লেখিকা ইয়ানা গুপ্ত
‘বাবুজি যারা ধীরে চলো’—এই একটি গানে অংশ নিয়েই রাতারাতি পরিচিতি পেয়ে যান বলিউডের অভিনেত্রী ইয়ানা গুপ্ত। চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ না পেলেও আইটেম গান মানেই ইয়ানার সরব উপস্থিতি। আইটেম গানে খোলামেলা উপস্থিতির জন্য নিন্দুকের কথাও হজম করতে হয়েছে তাঁকে। এবার সেই বিতর্কিত অভিনেত্রী সম্পর্ক টিকিয়ে রাখার কৌশল শেখাতে আসছেন। কীভাবে জীবনে ভারসাম্য আনতে হয় এবং ভালোবাসতে হয়, সেটাই শিখাবেন তিনি। তবে টেলিভিশনের পর্দায় নয়। বিতর্কিত এই অভিনেত্রী সম্পর্ক টিকিয়ে রাখার কৌশল নিয়ে একটি বই লেখার সিদ্ধান্ত নিয়েছেন।জানা গেছে, বইটির মাধ্যমে ইয়ানা তাঁর ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগাভাগি করবেন।হঠাত্ বই লেখার প্রতি আগ্রহী হওয়ার কারণ হিসেবে ইয়ানা বলেছেন, ‘নিজের শরীরের ফিটনেস ধরে রাখতে গিয়ে আমাকে খাবারের ওপর নিয়ন্ত্রণ আনতে হয়েছিল। এদিকে এই খাবার নিয়ন্ত্রণ করতে গিয়েই শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হই আমি। পরে স্বাস্থ্য উদ্ধারের জন্য আমাকে কিছুদিন বৌদ্ধ উপাসনালয়েও কাটাতে হয়েছে। আমার বইটিতে এসব কিছুই তুলে ধরেছি।’ইয়ানা আরও বলেন, ‘আমি সব সময় সুস্বাস্থ্যের পূজারি। আর এ জন্য পুষ্টি, ব্যায়ামসহ নানা ধরনের কোর্সও করেছি। এসব কিছুর অভিজ্ঞতা তুলে ধরেছি আমার বইয়ে। এখন এগুলো আমি সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই।’খুব শিগগিরই নতুন আরেকটি আইটেম গানের শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন ইয়ানা গুপ্ত। অবশ্য এখনো পর্যন্ত নাম চূড়ান্ত হয়নি ছবিটির।