি জানাজা হয়। কাপাসিয়ায় গতকাল গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে হাজারো মানুষ জানাজায় শরিক হন। বিকেল সোয়া পাঁচটার দিকে রাজীবের গ্রামের বাড়ি সৈয়দপুরের পাশের গ্রাম সরসপুরে অবস্থিত পারিবারিক কবরস্থানের পাশে চতুর্থ জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।